Bangladesh · 2026-11-04 16:54:40

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সাজেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সাজেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক
সাজেক পর্যটন সড়ক সচল করা ও পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। বুধবার (৪ নভেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার সাজেক সড়কে এ অবরোধ কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কমিটির আহ্বায়ক বিন্দু লাল চাকমা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে অবরোধকে শান্তিপূর্ণ ও সর্বাত্মক গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১, ১৫, ২২ ও ৩১ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কাব্বারী অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধের কারণে সাজেকের পর্যটন সড়ক, স্থানীয় পর্যটনশিল্প ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

কমিটির দাবি, টানা অবরোধের কারণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জুমে উৎপাদিত পণ্য বাজারজাত করা যাচ্ছে না। ফলে এসব পণ্য পচে নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের মালিক ও শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, পাহাড়ের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রের ভয় ও জরিমানার হুমকি দিয়ে জুম্ম জনগণকে অবরোধ পালনে বাধ্য করছে।

বিশেষ করে জুম্ম নারী, শিশু ও কিশোরদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে। এ ছাড়া আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের মাধ্যমে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। অবরোধ চলাকালে জরুরি সেবা, সাংবাদিক, সংবাদপত্র, ওষুধের ফার্মেসি ও সরকারি যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘোষিত এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

The post পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সাজেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗