তিন দশকেরও বেশি সময় পর আবারও ‘হোম অ্যালোন’ সিনেমার কেভিন ম্যাককলিস্টার চরিত্রে ফিরতে যাচ্ছেন হলিউড অভিনেতা ম্যাকলে কালকিন। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিজনি। এতে কালকিনের ফেরার বিষয়টি নিয়ে কাজ এগোচ্ছে।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ। তাঁরা প্রযোজনার দায়িত্বও পালন করবেন। ম্যাকলে কালকিনের একটি গল্পের ধারণা নিয়ে চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
নতুন সিনেমায় কেভিনকে দেখা যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক বাবা হিসেবে। আগের সিনেমাগুলোতে ছোট্ট কেভিনকে পরিবারের সদস্যরা ভুল করে বাড়িতে রেখে ছুটিতে চলে যেতেন। এবার গল্পের প্রেক্ষাপট হতে পারে উল্টো। বড় হয়ে যাওয়া কেভিন নিজের সন্তানকে সময় দিতে না পারায় ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে ছেলেই বাবাকে বাড়ির বাইরে আটকে রেখে নানা ফাঁদ পাততে পারে—এমন ধারণার কথা আগে জানিয়েছিলেন কালকিন।
৩৪ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন সেই কেভিন

১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘হোম অ্যালোন’ সিনেমায় কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ম্যাকলে কালকিন। ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাগুলোতে তাঁকে আর দেখা যায়নি।
নতুন সিনেমাটির পরিচালক, অন্য অভিনয়শিল্পী কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিজনি এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যও করেনি।
Source - www.bd24live.com ↗