Bangladesh · 2026-11-25 17:48:25

রাণীশংকৈলে আ.লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, বাদী বলছেন ‘আমি জানি না’

রাণীশংকৈলে আ.লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, বাদী বলছেন ‘আমি জানি না’
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলা নিয়ে দেখা দিয়েছে রহস্য। মামলার বাদী নিজেই বলছেন, তিনি এ মামলা সম্পর্কে কিছু জানেন না।

বাদী পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হলে তিনি মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন।

গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও আদালতে দাখিল করা এক হলফনামায় মাহাবুব আলম অভিযোগ করেন, মামলার আগের দিন তাঁকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে সেই কাগজই এজাহার হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, তাঁর সামনে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাঁকে বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আসামিরা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই।

গত ২১ নভেম্বর দায়ের করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দীনসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু ও ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এজাহার পর্যালোচনা করে দেখা যায়, নাম উল্লেখ করা আসামিদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। কাজের কারণে তাঁরা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, ছাত্রলীগ নেতা কামরুল হায়দার মিঠু, আল মুহিদ মাহী, জিমি ইসলাম ও আব্দুল হাকিম।

এ ছাড়া আসামি রাশেদ কবির গত ৮ নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

তবে বাদীর অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন। এর ভিডিও ফুটেজও রয়েছে। এখন বাদী মামলা প্রত্যাহার করতে চাইলে বা মামলা চালাতে না চাইলে সেটি তাঁর বিষয়।

এদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পুলিশের বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় এই এলাকার পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না।

Source - www.bd24live.com ↗