Bangladesh · 2026-11-26 03:01:02

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়েছে প্রায় ২৫ লাখ টাকার জুতা

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়েছে প্রায় ২৫ লাখ টাকার জুতা
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালীয় ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন গোডাউনের মালিক ও সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়েছে। এর পর আবার আগুনের ঘটনা ঘটল। বিষয়টি শত্রুতামূলক হতে পারে বলে তিনি মনে করছেন। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

আজ ২৫ নভেম্বর দুপুরে শহরের খরমপুরে অবস্থিত লোটোর শোরুমের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়। সেগুলো রক্ষা করা সম্ভব হয়নি। এ ছাড়া গোডাউন ও এর পাশের দোতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় পাশের বাসাবাড়ি ও অন্যান্য দোকান রক্ষা পেয়েছে।

লোটোর শেরপুর আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানান, তাদের গোডাউন ও শোরুম মিলিয়ে ৬০ লাখ টাকার মালামাল রয়েছে। তবে অডিট টিম এসে হিসাব করার আগে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শোরুম-সংলগ্ন ভবনটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হাজার হাজার উৎসুক জনতার ভিড়ের কারণে তাদের উদ্ধারকাজ ব্যাহত হয়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

The post শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়েছে প্রায় ২৫ লাখ টাকার জুতা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗