Bangladesh · 2026-11-25 19:09:05

এনএসইউ এমবিএ–ইএমবিএ প্রোগ্রামের উদ্যোগে বাজেটে নিয়ে সেমিনার অনুষ্ঠিত

এনএসইউ এমবিএ–ইএমবিএ প্রোগ্রামের উদ্যোগে বাজেটে নিয়ে সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছিল।
গত শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ৮০১-এ আয়োজিত সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার। মূল আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়। এর মাধ্যমে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের একটি ক্ষেত্র তৈরি হয়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।
সেমিনারে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। উপাচার্যের আলোচনায় বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সহযোগিতা জোরদার করার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতি ও করপোরেট খাতকে প্রভাবিত করা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের জমা দেওয়া প্রশ্নে একাডেমিক যোগ্যতা ও শিল্প খাতের চাহিদার মধ্যে অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপের বিষয় উঠে আসে।
প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক মো. মোখলেছ উর রহমান। একাডেমিক আলোচনায় আরও অন্তর্ভুক্ত ছিলেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক এ কে এম আতিকুর রহমান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্য এবং সেশনের উদ্দেশ্য তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Source - www.prothomalo.com ↗