Bangladesh · 2026-11-25 15:38:10

‘সংসারের জন্য কত কষ্ট সয়েছ মা, সুখ ফিরতেই তুমি চলে গেলে’

‘সংসারের জন্য কত কষ্ট সয়েছ মা, সুখ ফিরতেই তুমি চলে গেলে’
সংসারে ধীরে ধীরে সচ্ছলতা ফিরছিল নাজমা বেগমের (৪৩)। তাঁর স্বামী নুরুল হুদা সংযুক্ত আরব আমিরাতে থাকেন। একমাত্র ছেলে নাজমুল হুদাও সেখানে থিতু হয়েছেন। বিয়ে দিয়েছেন বড় মেয়ে জেরিন তাসনিমকে। ছোট মেয়ে সামিয়া নূরও একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এবার একটু নিশ্চিন্তে থাকার সময় এসেছিল তাঁর। তবে সেই সুখ আর উপভোগ করা হলো না নাজমার। গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
গতকাল সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁদের একজন নাজমা বেগম। দুর্ঘটনায় তাঁর ননদ ফারিয়া জান্নাতও গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ফারিয়া।
নাজমা বেগম তাঁর ননদ ফারিয়া জান্নাত ও জসিম উদ্দিন নামে এক ঘটককে সঙ্গে নিয়ে দেবর মোহাম্মদ আলমগীরের জন্য পাত্রী দেখতে ঈদগাঁওয়ের কালিরছড়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় ঘটক জসিম উদ্দিনও মারা যান। তাঁর বাড়ি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের অফিসপাড়া এলাকায়। নাজমার বাড়িও একই ইউনিয়নের উত্তরপাড়ায়।
নাজমার স্বামী নুরুল হুদাও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পথে। তাঁর অপেক্ষায় ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে নাজমার মরদেহ। আজ বুধবার রাতে নাজমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।মায়ের মৃত্যুর খবর পেয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটে এসেছেন তাঁর ছেলে নাজমুল হুদা। আজ বুধবার সকাল ১০টায় দেশে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে আসেন তিনি। মায়ের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারেননি নাজমুল। কান্নায় তিনি ভেঙে পড়েন। তাঁর আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিলাপ করতে করতে নাজমুল বলেন, ‘সংসারের জন্য কত কষ্ট সয়েছ মা, সুখ ফিরতেই তুমি চলে গেলে। মা, ও মা, আমি কাকে নিয়ে বাঁচব। ফোন দিয়ে কে বলবে—বাবা, ভাত খেয়েছিস?’
নাজমার স্বামী নুরুল হুদাও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পথে। তাঁর অপেক্ষায় ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে নাজমার মরদেহ। আজ বুধবার রাতে নাজমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
ঘরে গিয়ে দেখা গেল, নাজমার ছোট মেয়ে সামিয়া নূরের কান্না থামানোরও কেউ যেন নেই। আত্মীয়স্বজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মাকে হারানোর শোক তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সান্ত্বনার কোনো ভাষাই যেন তাঁর কাছে পৌঁছাচ্ছিল না। বিড়বিড় করে কিছু একটা বলছিলেন সামিয়া। কাছে যেতেই তাঁর কথাগুলো স্পষ্ট হয়। বলছিলেন, ‘মা, এত বড় ঘরে আমি কার সঙ্গে থাকব? কে থাকবে আমার সঙ্গে? জ্বর হলে পট্টি কে বেঁধে দেবে মা?’
ঈদগাঁওয়ের ওই দুর্ঘটনায় নিহত অন্য ব্যক্তিরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদুর রহমান (২৭), নলবনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে সাহাব উদ্দিন (৩৫) এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম (২৮)।

Source - www.prothomalo.com ↗