পরিবহন মালিক গ্রুপের নামে বাসপ্রতি চাঁদা বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকে বাস কাউন্টারে এসে গাড়ি না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন মালিক গ্রুপের নামে আগে বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। সম্প্রতি তা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাড়তি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, দূরপাল্লার বাস থেকে রাজশাহী ও নাটোর মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও ১৩০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। বাস চলাচল চালুর বিষয়ে দূরপাল্লার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
চাঁদা ৩০ থেকে ১৩০ টাকা, চাঁপাইনবাবগঞ্জে বন্ধ দূরপাল্লার বাস

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গি বলেন, চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Source - www.bd24live.com ↗