Bangladesh · 2026-11-25 00:19:46

প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল

প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় পুয়ের্তো রিকোতে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মিস ইউনিভার্স সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে বিতর্কে জড়িয়েছে। জেনে নেওয়া যাক এমন একটি ঘটনা, যা পুরো প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।
ঘটনাটি ২০২৩ সালের। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, প্রতিযোগিতার আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। শুধু তা-ই নয়, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি তাঁদের আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল। কক্ষটিতে উপস্থিত ছিলেন পুরুষসহ অনেক মানুষ। তাঁদের কেউ কেউ এ ঘটনার ছবি তুলেছিলেন বলেও অভিযোগ করেন প্রতিযোগীরা।
সৌন্দর্য প্রতিযোগিতার নামে এমন অভিজ্ঞতা শুধু প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদায় আঘাত করেনি, প্রশ্ন তুলেছিল পুরো আয়োজনের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। পুলিশের কাছে অভিযোগ করেন প্রতিযোগীরা। আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষও। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক সংস্থাটি। পরে এ ঘটনায় একজন আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয়।
প্রতিযোগিতার তালিকায় ছিল না ‘বডি চেক’
২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা। উদ্দেশ্য ছিল, ওই বছরের আন্তর্জাতিক মিস ইউনিভার্স আসরে ইন্দোনেশিয়ার প্রতিনিধিকে নির্বাচন করা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মাত্র দুই দিন আগে, ১ আগস্ট ঘটে বিতর্কিত ঘটনাটি।
প্রতিযোগীদের অভিযোগ, তাঁদের জানানো হয়েছিল, শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু আছে কি না, তা পরীক্ষা করা হবে। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীদের শরীরের এমন পরীক্ষা কেন প্রয়োজন, তা নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন ছিল। এর ওপর বিষয়টি প্রতিযোগিতার আনুষ্ঠানিক কর্মসূচির অংশও ছিল না।
অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, অন্তত কয়েকজন প্রতিযোগীকে একটি হোটেলের বলরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অন্তর্বাস পর্যন্ত খুলতে বলা হয়। কক্ষে উপস্থিত ছিলেন প্রায় দুই ডজন মানুষ, তাঁদের মধ্যে পুরুষও ছিলেন। পাঁচজন প্রতিযোগী অভিযোগ করেন, তাঁদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল।
এক প্রতিযোগী জানান, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হঠাৎ করে পোশাক খুলতে বলা হলে তিনি হতভম্ব হয়ে পড়েন। কিন্তু আয়োজকদের নির্দেশের মুখে আপত্তি জানানোও সহজ ছিল না। আরেক প্রতিযোগীর অভিযোগ, তাঁকে এমন কিছু ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল, যা তাঁর কাছে ছিল অত্যন্ত অপমানজনক।
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, প্রতিযোগিতার আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। রয়টার্স ফাইল ছবি প্রতিযোগীদের ভাষ্য, শরীরের দাগ বা সেলুলাইট পরীক্ষা করার কথা বলে তাঁদের এমন পরিস্থিতিতে ফেলা হয়েছিল, যেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাঁদের অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগও ছিল।
ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে আইনজীবী মেলিসা বলেন, যে প্রতিযোগিতা নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ানোর কথা, সেখানে নারীদেরই বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে।
পুলিশের দ্বারস্থ প্রতিযোগীরা
ঘটনার পর চুপ থাকেননি প্রতিযোগীরা। ২০২৩ সালের আগস্টে একের পর এক নারী পুলিশের কাছে অভিযোগ জানান। প্রথম দিকে ছয়জনের অভিযোগের খবর প্রকাশিত হয়। পরে অভিযোগকারীর সংখ্যা আরও বাড়ে। দ্য জাকার্তা পোস্ট জানায়, আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
অভিযোগে বলা হয়, আয়োজকেরা তাঁদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন এবং অনুমতি ছাড়া ছবি তুলেছেন। বিষয়টি ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি ওঠে।
জাকার্তা পুলিশ তদন্ত শুরু করে। হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অভিযোগকারীদের বক্তব্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনার কারণে কয়েকজন নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের মনঃসামাজিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়।
‘মিস ইউনিভার্স’, আবেদনময়ী তারকা থেকে বিতর্ক, বারবার ফিরেছেন নেহাইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশনও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। সংস্থাটির বক্তব্য ছিল, প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঝুঁকি হিসেবে যৌন হয়রানিকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। অভিযোগকারীদের সাহসের সঙ্গে সামনে আসার প্রশংসা করে তাঁদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিযোগীদের নিয়ে নেতিবাচক মন্তব্য ও সাইবার বুলিং শুরু হয়। কেউ কেউ দাবি করেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলে এমন পরীক্ষা মেনে নিতে হয়। কিন্তু ইন্দোনেশিয়ার নারী কমিশন এই যুক্তির বিরোধিতা করে জানায়, কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে নিজের শরীর ও ব্যক্তিগত মর্যাদার ওপর অন্যের অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া নয়।
আয়োজক পপি কাপেলার অস্বীকার
অভিযোগের কেন্দ্রে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া। প্রতিষ্ঠানটির জাতীয় পরিচালক ও লাইসেন্সধারী পপি কাপেলা অবশ্য অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কাউকে এ ধরনের পরীক্ষা করতে নির্দেশ দেননি, অনুমতিও দেননি। যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথাও জানান তিনি।
২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করেন।
আদালতের রায়ে তাঁকে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় উঠে আসে, প্রতিযোগীদের অনুমতি ছাড়া তাঁদের শরীরের ছবি তোলা হয়েছিল। চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে সংরক্ষিত ছিল বলে বিচারিক নথিতে উল্লেখ করা হয়।
এপি ও রয়টার্স অবলম্বনে

Source - www.prothomalo.com ↗