Bangladesh · 2026-11-25 22:21:38

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে আবেগঘন মুহূর্তে হুম্মাম কাদের

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে আবেগঘন মুহূর্তে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রজন্মের ব্যবধানে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে ফিরে আসাকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন হুম্মাম কাদের চৌধুরী। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

‘ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে’—এমন বক্তব্য দিয়ে পোস্টের শুরুতে হুম্মাম লেখেন, ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়ানো তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের মুহূর্ত।

পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক করিডোরে ফিরে আসা তাঁর পরিবারের রাজনৈতিক পথচলার এক মর্মস্পর্শী স্মারক।

ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের দায়িত্বের সম্পর্ক তুলে ধরে হুম্মাম কাদের চৌধুরী আরও লেখেন, ইতিহাস মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করে, একই সঙ্গে ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।

ছবিটির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এটি তাঁর কাছে কেবল একটি মুহূর্তের ছবি নয়; বরং প্রজন্মের মধ্যে ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্যের অনুভূতি এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের প্রতীক।

Source - www.bd24live.com ↗