Bangladesh · 2026-11-25 06:52:16

চীন কেন পাকিস্তানি নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে

চীন কেন পাকিস্তানি নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে আজ বুধবার সকালে রওনা দিয়েছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। মহাকাশযানটিকে বহন করছে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। এই মহাকাশযানে তিনজন নভোচারী রয়েছেন। তাঁদের দুজন চীনা নাগরিক। নাম তাং হংবো ও উ ই। অপরজন পাকিস্তানের নভোচারী জিশান আলী।
জিশান আলীর মাধ্যমে চীন প্রথমবারের মতো কোনো বিদেশিকে মহাকাশে পাঠাচ্ছে। চীনের মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য জিশান বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর ভাষ্য, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’
কিন্তু চীন কেন পাকিস্তানের একজন নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে? বিবিসির চীন সংবাদদাতা লরা বিকার বলেন, প্রধানত দুটি কারণে চীন প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিককে মহাকাশে পাঠাচ্ছে। কারণগুলো হলো, বিজ্ঞান ও কূটনীতি। বেইজিং আশা করছে, এই মহাকাশযাত্রা ইসলামাবাদের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করবে।
উৎক্ষেপণের আগে চীনের মহাকাশযান ‘শেনঝৌ-২৪’এমন সময় এই অভিযান চালানো হচ্ছে, যখন মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের সহযোগিতার ৭৫ বছর পূর্তি হয়েছে। লরা বিকার বলেন, চীন বিশ্বকে দেখাতে চায়, তাদের মহাকাশ স্টেশন শুধু নিজস্ব স্থাপনা নয়, বরং এটি আন্তর্জাতিক গবেষণার একটি মঞ্চ হয়ে ওঠারও সক্ষমতা রাখে। আন্তর্জাতিক অংশীদারত্ব একটি দেশের প্রভাব ও গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন রয়েছে কেবল দুটি। একটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস)। সেখানে রাশিয়া, জাপান, কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশ যুক্ত রয়েছে। অপরটি হলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’। এটি ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে যাওয়ার কথা রয়েছে। ফলে মহাকাশ বিজ্ঞানে চীনের একক প্রভাব বাড়ছে। মার্কিন নেতৃত্বাধীন মহাকাশ কর্মসূচির বিকল্প হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বেইজিং। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো চীনা নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য হাতে নেওয়া হয়েছে।
চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী (বাঁয়ে)চীনের মহাকাশ অভিযানে পাকিস্তানের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, দেশটির নিজস্ব কোনো মহাকাশযান নেই। তাই এই গবেষণার জন্য দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। এখন পর্যন্ত ৫০টি দেশের নাগরিক মহাকাশে গিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াই একমাত্র নিজেদের তৈরি মহাকাশযান ব্যবহার করে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে।
আজ মহাকাশের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি যখন মহাকাশে পৃথিবীর কক্ষপথে অবস্থান করব, সেই সময়টাতে যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের প্রত্যেককে বলছি—আকাশের দিকে তাকাও, আর মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে রয়েছি।’
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

Source - www.prothomalo.com ↗