শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৪৯ দিনে (১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর) জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৯০ শিশু ভর্তি হয়েছে। রোগীর উপচে পড়া ভিড়ে সাতক্ষীরা সদর হাসপাতালে তৈরি হয়েছে তীব্র শয্যা ও জনবল সংকট। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক অসুস্থ শিশু ও নবজাতককে ঠান্ডা মেঝে ও খোলা বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অসহায় অভিভাবকরা। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সদর হাসপাতালে মোট ৬৪৩টি শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ২৪৭ জনই নিউমোনিয়ায় আক্রান্ত। একই সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩টি শিশু; এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১০৮ ও ডায়রিয়ায় আক্রান্ত ৭৫ জন। এ ছাড়া জেলার বেসরকারি শিশু হাসপাতালে একই সময় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬৪টি শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১১৫ জন নিউমোনিয়া ও ৪৯ জন ডায়রিয়ার রোগী।
শীতে বাড়ছে শিশুদের নিউমোনিয়া

বেসরকারি শিশু হাসপাতালের পরিচালক ডা. আবুল বাসার জানান, গত ৪৯ দিনে ভর্তি রোগীদের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৫ হাজার ৩২০টি শিশু।
এদিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি শয্যাও খালি না থাকায় দূরদূরান্ত থেকে আসা রোগীদের বারান্দায় রেখেই চিকিৎসা শুরু করতে হচ্ছে। তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তার দেড় মাস বয়সি মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। ওয়ার্ডে কোনো শয্যা না মেলায় খোলা বারান্দায় রেখেই ছোট্ট আইরিয়াকে নেবুলাইজার দেওয়া হচ্ছিল। কোলের শিশুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং খোলা বারান্দার ঠান্ডার কারণে দুশ্চিন্তায় চোখে জল ধরে রাখতে পারছিলেন না তার মা।
হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দা মিলিয়ে প্রতিদিন গড়ে ১০০-১২০টি শিশু চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, ‘শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি, অথচ প্রতিদিন গড়ে ৯০-১২০টি শিশু ভর্তি থাকছে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ৫টি, কিন্তু সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০টি শিশুকে সেবা দিতে হচ্ছে। সীমিত শয্যা আর জনবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে।’
চিকিৎসা পরিস্থিতির পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. সামছুর রহমান বলেন, নবজাতক ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। আবার ডায়রিয়ায় শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। তাই জ্বর, কাশি, দ্রুত শ্বাস নেওয়া কিংবা পাতলা পায়খানার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন তিনি। সংকট নিরসনে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, ‘শিশুদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে শয্যা সংখ্যা বাড়ানো, শূন্য পদে চিকিৎসক ও নার্স পদায়ন এবং পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরুর পর হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলেও রোগীর চাপ এখন বহুগুণ বেড়েছে। সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
The post শীতে বাড়ছে শিশুদের নিউমোনিয়া appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗