Bangladesh · 2026-11-26 02:34:50

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম
বাংলা, হিন্দি ও ইংরেজি—তিন ভাষাতেই রাজ্যের নাম থাকবে ‘পশ্চিমবঙ্গ’। এমন নামকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিসেম্বর মাসের গোড়ার দিকে শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতীয় এই রাজ্য দীর্ঘদিন ধরে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে পরিচিত। নামটি পরিবর্তন করে সরকারি ও প্রশাসনিক নথিতে ইংরেজি, হিন্দিসহ সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি আর থাকছে না।
সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকার ও সংসদে পাঠানো হবে।
এ বিষয়ে রাজ্য সরকারের যুক্তি হলো, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ার কারণে তা ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে একেবারে শেষের দিকে অবস্থান করে। এই কারণে দিল্লিতে বিভিন্ন সর্বভারতীয় সভায় বর্ণানুক্রমিক তালিকা অনুযায়ী রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ আসে সবার শেষে। এই অসুবিধা দূর করতেই রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যের নাম পরিবর্তনের চেষ্টা এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাস করেছিল। তার আগে বাম ফ্রন্ট সরকারের আমলেও রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে অতীতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এসব পরিবর্তনকে অনুমোদন দেয়নি। ফলে কোনো প্রস্তাবই বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে কেন্দ্র ও রাজ্য—দুই জায়গায়ই ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। এ কারণে নাম পরিবর্তনের প্রস্তাবটি অনুমোদন পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজেপি নেতৃত্বাধীন সরকার যে যুক্তিই খাড়া করুক না কেন, নাম পরিবর্তন হলে মানুষের সুবিধার চেয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজ্যের বুদ্ধিজীবীদের অনেকে। ইতিহাসবিদ তথা প্রাবন্ধিক গৌতম বসুমল্লিক প্রথম আলোকে জানিয়েছেন, ‘এ বিষয়টি নতুন কিছু নয়; বরং নিছক চমক। এসব ছাড়াও রাজ্যে আরও নানান সমস্যা রয়েছে, যার আশু সমাধান প্রয়োজন।’
গৌতম বসুমল্লিক বলেন, ১৯৪৭ সালে বাংলাকে ভাগ করার সময় দেখা যায়, ভারতের মধ্যে থাকছে পশ্চিম অংশ এবং পাকিস্তানের ভাগে থাকছে পূর্ব অংশ। এটি সে সময় পূর্ব পাকিস্তান নামে চিহ্নিত হয় এবং আরও পরে বাংলাদেশ নামে পরিচিত হয়। ভারতের ভাগে থেকে যাওয়া পশ্চিম অংশ স্বাধীন ভারতে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ এবং ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিতি পায়।
বিজেপি ক্ষমতায় আসার পাঁচ মাসেই পশ্চিমবঙ্গের মানুষ কেন ‘হতাশ’গৌতম বসুমল্লিকের মতে, ১৯৪৭ সালে আনুষ্ঠানিকভাবে চিহ্নিতকরণ হলেও বাংলার পূর্ব ও পশ্চিম ভাগ অর্থাৎ চলতি ভাষায় পূর্ব ও পশ্চিমবঙ্গের ধারণা বহু আগেই জনমানসে প্রচলিত ছিল। বিষয়টি স্পষ্ট হয় প্রাচীনকালে বিয়েসহ নানা অনুষ্ঠানে স্থানটির নামের উল্লেখ থেকেই। তাই বিষয়টি নতুন কিছু নয়।
নাম পরিবর্তন করা হলে সরকারি কাজে কিছু সুবিধা পাওয়া গেলেও তার জন্য মোটা আর্থিক খরচ বহন করতে হবে প্রশাসনকে—এমনটাই মনে করছেন বুদ্ধিজীবীরা। তাঁদের যুক্তি, সরকারি কাজে ব্যবহৃত অসংখ্য সাইনবোর্ড, গ্লো সাইন, দরখাস্ত করার ফরম, চিঠির প্যাড ইত্যাদি পাল্টাতে হবে। তার জন্য বিপুল পরিমাণে যে অর্থ ব্যয় হবে, তা আখেরে রাজ্যবাসীর মাথাতেই চেপে বসবে।
পশ্চিমবঙ্গে বিতর্কিত ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, কী আছে এতেপশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রধান চ্যালেঞ্জগুলো কী

Source - www.prothomalo.com ↗