২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিনসহ মোট ১৩ দিন ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো ২০২৭ সালেও প্রধান ধর্মীয় উৎসবগুলোতে একই মেয়াদে ছুটি থাকছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।
আগামী ২০২৭ সালে ঈদ ও পূজায় মোট ১৩ দিন ছুটি

The post আগামী ২০২৭ সালে ঈদ ও পূজায় মোট ১৩ দিন ছুটি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗