Bangladesh · 2026-11-25 21:48:51

মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দীঘি

মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দীঘি
মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, সুখ-দুঃখ আর এক পারিবারিক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। চরকি প্রযোজিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিম ও সুমাইয়া শিমুকে। কাজী আসাদের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামান। ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে কুয়াকাটায়। কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ডিসেম্বর পর্যন্ত চলবে দৃশ্যধারণ। এর আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসি-ঠাট্টা ও আড্ডায় মেতে ওঠেন সংশ্লিষ্টরা।

‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার চলচ্চিত্র পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ ফিল্ম নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি।

সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে কাজী আসাদ বলেন, উৎসবে সবাই একসঙ্গে থাকতে পছন্দ করেন। বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর চেষ্টা করেন। গল্পটিও এমন হওয়ায় ঈদে মুক্তির জন্য উপযুক্ত মনে হয়েছে তাঁর।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, চিত্রনাট্য ও নিজের চরিত্র ভালো লাগলেও শুরুতে কাজটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হন। দর্শক সিনেমায় পুরো পরিবারকে দেখে নিজেদের খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

‘আধুনিক বাংলা হোটেল’-এ কাজের সুবাদে পরিচালক কাজী আসাদের সঙ্গে আগে থেকেই বোঝাপড়া রয়েছে মোশাররফ করিমের। দীর্ঘদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয়ের সুযোগকে ভালো লাগার বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, গল্পটি সুন্দর এবং কাজটি ঠিকভাবে করতে পারলে দর্শকেরও ভালো লাগবে।

ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন দীঘি। বিষয়টি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা স্নায়ুচাপের কথাও জানিয়েছেন তিনি। দীঘি বলেন, মোশাররফ করিমের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলবেন, তা নিয়ে কিছুটা চিন্তায় আছেন। তবে ক্যামেরার সামনে তাঁর সঙ্গে রিহার্সেল করলে সব ঠিক হয়ে যাবে বলে আশা করছেন। সিনেমার গল্প নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী।

৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানও সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর প্রত্যাশা জানিয়ে তিনি মজা করে বলেন, ‘তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

Source - www.bd24live.com ↗