দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।
মেডিক্যাল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।
যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল বিবেচনা করা হবে।
বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
Source - www.bd24live.com ↗