Bangladesh · 2026-11-25 17:55:17

ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, সবচেয়ে বেশি মুকুটজয়ী দেশসহ মিস ইউনিভার্সের ইতিহাসে ৫ মজার ঘটনা

ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, সবচেয়ে বেশি মুকুটজয়ী দেশসহ মিস ইউনিভার্সের ইতিহাসে ৫ মজার ঘটনা
মিস ইউনিভার্সের মুকুট ঘিরে থাকে গ্ল্যামার, প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তা। তবে দীর্ঘ ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা প্রতিযোগিতাটিকে দিয়েছে বাড়তি আলোচনার রসদ। জেনে নিন এমন পাঁচটি অজানা ও মজার ঘটনা।
সুন্দরী প্রতিযোগিতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মিস ইউনিভার্স। প্রতিবছর এই প্রতিযোগিতার মঞ্চে জমে ওঠে নানা আয়োজন। বিজয়ীর মুকুট নিয়ে যেমন থাকে আলোচনা, তেমনি প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে রয়েছে বেশ কিছু অজানা ও মজার ঘটনা। সবচেয়ে বেশি মুকুট জেতা দেশ থেকে শুরু করে ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, এমন পাঁচটি ঘটনা জেনে নেওয়া যাক।
সবচেয়ে বেশি মুকুট কার?
মিস ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে বেশি মুকুট জিতেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিযোগীরা এখন পর্যন্ত ৯ বার এই খেতাব পেয়েছেন। ৭টি মুকুট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভেনেজুয়েলা। ২০২৬ সালে জেনিফার বারেত্তোর জয়ের পর ৬টি মুকুট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে পুয়ের্তো রিকো।
টানা দুই বছর একই দেশের জয়
২০০৮ ও ২০০৯ সালে পরপর দুবার মিস ইউনিভার্সের মুকুট জেতে ভেনেজুয়েলা। ২০০৮ সালে দেশটির হয়ে বিজয়ী হন দায়ানা মেন্দোসা। পরের বছর মুকুট ওঠে স্তেফানিয়া ফের্নান্দেসের মাথায়। মিস ইউনিভার্সের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে টানা দুই বছর এই খেতাব জয়ের রেকর্ড আছে ভেনেজুয়েলার।
বিজয়ীদের মধ্যে সবচেয়ে লম্বা আমেলিয়া ভেগা
২০০৩ সালে মিস ইউনিভার্সের মুকুট জেতেন ডমিনিকান রিপাবলিকের আমেলিয়া ভেগা। তাঁর উচ্চতা ১৮৮ সেন্টিমিটার, অর্থাৎ ৬ ফুট ২ ইঞ্চি বা ৭৪ ইঞ্চি। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে লম্বা বিজয়ী হিসেবে পরিচিত তিনি।
ভুল ঘোষণায় বদলে যায় বিজয়ীর নাম
২০১৫ সালের মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। উপস্থাপক স্টিভ হার্ভে প্রথমে কলম্বিয়ার আরিয়াদনা গুতিয়েরেজকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু কয়েক মুহূর্ত পর নিজের ভুল বুঝতে পেরে জানান, আসলে মুকুট জিতেছেন ফিলিপাইনের পিয়া উর্ৎজবাখ। মঞ্চেই আরিয়াদনার মাথা থেকে মুকুট সরিয়ে পিয়ার মাথায় পরিয়ে দেওয়া হয়। ঘটনাটি মিস ইউনিভার্সের ইতিহাসে অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে।
চার মাসেই হারান মিস ইউনিভার্সের খেতাব
২০০২ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন রাশিয়ার অকসানা ফেদোরোভা। কিন্তু তাঁর রাজত্ব স্থায়ী হয় মাত্র চার মাস। দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ দেখিয়ে আয়োজক সংস্থা তাঁর খেতাব প্রত্যাহার করে নেয়। পরে প্রথম রানারআপ পানামার জাস্টিনে পাসেককে নতুন মিস ইউনিভার্স ঘোষণা করা হয়।

Source - www.haal.fashion ↗