‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক—বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’—যুবলীগের মহিলা লীগের সাবেক এক নেত্রীর সঙ্গে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের এমন কথোপকথনের অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসির সঙ্গে ওই নারীর কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি রেকর্ড ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটি ৬ মিনিট ২০ সেকেন্ডের।
ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। অডিওতে প্রথম কথোপকথনে ওসিকে ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় কথোপকথনে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়। ওই নারী তাঁর পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফোনালাপ ভাইরাল

প্রথম ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কোথা থেকে কীভাবে তাঁর বাসায় যেতে হবে, তা বুঝিয়ে দেন। ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’
এরপর থানার দিকে যেতে বলে রাস্তা চিনিয়ে দেন তিনি। একপর্যায়ে বলেন, ‘মসজিদ দেখছো না হাতের বাম পাশে, এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’
যাতায়াতের ভাড়া নিয়েও কথা হয় দুজনের। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় ওই নারী ওসির বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন। জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’
ওই নারী রামানন্দপুরে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না।’ ওসি তখন বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ ওই নারী আবারও রামানন্দপুরে না থাকার কথা জানান।
একপর্যায়ে ওসি তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর যাতায়াতের ব্যবস্থা করতে বলেন। ওসি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো ওইটা একটা রিজার্ভ করো।’ পরে বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
এ সময় ওই নারী ওসিকে বারবার ফোন না দিতে বলেন। তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে। এখন আর বারবার ফোন দিয়েন না। তাহলে আপু জিজ্ঞেস করবে কে ফোন দেয়, কেন ফোন দেয়।’ পরে তিনি চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে গিয়ে সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসার কথা জানান। তখন ওসি গুগল ম্যাপে মিয়াবাজার থেকে তাঁর বাসায় যেতে কতক্ষণ লাগবে, তা দেখার কথা বলেন। একপর্যায়ে তিনি বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিবো, অসুবিধা নাই।’
ফোনালাপের শেষ দিকে ওসি ওই নারীকে রওনা হওয়ার পর জানাতে বলেন। ওই নারীও মেসেজ দেওয়ার কথা জানান। কথোপকথনে ওসিকে তাঁর আসার সময় জানতে চেয়ে অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।
দ্বিতীয় ফোনালাপের শুরুতে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর ওই নারী তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা চাওয়া ও তাঁর বোনকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। এখন তুহিনের কারণে তাঁর পরিবার আবার সমস্যায় পড়েছে।
ওই নারী আরও বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করলো, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কি করে আপনাদের কাছে ফোন করে?’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’ এরপর ওই নারী দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়া, জিডি ও অভিযোগ করার কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, পারভেজের বিরুদ্ধে অভিযোগ করার পরও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
পরে ওসি ওই নারীর সঙ্গে আবার দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছো নি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’ তিনি আরও বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকা-পয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এরপর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ এরপর ওসি বলেন, ‘নাইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’
এ সময় ওই নারী তাঁর বিরুদ্ধে মামলা, টাকা হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তুহিনের কারণে তাঁর বোন থানার মধ্যে মারধরের শিকার হওয়ার পরিস্থিতিতে পড়েছিলেন। পারভেজকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’
ওই নারী তাঁর সন্তানদের অসুস্থতার কথাও ওসিকে জানান। তিনি বলেন, তাঁর ছেলে ও মেয়ে অসুস্থ। মেয়েকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার জ্বর-কাশি রয়েছে। জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার উপর ঝাড়তেছো না?’ ওই নারী অবশ্য তাঁর ওপর দোষ চাপানোর কথা অস্বীকার করেন।
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, কল রেকর্ডের কথোপকথন তাঁরই। তবে আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে। তাঁর দাবি, পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও সত্য নয় বলে দাবি করেন ওসি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কল রেকর্ডগুলো ইতোমধ্যে তাঁদের নজরে এসেছে। সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় ওসির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত আগস্টে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসিকে স্বপদে বহাল রাখা হয়।
Source - www.bd24live.com ↗