Bangladesh · 2026-11-25 21:04:44

স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়েছে বেইলী ব্রিজ

স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়েছে বেইলী ব্রিজ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া থেকে আজিজনগর সড়কের একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে স্কেভেটর (ভেকু) বহনকারী একটি ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে ব্রিজটি ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আজিজনগর থেকে গজালিয়াগামী একটি ভারী ট্রাক স্কেভেটর নিয়ে বেইলি ব্রিজটির ওপর ওঠে। ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজন হওয়ায় মুহূর্তের মধ্যেই লোহার পাটাতন ও কাঠামো ভেঙে ট্রাকসহ ব্রিজটি ধসে পড়ে।

এই দুর্ঘটনার ফলে লামা উপজেলার গজালিয়া ও আজিজনগর ইউনিয়নের মধ্যকার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটির দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, আজিজ নগর-গজালিয়া সড়কের এই বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও এই সড়কে অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে একাধিকবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড বা ওজন সীমা থাকার পরও প্রশাসনের নজরদারির অভাবে অবাধে ভারী যানবাহন চলাচল করায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের করেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই সড়কটি পুনরায় স্বাভাবিক ভাবে চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।

Source - www.bd24live.com ↗