Bangladesh · 2026-11-25 22:14:47

সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা

সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা
‘আমরা চাই, সময়ের সঙ্গে প্রথম আলোর বয়স বাড়ুক, কিন্তু তারুণ্য ও নতুনত্ব যেন কখনো হারিয়ে না যায়। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা, সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেও প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ২২ নভেম্বর পৌর শহরের চৌরাস্তার মোড় এলাকায় উদীচী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাজগঞ্জ বন্ধুসভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি। শুভেচ্ছা বক্তব্য দেন গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও লেখক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহিদ হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশচন্দ্র ভৌমিক এবং বন্ধুসভার উপদেষ্টা ও জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।
বক্তারা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রথম আলো দেশের গণমাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে প্রথম আলো বন্ধুসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা, সহসভাপতি আবু সালেহ মুসা, সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আলাইনা কলি, ম্যাগাজিন সম্পাদক আশীষ বিপ্লব, প্রশিক্ষণ সম্পাদক আলহাম রবিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ওলী উল্লাহ অনিক, কার্যনির্বাহী সদস্য কাউছার আহমেদ এবং সদস্য কথা খাতুন ও আবদুল বারিক প্রমুখ।
আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন সিরাজগঞ্জ বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক আশীষ বিপ্লব, সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহিদ হাসান, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা আইয়ুব আলী এবং বন্ধু আবদুল বারিক। নৃত্য পরিবেশন করে ছোট্ট দুই বন্ধু বিতিশা কুন্ডু ও রিয়াংশী ঘোষ। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗