Bangladesh · 2026-11-25 10:38:48

গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের

গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।

ব্যাংকটির মালিকানা প্রসঙ্গে তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটির নেতাকর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড ভারতের মাটি থেকেও পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে দলটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

Source - www.bd24live.com ↗