Bangladesh · 2026-11-25 19:17:40

সেই সন্ত্রাসী রায়হান নিজেই ফোন করলেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কথা বললেন ১০ মিনিট

সেই সন্ত্রাসী রায়হান নিজেই ফোন করলেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কথা বললেন ১০ মিনিট
পুলিশ তাঁকে খুঁজছে। অথচ নিজেই চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করে প্রায় ১০ মিনিট কথা বলেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। ওই কর্মকর্তা তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, দিয়েছেন নিরাপত্তার আশ্বাসও। কিন্তু তাতে রাজি হননি রায়হান। উল্টো দাবি করেছেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে পালিয়ে গেছেন তিনি। পুলিশ তাঁকে খুঁজে পাবে না বলেও ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথম আলোকে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না। তবে রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি; বরং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ কারণে অবস্থান গোপন রেখে বারবার পুলিশের অভিযান এড়াতে পারছেন তিনি।
সন্ত্রাসী মো. রায়হানআত্মসমর্পণে নিরাপত্তার আশ্বাস
ফেসবুকে প্রকাশিত অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজকে রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’
রায়হান আত্মসমর্পণ করলে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেন তারেক আজিজ। যত দিন তিনি দায়িত্বে থাকবেন, তত দিন রায়হানের কোনো সমস্যা হবে না বলেও জানান। এমনকি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন।
একপর্যায়ে তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’
জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তাঁর রয়েছে। তবে আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তাঁর ভাষ্য, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এরপর তাঁকে নিয়ে ঝামেলা তৈরি হয়। তাঁর কাছ থেকে তাঁর ভাই সব অস্ত্র নিয়ে নেন।
আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কার কথাও জানান রায়হান। তিনি বলেন, ‘এখন ঢুকলে ভাই, বাইরেতে পারব না। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’
জবাবে তারেক আজিজ বলেন, রায়হান যতটুকু অপরাধের সঙ্গে জড়িত, তাঁর বিরুদ্ধে শুধু ততটুকুর জন্যই ব্যবস্থা নেওয়া হবে। মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলা দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
নিজেই গুলি ছোড়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট সন্ত্রাসীরঅবস্থান নিয়ে ‘আত্মবিশ্বাস’
কথোপকথনে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে আত্মবিশ্বাস দেখান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাঁকে খুঁজে পাবে না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার কথাও পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি।
একপর্যায়ে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ‘হাওয়া হয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন। ফোনালাপে তাঁকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। পুলিশ কর্মকর্তার পরিবারের খোঁজখবরও নেন তিনি।
ফটিকছড়িতে সাম্প্রতিক গুলির ঘটনা নিয়েও কথা হয় দুজনের মধ্যে। রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারত করাতে যাচ্ছিলেন। পথে লোকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে। কেন তাঁর গাড়ির সামনে-পেছনে লোকজন অবস্থান নিয়েছিল, তা তিনি জানেন না বলেও দাবি করেন।
গুলিতে আহত ব্যক্তিদের বিষয়ে পুলিশ কর্মকর্তা জানতে চাইলে রায়হান বলেন, তাঁদের ক্ষতি হয়েছে। এ সময় তিনি বলেন, ‘আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো জানেন। তাহলে আমায় কেন নিয়ে লাগছে সবাই?’
কথোপকথনে কাদের নামের এক ব্যক্তির প্রসঙ্গও তোলেন পুলিশ কর্মকর্তা। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কি না, জানতে চাইলে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’
কথোপকথনের শেষ দিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসে নাশতা করার আগ্রহও প্রকাশ করেন রায়হান। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণের বিষয়ে সম্মতি দেননি তিনি।
রায়হানের সঙ্গে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, রায়হানের পুলিশের সামনে সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার দাবি ভুয়া। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে উপস্থিত লোকজনের উদ্দেশে মাইক হাতে ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
এর আগে গত ২৯ জুলাই রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালী এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। এর পর থেকে পলাতক অবস্থায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন রায়হান। কখনো প্রতিপক্ষকে কেটে টুকরা টুকরা করার, আবার কখনো চাঁদা না দিলে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Source - www.prothomalo.com ↗