Bangladesh · 2026-11-25 14:00:00

সহপাঠীর শেষ ইচ্ছা পূরণে হাসপাতালের কেবিন হয়ে উঠল শ্রেণিকক্ষ

সহপাঠীর শেষ ইচ্ছা পূরণে হাসপাতালের কেবিন হয়ে উঠল শ্রেণিকক্ষ
চীনের গুইঝোউ প্রদেশের সংসেকেন্ডারি স্কুলে পড়তেন ইয়াও ইংবেই। সবাই তাঁকে ডাকতেন বেইবেই নামে। বয়স ১৮ বছর, কিন্তু পড়ছিলেন নবম শ্রেণিতে। কারণ, অসুস্থতার জন্য বারবার তাঁকে স্কুল থেকে দূরে থাকতে হয়েছে। জীবনের শেষ ইচ্ছাটাও ছিল আরেকবার সহপাঠীদের সঙ্গে একটা ক্লাস করার।
পাঁচ বছরের লড়াই
পাঁচ বছর আগে বেইবেইয়ের লিউকেমিয়া ধরা পড়ে। চিকিৎসার জন্য স্কুল থেকে ছুটি নিতে হয়। মা–বাবা তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আরেকটি সন্তান নেন। ছোট বোনের নাড়ির রক্ত থেকে স্টেম সেল নিয়ে প্রতিস্থাপন করা হয়। চীনে লিউকেমিয়ায় আক্রান্ত শিশুর মা–বাবাকে চিকিৎসকেরা প্রায়ই এমন পরামর্শ দেন।
প্রতিস্থাপনের পর বেইবেইয়ের শরীর কিছুটা ভালো হয়। শরীর যখন সাড়া দিত, তখন স্কুলে ফিরে যেতেন তিনি।
কিন্তু তিন মাস আগে রোগ আবার ফিরে আসে। মা–বাবা বেইবেইকে নিয়ে অন্য শহরের ভালো হাসপাতালে যান। সেখানেও আশার আলো মেলেনি। শেষে নিজ শহরের হাসপাতালে ফিরে আসেন। শিক্ষক ও সহপাঠীরা পালা করে প্রতিদিন তাঁকে দেখতে যেত।
‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্কশেষ সপ্তাহের ইচ্ছা
জীবনের শেষ সপ্তাহে বেইবেই তাঁর শিক্ষককে বলেন, ‘সহপাঠীদের সঙ্গে একটা ক্লাস করতে চাই।’
প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা বসে ঠিক করলেন, ইচ্ছাটা পূরণ করা হবে। কয়েকজন সহপাঠীকে হাসপাতালে ডাকা হলো। হাসপাতাল কর্তৃপক্ষও একটা ওয়ার্ডকে সাজিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ বানাল। দেয়ালে টেডি বিয়ার আর বেলুন। ইংরেজির শিক্ষক পড়ালেন প্রত্নতত্ত্ব নিয়ে একটি লেখা, সঙ্গে সানজিংদুই জাদুঘরের কথা।
শিক্ষকেরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলেন, যেন সবকিছু স্বাভাবিক ক্লাসের মতোই হয়।
সেদিন বেইবেইয়ের নাক দিয়ে বারবার রক্ত পড়ছিল। হাড়ে ছিল তীব্র ব্যথা, সঙ্গে জ্বর। তবু তিনি সহপাঠীদের সঙ্গে শিক্ষকের পেছনে পেছনে পাঠ আওড়ে গেলেন।
ক্লাসের দুই দিন পর, ৭ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীরা খবর পেল, বেইবেই আর নেই।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Source - www.bondhushava.com ↗