Bangladesh · 2026-11-25 12:55:32

লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম

লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম
মাহফিলে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়েছিল ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র সুয়াইব হোসেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। পরে জানা যায়, লেজার লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে মাহফিল থেকে কৌশলে নিয়ে গেছেন এক ইমাম। একটি মসজিদের কক্ষে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। দর-কষাকষির পর ৪৫ হাজার টাকা পাওয়ার পরও শিশুটিকে মুক্তি না দিয়ে মারধর করা হয়। নিখোঁজের ১৫ দিন পর জামালপুর রেলওয়ে স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত ইমাম আবু রায়হানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।

গ্রেপ্তার আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ি এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।

মেলান্দহ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় জামিয়া হুসাইনিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে যায় সুয়াইব। সে মেলান্দহ মডেল মাদরাসার হেফজ বিভাগের নাজেরা শাখার শিক্ষার্থী। মাহফিল শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও সুয়াইব আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ৮ নভেম্বর মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নুরনবী ইসলাম।

এজাহারে উল্লেখ করা হয়, মাহফিল চলাকালে লেজার লাইট কিনে দেওয়ার কথা বলে সুয়াইবকে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে তাকে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ি এলাকার একটি মসজিদে নিজের থাকার কক্ষে আটকে রাখেন তিনি।

একপর্যায়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আবু রায়হান। পরে দর-কষাকষির মাধ্যমে ৪৫ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। গত ১৯ নভেম্বর অভিযুক্তের দেওয়া দুটি বিকাশ নম্বরে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান শিশুটির বাবা।

তবে টাকা পাওয়ার পরও সুয়াইবকে মুক্তি দেওয়া হয়নি। বরং আটকে রেখে তাকে মারধর করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে শিশুটির কান, চোখ ও হাতে আঘাত লাগে।

পরে গত ২১ নভেম্বর ভোরে জামালপুর রেলওয়ে স্টেশনে শিশুটিকে রেখে তার বাবাকে মুঠোফোনে বিষয়টি জানান আবু রায়হান। খবর পেয়ে নুরনবী স্টেশন থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যান।

এরপর গত ২৩ নভেম্বর বিকেলে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন পরিবারের সদস্যরা। শিশুটির বাবা, স্বজন ও স্থানীয় লোকজন সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ি এলাকার ওই মসজিদে গিয়ে আবু রায়হানকে শনাক্ত করে আটক করেন। পরে তাঁকে মেলান্দহ মডেল মাদরাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা নুরনবী ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় অপহরণের মামলা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Source - www.bd24live.com ↗