Bangladesh · 2026-11-25 08:00:00

হুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন

হুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন
অভিনয়ের শুরুটা সুখকর ছিল না। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু অভিনয় দেখে সন্তুষ্ট হতে পারেননি নির্মাতা। সহকারীকে ডেকে তাঁকে শুটিং থেকে বের করে দেওয়ার কথাও বলেছিলেন। ঘটনাটি মনে গভীর দাগ কেটেছিল অভিনেতা সোহেল খানের। সেই অপমানই একসময় হয়ে ওঠে ভালো অভিনেতা হওয়ার প্রেরণা। ঠিক করেছিলেন, এমন অভিনয় করবেন, যাতে একদিন হুমায়ূন আহমেদ নিজেই তাঁর প্রশংসা করেন।
সেই ব্যর্থতার অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন সোহেল। ছোট পর্দার নাটক থেকে ধীরে ধীরে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রেও। অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। জীবনের শেষ দিন পর্যন্তও ছিলেন শুটিংয়ে। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় একটি সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে থেমে গেল দীর্ঘ অভিনয়যাত্রা।
সোহেল খানের অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটকের মাধ্যমে। তবে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন শাখাতেও কাজ করেছেন তিনি। তাঁর ক্যারিয়ারের পেছনে বিশেষ অবদানের কথা স্বীকার করতেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর।
অভিনেতা সোহেল খানবিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু
মিডিয়ায় সোহেল খানের যাত্রা শুরু প্রায় এক যুগ আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন।
অভিনয়ের শুরুর দিকের ব্যর্থতা সোহেল খানকে দমিয়ে রাখতে পারেনি। বরং নিজের অভিনয়কে আরও ভালো করার চেষ্টা করেছেন। হুমায়ূন আহমেদের সেই তিরস্কারকে তিনি নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে আটকে রাখেননি; নিয়েছিলেন নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ হিসেবে।
মোস্তফা সরয়ার ফারুকীর হাতে নতুন করে আবিষ্কার
সোহেল খানের অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।
অভিনেতা সোহেল খানএই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, সোহেল খান শুধু নিয়মিত কাজ করে যাওয়াতেই সন্তুষ্ট ছিলেন না; অভিনয়ের জায়গাটিও সমৃদ্ধ করতে চেয়েছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।
চলচ্চিত্রেও ছিল নিয়মিত উপস্থিতি
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
সাম্প্রতিক সময়ে সোহেল খানকে দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়।
নাটকের ব্যস্ততা, সিনেমার প্রতি ভালোবাসা
সোহেল খানের কাজের বড় একটি অংশজুড়ে ছিল টেলিভিশন নাটক। সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগ্রাম’ নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া একাধিক ধারাবাহিক নাটকে কাজ করেছেন। কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’ নিয়েও ব্যস্ত ছিলেন। ২০২৫ সালের এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চলচ্চিত্রের চেয়ে নাটকেই তাঁর কাজের ব্যস্ততা বেশি।
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যুতবে চলচ্চিত্রের প্রতি সোহেল খানের ভালোবাসা ছিল গভীর। শুধু অভিনয় নয়, দেশের সিনেমা হলের ভবিষ্যৎ নিয়েও ভাবতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বড় বড় শপিং মলের ওপরের তলায় ১৫০ থেকে ২০০ আসনের ছোট সিনেমা হল তৈরি করা যেতে পারে। এতে বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহের সংকট কিছুটা কাটতে পারে।
নিজেও মফস্‌সল শহরে একটি সিনেমা হল প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তাঁর যুক্তি ছিল, সিনেমা জগতের মানুষ হিসেবে চলচ্চিত্রের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল অভিনয়ে সীমাবদ্ধ নয়। সিনেমা হল বাঁচানো ও দর্শককে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনাও জরুরি।

Source - www.prothomalo.com ↗