Bangladesh · 2026-11-25 19:55:14

দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ
১৬–০।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হারজিতের ব্যবধানটা এখন এমনই দাঁড়িয়েছে। যে দুটি টেস্ট ড্র হয়েছে, সেগুলোর অন্তত এক দিন হলেও বৃষ্টিতে ভেসে গেছে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেও যে বাংলাদেশের জয়ের ঘরে ‘০’–এর জায়গায় কোনো সংখ্যা বসবে, সেই সম্ভাবনা ছিল সামান্যই। তারা অবিশ্বাস্য কিছু করতেও পারেনি।
জোহানেসবার্গে প্রথম টেস্টে তাও ইনিংস হার এড়াতে পেরেছিল বাংলাদেশ, সেঞ্চুরিয়নে সেটিও যায়নি। আজ টেস্টের তৃতীয় দিনেই তারা ম্যাচ হেরেছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে। এটিও অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড নয়। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।
সেঞ্চুরিয়ন টেস্টের ভাগ্য অবশ্য অনেকটা ঠিক হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর তিন ঘণ্টার মধ্যেই, প্রথম ইনিংসে বাংলাদেশ ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর। গতকাল দ্বিতীয় দিনে সারাদিন ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান করে দক্ষিণ আফ্রিকা। আজ তৃতীয় দিন সকালে আর ব্যাটিংয়ে না নেমে সেখানেই ইনিংস ঘোষণা করে দেয় তারা।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনদক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করানো তো পরে, প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ৪০৩ রান অতিক্রম করাই কঠিন ছিল বাংলাদেশের জন্য। প্রথম এক ঘণ্টা অবশ্য মন্দ কাটেনি। স্লিপে ক্যাচ গেছে কয়েকটা, কয়েকবার প্রায় আউট হতে হতেও বেঁচে গেছেন দুই ওপেনার। পরে তো জুটিটা একটা রেকর্ডও গড়ে ফেলে!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল হান্নান সরকার ও আল শাহরিয়ারের ৫২ রান। আজ সেটি ছাড়িয়ে যাওয়া মাহফিজুল–তানজিদের জুটি থেমেছে ৫৮ রানে। উইয়ান মুল্ডারের বলে তানজিদ ক্যাচ দেন উইকেটের পেছনে। পরের ওভারে শূন্য রানে তাঁর বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুলও; দুই টেস্টের চার ইনিংসের দুটিতেই শূন্য রানে আউট হওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান বাকি দুই ইনিংসে করেছেন ১ ও ১৮।
এই সিরিজে টেসন অভিষেক হওয়া মাহফিজুল ইসলাম প্রথম ইনিংসে ২৩ রান করেই হয়ে গিয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। দ্বিতীয় ইনিংসেও তাঁর ৩৮ রান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। মার্কো ইয়ানসেনের ভেতরে ঢোকা বলে কী করবেন তা নিয়ে দ্বিধায় থাকতেই থাকতেই বল লাগে তাঁর প্যাডে। আম্পায়ার এলবিডব্লু দিলে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি মাহফিজুলের।
ওপেনিং জুটির পর বাংলাদেশ সবচেয়ে বড় প্রতিরোধ গড়তে পেরেছিল পরের জুটিতে। তাওহিদ হৃদয় বলতে গেলে একাই করেছেন তা। এরকম বিরূপ পরিস্থিতিতেও হৃদয় এক শর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের।
তবে তাঁর ইনিংসও লম্বা হতে পারেনি। ৩৩ বলে ৭ চার আর ১ ছক্কায় ৪১ রানের ওই ইনিংসই অবশ্য দলের জন্য সর্বোচ্চ। তাঁকে ফিরিয়ে কাগিসো রাবাদার খ্যাপাটে উদ্যাপনেই বোঝা গেছে, হৃদয় তাদের কিছুটা হলেও অস্বস্তিতে রাখতে পেরেছেন।
ওপেনিংয়ে ৫৮ রানের জুটি গড়েন মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসানহৃদয় আউট হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় সেশনটাই পার করতে পারেননি। সেটি হতে দেননি আসলে মুল্ডার। তাঁর অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলে একে একে বোল্ড হন লিটন দাস, জাকের আলী আর শরীফুল ইসলাম।
একপর্যায়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো মুল্ডার একাই ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে ১৮৪ রানে অলআউট করে দেন। তাতে টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি আর ৭ উইকেটের রেকর্ডও গড়ে ফেলেন মুল্ডার।
মুল্ডারের রেকর্ড গড়া পারফরম্যান্স, রাবাদার আগুনে বোলিং কিংবা মার্কেস অ্যাকারম্যানের তুলোধোনা করা ব্যাটিং— দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০ টেস্টে ৬বারই ইনিংস ব্যবধানে হারা বাংলাদেশও আরও একবার বুঝতে পারল ব্যবধানটা। সিরিজটা বাংলাদেশ হারল ২–০ ব্যবধানে।
বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো

Source - www.prothomalo.com ↗