Bangladesh · 2026-11-25 22:25:58

নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা বিএনপি

নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা বিএনপি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জেলা বিএনপি বলছে, কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে আগুন দিতে দেখা যায়, যাতে কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়। ওই ঘটনার পর বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার অপপ্রচার চালাচ্ছেন। নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবরটিও নিছক গুজব।

একই দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনও। তিনি বলেন, কার্যালয় থেকে খানিকটা দূরে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে তা ভিডিও করে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ঘটনার ব্যাখ্যা দিয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপির কার্যালয় থেকে খানিকটা দূরে নর্দমায় ময়লা-আবর্জনা ও পুরোনো কাগজ পড়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন দিয়ে ভিডিও ধারণ করে এখন ইন্টারনেটে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার চালাচ্ছে সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত কিছু নেতা-কর্মী।

আলাউদ্দিন সরকার বলনে, ‘দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতাম, আইনের আশ্রয় নিতাম। যার ঘর পুড়েছে তার মাথাব্যথা নেই, উল্টো ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে ঘুম হারাম করেছেন ফ্যাসিস্ট গুজববাজেরা।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই মন্তব্য করার সময় আসেনি।

The post নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা বিএনপি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗