Bangladesh · 2026-11-25 08:00:00

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স: বর্তমান পরিস্থিতি ও করণীয়

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স: বর্তমান পরিস্থিতি ও করণীয়
বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম) এর উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর ২০২৬ ঢাকার প্রথম আলো কার্যালয়ে। সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মা ও ল্যাব সলিউশন। বৈঠকের প্রচার সহযোগী প্রথম আলো।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মনিরুল হক
সহসভাপতি, বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম)
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় আমাদের সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণের সঙ্গে এএমআর প্রতিরোধের গভীর সম্পর্ক রয়েছে। হাসপাতালে কার্যকর হাতের পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
এএমআরের কারণে অনেক মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে। এসব মৃত্যু গভীর বেদনার। এর একটি কারণ চিকিৎসসের অনুমতি ছাড়াই মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক বিক্রিকে দায়ী করতে হয়। কবে এই চর্চা বন্ধ হবে, সেটি আমাদের ভাবনার বিষয়। ওষুধের গুণগত মান নিশ্চিত না করা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অডিট, প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং কার্যকর নীতিমালা জরুরি।
একই সঙ্গে ডায়াগনস্টিক স্টুয়ার্ডশিপ, কালচার ও সেনসিটিভিটি পরীক্ষার মান উন্নয়ন, যথাসময়ে রিপোর্ট প্রদান এবং হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োগ্রাম তৈরি করতে হবে। রোগীর প্রয়োজনে ২৪ ঘণ্টা মাইক্রোবায়োলজি সেবা চালু রাখাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি সক্রিয় ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) কমিটি গঠন, গবেষণার প্রসার, মলিকিউলার ডায়াগনোসিস এবং টিকাদান কর্মসূচিতে গুরুত্ব দিতে হবে।
এএমআর নিয়ন্ত্রণে মানবস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও পরিবেশ—তিনটি খাতের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আমরা আশা করি, সরকার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এসব সুপারিশ বিবেচনা করে কার্যকর উদ্যোগ নেবে।
অধ্যাপক ডা. নাইমা মোয়াযযাম
সাবেক বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ
বিশ্বজুড়ে এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। একের পর এক নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আসছে, কিন্তু জীবাণুর প্রতিরোধক্ষমতার কারণে সেগুলোও অকার্যকর হয়ে পড়ছে। বিকল্প চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চলছে। তবে শুধু অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজলেই হবে না, এর অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারও বন্ধ করতে হবে।
এএমআর এখন শুধু মানবস্বাস্থ্যের বিষয় নয়। প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যও এর সঙ্গে জড়িত। তাই আমাদের ওয়ান হেলথ বা সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার ধারণা নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট, টিকাদানসংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশবিদসহ সব খাতের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন জরুরি।
পাশাপাশি পরীক্ষাগারগুলোর মান নিশ্চিত করতে হবে। বড় ল্যাবগুলোয় মান নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং ছোট ল্যাবগুলোর জন্য জেলাভিত্তিক রেফারেন্স ল্যাব গড়ে তোলা প্রয়োজন।
অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি বন্ধসহ কোনো উদ্যোগই এক দিনে বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। চিকিৎসক ও পরীক্ষাগারের বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত আলোচনা ও পারস্পরিক আস্থা বাড়াতে হবে। রোগীর সর্বোত্তম চিকিৎসাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টসের এই উদ্যোগ
যেন এক দিনের আয়োজন হয়ে না থাকে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।
ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম
অধ্যাপক, ইউরোলোজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিএনপি
এএমআর মোকাবিলায় শুধু আলোচনা, সভা বা অঙ্গীকার যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও তার যথাযথ বাস্তবায়ন। আলোচনার সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে সরকারের সঙ্গে এসব বিষয়ে কার্যকর যোগাযোগ জরুরি। কারণ, আলোচনা বাস্তবে রূপ দেওয়ার মূল দায়িত্ব সরকারের।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এখন আমাদের জনগণ ও চিকিৎসকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। একজন চিকিৎসক ও সার্জন হিসেবে এ বিষয়ে আমাদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সত্য কথা বলতে হবে, এ ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
এ ক্ষেত্রে গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে। গণমাধ্যম মানুষকে সচেতন করে, ভুলত্রুটি তুলে ধরে এবং দায়িত্বশীলদের জবাবদিহির মধ্যে রাখে। এএমআর প্রতিরোধে সাধারণ মানুষ, চিকিৎসক ও সমাজের সবাইকে সম্পৃক্ত করতে হবে।
সরকারও এ বিষয়ে আন্তরিক। তাই সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা শুধু অঙ্গীকার করে থেমে থাকতে চাই না; বাস্তবে কাজ করতে চাই। এএমআর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
আমার অবস্থান থেকে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টসের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতা করব।
অধ্যাপক ডা. আবদুল্লাহ ইউসুফ
বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ সাধারণ সম্পাদক, বিএসএমএম
দ্রুত জীবাণু শনাক্তকরণ ও কার্যকর অ্যান্টিবায়োটিক নির্ধারণের মাধ্যমে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এ জন্য মাইক্রোবায়োলজিস্ট ও চিকিৎসকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বিতভাবে কাজ করতে হবে। যত দ্রুত পরীক্ষার ফল চিকিৎসকদের জানাতে পারব, রোগীর চিকিৎসা তত দ্রুত শুরু করা সম্ভব হবে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের জানানো এবং আলোচনা করার চর্চা গড়ে তুলতে হবে।
আমাদের পরীক্ষাগারগুলোরও উন্নয়ন প্রয়োজন। এখন এমন আধুনিক যন্ত্র ও কিট রয়েছে, যার মাধ্যমে অল্প সময়েই বিপজ্জনক জীবাণু শনাক্ত করা সম্ভব। সাধারণত রক্তের নমুনা পরীক্ষা করে জীবাণু ও কার্যকর অ্যান্টিবায়োটিকের তথ্য পেতে তিন থেকে চার দিন লাগে। অথচ নতুন প্রযুক্তি ব্যবহার করে কিছু ক্ষেত্রে ৭২ মিনিটের মধ্যেই ফল পাওয়া সম্ভব। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ ধরনের ব্যবস্থা থাকলে রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যাবে।
তবে এসব যন্ত্র কেনার পাশাপাশি পরীক্ষার উপকরণের নিয়মিত সরবরাহও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোয় ২৪ ঘণ্টা মাইক্রোবায়োলজি পরীক্ষার ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় জনবল ও আলাদা কর্মপরিকল্পনা থাকতে হবে।
আমরা আশা করি, নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে এসব উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে যেতে পারব।
অধ্যাপক ডা. জাকির হোসেন হাবীব
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)
আমরা এখন একটি নীরব মহামারির মধ্য দিয়ে যাচ্ছি, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নামে পরিচিত। আমাদের চিকিৎসাব্যবস্থা অনেকাংশেই অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরশীল। এসব ওষুধ কার্যকারিতা হারালে চিকিৎসার অগ্রগতিও বাধাগ্রস্ত হবে।
এএমআর শুধু মানুষের স্বাস্থ্য নয়, প্রাণিস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশের জন্যও হুমকি। এটি বহুমাত্রিক সমস্যা; কোনো ব্যক্তি বা একক খাতের পক্ষে এর সমাধান সম্ভব নয়।
সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ল্যানসেট–এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে এএমআরের সরাসরি কারণে ১১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০৫০ সালে এ সংখ্যা ১৯ লাখ ছাড়াতে পারে। এএমআরের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যু প্রায় ৪৭ লাখ, যা ২০৫০ সালে ৮২ লাখ ছাড়াতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এএমআরের হার বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ। দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, সীমিত রোগনির্ণয় সুবিধা এবং অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক বিক্রি পরিস্থিতিকে আরও জটিল করছে।
বাংলাদেশে প্রায় এক লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, ২০২২ সালে অ্যামিকাসিনের কার্যকারিতা ছিল ৮৬ শতাংশ, ২০২৬ সালের জুনে তা কমে ৭০ শতাংশে নেমেছে। সিপ্রোফ্লক্সাসিন, সেফোট্যাক্সিমসহ অধিকাংশ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। অন্যদিকে বহির্বিভাগে কয়েকটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে।
এএমআর মোকাবিলায় আমাদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে। একে রোগনিয়ন্ত্রণের প্রধান অগ্রাধিকার দিতে হবে। মৃত্যুর কারণ হিসেবে প্রতিরোধী জীবাণুর তথ্য নথিভুক্ত
করতে হবে, যাতে প্রকৃত চিত্র দৃশ্যমান হয়। ফার্মেসিতে অন্তত ১০টি প্রধান অ্যান্টিবায়োটিকের বিক্রির হিসাব সংরক্ষণ বাধ্যতামূলক করা যেতে পারে। পাঠ্যপুস্তকে সচেতনতার বিষয় যুক্ত করতে হবে। হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কমিটি গঠন এবং প্রতিবছর অগ্রগতি পরিমাপ জরুরি।
মোহাম্মদ নাঈম গোলদার
পরিচালক (চলতি দায়িত্ব) ঔষধ প্রশাসন অধিদপ্তর
এএমআর মোকাবিলায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। এটি শুধু স্বাস্থ্য খাতের সমস্যা নয়; জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার ওপরও এর প্রভাব রয়েছে। তাই একে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে।
ওষুধের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর আইনি ব্যবস্থা জোরদার করছে। ২০২৩ সালে ওষুধ ও কসমেটিকস আইন সংশোধন করা হয়। এ আইনে প্রথমবারের মতো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। তবে শুধু এ উদ্যোগ যথেষ্ট নয়।
এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা পাওয়া। এ-সংক্রান্ত বিধি প্রণয়নের কাজ চলছে। আশা করছি, শিগগিরই তা অনুমোদিত হবে।
বর্তমানে প্রতিদিন সারা দেশে ৬০০ থেকে ৮০০টি ফার্মেসি পরিদর্শন করা হয়। অপরাধ গুরুতর হলে মামলা করা হয়। কিন্তু একটি মামলা পরিচালনায় কর্মকর্তাদের পাঁচ থেকে সাত দিন সময় দিতে হয়।
আমাদের জেলা পর্যায়েই সীমিতসংখ্যক কর্মকর্তা রয়েছেন। প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা পেলে অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
পাশাপাশি ভালোভাবে ওষুধ সরবরাহের চর্চা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে স্নাতক, ডিপ্লোমা ও তিন মাসের প্রশিক্ষণপ্রাপ্ত—তিন ধরনের ফার্মাসিস্ট রয়েছেন। উন্নত দেশগুলোয় এমন ব্যবস্থা নেই। মডেল ফার্মেসিতে প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকলেও সর্বত্র এ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। প্রেসক্রিপশন যাচাইয়ের ব্যবস্থাও করতে হবে।
অ্যান্টিবায়োটিকের প্যাকেটের প্রায় সব ক্ষেত্রেই লাল সতর্কতামূলক চিহ্ন যুক্ত করা হয়েছে। এতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ না করার নির্দেশনা রয়েছে। ওষুধের মান নিশ্চিত করার পাশাপাশি এর কার্যকারিতাও যাচাই করা জরুরি।
ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম
অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
চিকিৎসক ও অণুজীববিজ্ঞানীদের মধ্যে সমন্বয় ছাড়া এএমআর মোকাবিলার গবেষণা সম্ভব নয়। বাংলাদেশে এএমআর গবেষণার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের অণুজীববিজ্ঞানীদের বার্ষিক সম্মেলনে জমা পড়া প্রায় ৮০০টি গবেষণার সারসংক্ষেপের অর্ধেকই এএমআর নিয়ে। এখন প্রয়োজন নীতিনির্ধারণী পর্যায়ে এসব গবেষণাকে গুরুত্ব দেওয়া। ১৯৮৭ সালের পর নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ক্ষেত্রে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। অন্যদিকে জীবাণু দ্রুত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো ওষুধের নতুন ব্যবহার, একাধিক ওষুধের সমন্বিত প্রয়োগ, নির্দিষ্ট ক্রমে ওষুধ প্রয়োগ এবং ওষুধের কার্যকারিতা বাড়ানোর সহায়ক উপাদান নিয়ে গবেষণা জরুরি।
এএমআর গবেষণার জন্য নির্দিষ্ট তহবিল গঠন করতে হবে। গবেষণার লক্ষ্য নির্ধারণ, বাস্তবায়নে দক্ষ দল গঠন এবং নির্দিষ্ট সূচকের মাধ্যমে কাজের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
ড. মো. সালেকুল ইসলাম
অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এএমআর মোকাবিলায় রোগজীবাণু শনাক্তকরণে পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। আমাদের গবেষণায় দেখা গেছে, প্রচলিত পরীক্ষায় শনাক্ত করা অনেক ব্যাকটেরিয়ার পরিচয় রাইবোজমাল জিনগত, ভাইটেক–২ ও মাল্ডি–টফ পরীক্ষায় ভিন্ন পাওয়া যায়। তাই পরীক্ষার ফল যাচাই ও উন্নত রোগনির্ণয় পদ্ধতি ব্যবহার করতে হবে।
২০১৬ সালে পোলট্রির ব্যাকটেরিয়ায় প্রায় ৩১ শতাংশ ক্ষেত্রে এমসিআর-১ জিন পেয়েছিলাম, যা কলিস্টিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতার নির্দেশক। প্রাণিসম্পদ খাতে কলিস্টিনের ব্যবহার বন্ধের পর এ হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এটি প্রমাণ করে, সঠিক নীতিগত পদক্ষেপে পরিবর্তন সম্ভব।
হাসপাতালে উন্নত রোগনির্ণয় প্রযুক্তি, গবেষণায় বায়োমেডিক্যাল বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এবং বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি বিকল্প চিকিৎসা হিসেবে ব্যাকটেরিওফাজ ও প্রোবায়োটিক নিয়ে গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়ন ও সহযোগিতা প্রয়োজন।
অধ্যাপক ডা. আদনীন মৌরিন
বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ মুগদা মেডিকেল কলেজ, ঢাকা
হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োগ্রাম তৈরি করাই এএমআর মোকাবিলার জন্য যথেষ্ট নয়; প্রয়োজন এর নিয়মিত হালনাগাদ, তথ্যের সঠিক বিশ্লেষণ ও চিকিৎসাক্ষেত্রে কার্যকর প্রয়োগ। চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্টের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি পরীক্ষাগারের জনবল, দক্ষতা ও সরঞ্জামের ঘাটতি দূর করতে হবে।
নির্ভরযোগ্য অ্যান্টিবায়োগ্রামের ভিত্তি হলো নির্ভুল পরীক্ষার ফলাফল। তাই নমুনা সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও পরীক্ষার প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করতে হবে। কালচার ও অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষায় ব্যবহৃত মিডিয়া, বিকারক ও উপকরণের মানও যাচাই করতে হবে। প্রতিটি ফলাফল ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টের তত্ত্বাবধানে পর্যালোচনা ও অনুমোদন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তা চিকিৎসা ব্যবস্থাপনায় কাজে লাগাতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ডা. আহমদ সামি-আল-হাসান
অধ্যাপক, সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ
অস্ত্রোপচারের পর সংক্রমণ রোগী ও স্বাস্থ্যব্যবস্থার জন্য বড় বোঝা। এতে রোগীকে হাসপাতালে বেশি দিন থাকতে হয়, বাড়ে শারীরিক ও আর্থিক ক্ষতি। একজন সার্জন হিসেবে দেখি, অপারেশন থিয়েটারের জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অনেক জায়গায় পর্যাপ্ত বায়ু চলাচল নেই, নিরাপদ পানির ব্যবস্থাও অপর্যাপ্ত। এক অপারেশনের পর আরেকটি অপারেশনের আগে এবং প্রতিদিনের শেষে থিয়েটার যথাযথভাবে পরিষ্কার করা জরুরি। কিন্তু জনবল–সংকটে তা ঠিকমতো হয় না।
অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার উপকরণের মানও নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোয় সংক্রমণের হার, কোন অস্ত্রোপচারে সংক্রমণ বেশি হচ্ছে এবং হঠাৎ সংক্রমণ বাড়লে তার কারণ অনুসন্ধানে নজরদারি প্রয়োজন। এ জন্য সংক্রমণ প্রতিরোধ কমিটির কার্যকর ভূমিকা জরুরি। দামি যন্ত্রপাতির পাশাপাশি হাত পরিষ্কারের উপকরণসহ প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে।
ডা. মাহফুজা নাসরিন
অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
প্রতিদিন পরীক্ষাগারে এমন রোগীর প্রতিবেদন পাই, যাঁর মূত্রনালির সংক্রমণ সব অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। প্রতিবেদন দেওয়ার পর চিকিৎসকেরা কোন ওষুধ দেবেন, জানতে চান। অথচ সংক্রমণ হওয়ার পর চিকিৎসার তৎপরতার তুলনায় সংক্রমণ প্রতিরোধের উদ্যোগ কম। নতুন অ্যান্টিবায়োটিক আসছে না, কার্যকর ওষুধও সীমিত। তাই এএমআর মোকাবিলায় সংক্রমণ প্রতিরোধকেই অগ্রাধিকার দিতে হবে।
সরকারি নির্দেশনা থাকলেও অনেক হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি সক্রিয় নয়। প্রতিটি কমিটিতে কমপক্ষে একজন সার্বক্ষণিক নার্স ও একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকা জরুরি। সীমিত সামর্থ্যেও আমরা নিবিড় পরিচর্যাকেন্দ্র বা অস্ত্রোপচারের পর সংক্রমণ প্রতিরোধ দিয়ে কাজ শুরু করতে পারি। হাসপাতালের মান যাচাই ও গ্রেডিংয়েও এ কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। এএমআর ইতিমধ্যে ৬০ শতাংশে পৌঁছেছে। তাই এর বিস্তার রোধে সংক্রমণ প্রতিরোধের বিকল্প নেই।
ডা. এম এ সাঈদ সিদ্দিকী
সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ
শুধু ঢাকাকেন্দ্রিক চিন্তা করলে হবে না। এএমআর মোকাবিলায় দেশের ৬৪ জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অস্ত্রোপচারের আগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক গাইডলাইন থাকা জরুরি। সরবরাহে বেশি আছে বলে নির্বিচার সেফট্রিয়াক্সন ব্যবহার করা বা অস্ত্রোপচারের পর দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক চালিয়ে যাওয়া ঠিক নয়।
শিশুদের ক্ষেত্রেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার উদ্বেগজনক। আবার জরুরি চিকিৎসায় অনেক সময় কালচার রিপোর্ট আসার আগেই অ্যান্টিবায়োটিক শুরু করতে হয়। এক্ষেত্রে হাসপাতালভেদে সুনির্দিষ্ট লোকাল অ্যান্টিবায়োগ্রাম ও রোগের ধরণ অনুযায়ী এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
তাই হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োগ্রাম তৈরি এবং তার ভিত্তিতে প্রাথমিক ওষুধ নির্বাচন, পরীক্ষার ফল অনুযায়ী ওষুধ পরিবর্তন বা কমানোর নিয়ম মানতে হবে।
ডা. এস এম শাহরিয়ার রিজভী
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ
এএমআর মোকাবিলায় আমাদের তিনটি বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, এ জন্য সরকারের নির্দিষ্ট বরাদ্দ নেই। জাতীয় কর্মপরিকল্পনায় প্রয়োজনীয় কার্যক্রম থাকলেও অর্থায়ন না থাকায় মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ—কোনো ক্ষেত্রেই ধারাবাহিকভাবে কাজ হচ্ছে না। তাই পরিকল্পনার কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে এক বছরের বাজেট তৈরি এবং নিয়মিত সরকারি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, হাসপাতাল, পশু হাসপাতাল ও খামার পর্যায়ে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম চালু করতে হবে।
এ জন্য বড় বরাদ্দের চেয়ে প্রশাসনিক নির্দেশনা ও নির্দিষ্ট কর্মসূচি জরুরি। এতে চিকিৎসক, পরীক্ষাগার–বিশেষজ্ঞ ও অণুজীববিজ্ঞানীদের সমন্বয় বাড়বে।
তৃতীয়ত, জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা নেই। স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়কে যুক্ত করে কার্যকর তদারকি কাঠামো গড়ে তুলতে হবে
ডা. আরিফুল বাসার
সিনিয়র কনসালট্যান্ট, ইনফেকশাস ডিজিজ সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা
বাংলাদেশের বাস্তবতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যান্টিবায়োটিক ব্যবহারের শ্রেণিবিন্যাস হুবহু প্রয়োগ করলে ২০৩০ সালের এএমআর নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। কারণ গ্রামীণ জনগোষ্ঠী এখনো অনিবন্ধিত চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তাই দেশের বাস্তবতা বিবেচনায় এই নীতি পরিবর্তন করা জরুরি। অনিবন্ধিত চিকিৎসকদের শুধু ‘অ্যাকসেস’ শ্রেণির প্রাথমিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। ‘ওয়াচ’ ও ‘রিজার্ভ’ শ্রেণির অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ নিষিদ্ধ করে কঠোর নজরদারি করতে হবে। এই বাস্তবভিত্তিক স্থানীয় অভিযোজন ছাড়া ২০৩০ সালের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।
সংক্রমণ প্রতিরোধ কমিটিকে কার্যকর করতে হলে দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা দিতে হবে। শুধু কাগজে পদ রাখলে হবে না; বাস্তবে কাজ করার সুযোগও দিতে হবে। বেসরকারি হাসপাতালগুলো অনেক সময় এটিকে আর্থিকভাবে লাভজনক মনে করে না।
ডা. মো. জাফর ইকবাল
সিনিয়র কনসালটেন্ট, আইসিইউ এভারকেয়ার হাসপাতাল
একজন নিবিড় পরিচর্যা চিকিৎসক হিসাবে এএমআরএর ভয়াবহতা খুব কাছ থেকে দেখি। বিভিন্ন নিরীক্ষায় দেখা গেছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৫০ শতাংশের বেশি রোগীর মৃত্যু হয় ইনফেকশন এবং এই ইনফেকশনের কমপ্লিকেশনের কারণে। ২০১৯ সালে বহু ঔষধ প্রতিরোধী জীবাণুর হার ছিল ৭২ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রায় সব জীবাণুই এখন একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী।
এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধই সবচেয়ে জরুরি। দ্রুত পরীক্ষা ও বারবার কালচার পরীক্ষার মাধ্যমে সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে হবে। অথচ প্রয়োজনীয় উপকরণ ও অবকাঠামোর অভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মানা যাচ্ছে না।
শুধু দামি যন্ত্রপাতি বা আইসিইউ শয্যা বাড়ালেই হবে না। দক্ষ ও নিবেদিত জনবল নিশ্চিত করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণ পলিসি কার্যকর উদ্যোগের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।
ডা. ফাহমিদা চৌধুরী
বিজ্ঞানী ও প্রধান, এএমআর গবেষণা ইউনিট আইসিডিডিআরবি
এএমআর নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারের পাশাপাশি টিকাদানকে অগ্রাধিকার দিতে হবে। টাইফয়েড, কলেরা ও নিউমোকক্কাল সংক্রমণ প্রতিরোধে টিকা গুরুত্বপূর্ণ। টাইফয়েডের জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ক্রমেই প্রতিরোধী হয়ে উঠছে। টিকার মাধ্যমে সংক্রমণ কমাতে পারলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও প্রতিরোধী জীবাণু তৈরির ঝুঁকিও কমবে।
আমাদের গবেষণায় দেখা গেছে, প্রচলিত নিউমোকক্কাল টিকা সব ধরনের জীবাণু প্রতিরোধে যথেষ্ট নয়। তাই সরকারকে উন্নত টিকা ব্যবহারের সুপারিশ করেছি।
শ্বাসতন্ত্রের সংক্রমণেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জার টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। আমরা গবেষণার মাধ্যমে প্রমাণ তৈরি করছি, কিন্তু তা নীতিতে যুক্ত করা বড় চ্যালেঞ্জ।
এ জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা, পর্যাপ্ত অর্থায়ন ও দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা প্রয়োজন।
ডা. মো. ইব্রাহীম খলিল
সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার, বরিশাল
এএমআর ছড়ানোর অন্যতম পথ খাদ্যশৃঙ্খল। ব্রয়লার এখন সাশ্রয়ী প্রোটিনের বড় উৎস। কিন্তু ৩৫ দিনে মুরগি উৎপাদনে কেন অ্যান্টিবায়োটিক লাগবে? ব্যবহারের পর নির্ধারিত বিরতি না মানলে মাংসের মাধ্যমে সেই ওষুধ আমাদের শরীরেও প্রবেশ করে।
এ ঝুঁকি কমাতে বরিশালে ‘মডেল পোলট্রি ভিলেজ’ চালু করেছি। খামারিদের ১২টি সহজ ও স্বল্প ব্যয়ের জীবাণু প্রতিরোধের নিয়ম শেখাচ্ছি। গত দুই বছরে ২২ জন খামারিকে নিয়ে ২১৫টি ব্যাচে প্রায় পাঁচ লাখ কেজি ব্রয়লার উৎপাদন করেছি, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা। এ পদ্ধতিতে প্রতি মুরগিতে খামারিদের মুনাফা ৫ থেকে ৫৫ টাকা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওয়ান হেলথ পদ্ধতিতে কাজ করছি। কমিউনিটির সম্পৃক্ততা ছাড়া এএমআর নিয়ন্ত্রণ সম্ভব নয়। গবেষণায় এমন কমিউনিটিভিত্তিক উদ্যোগ অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাই।
ডা. হুরুল জান্নাত
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, রোগনিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর
২০১৭ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর এএমআর নিয়ন্ত্রণে কাজ করছে। ২০২৩–২০২৮ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনায় আটটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও জনবলসংকট বড় চ্যালেঞ্জ।
২০২৫ সালে দেশের সব হাসপাতালে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্টুয়ার্ডশিপ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী থাকায় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। সংক্রমণ কমাতে পারলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কমবে।
আমাদের জরিপে দেখা গেছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারে উচ্চ ক্ষমতার নতুন জেনারেশনের ওষুধ ব্যবহারের প্রবণতা তুলনামূলক বেশি।।
এ পরিস্থিতি বদলাতে চিকিৎসার নির্দেশিকা তৈরি ও হালনাগাদ করছি। এএমআর নিয়ন্ত্রণে নিয়মিত সরকারি অর্থায়ন, নজরদারি, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ জরুরি।
অংশগ্রহণকারী:
ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মনিরুল হক, সহসভাপতি, বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম)। অধ্যাপক ডা. নাইমা মোয়াযযাম, সাবেক বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক, ইউরোলোজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়; স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিএনপি। অধ্যাপক ডা. আবদুল্লাহ ইউসুফ, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ; সাধারণ সম্পাদক, বিএসএমএম। অধ্যাপক ডা. জাকির হোসেন হাবীব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। মোহাম্মদ নাঈম গোলদার, পরিচালক (চলতি দায়িত্ব), ঔষধ প্রশাসন অধিদপ্তর। ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. মো. সালেকুল ইসলাম, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডা. আদনীন মৌরিন, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা। ডা. আহমদ সামি-আল-হাসান, অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডা. মাহফুজা নাসরিন, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। ডা. এম এ সাঈদ সিদ্দিকী, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডা. এস এম শাহরিয়ার রিজভী, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডা. আরিফুল বাসার, সিনিয়র কনসালট্যান্ট, ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা। ডা. মো. জাফর ইকবাল, সিনিয়র কনসালটেন্ট, আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল। ডা. ফাহমিদা চৌধুরী, বিজ্ঞানী ও প্রধান, এএমআর গবেষণা ইউনিট, আইসিডিডিআরবি। ডা. মো. ইব্রাহীম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার, বরিশাল। ডা. হুরুল জান্নাত, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, রোগনিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর। সাফায়াত মাহমুদ, ডিরেক্টর (মার্কেটিং), ইউনিহেলথ ফার্মা। হাবিবুর রহমান, সিইও, ল্যাব সলিউশন।

Source - www.prothomalo.com ↗