Bangladesh · 2026-11-26 09:30:00

মেরিলিন মনরো থেকে হোয়াইট হাউসের ইন্টার্ন, কেনেডির নারীদের মধ্যে আর কারা ছিলেন

মেরিলিন মনরো থেকে হোয়াইট হাউসের ইন্টার্ন, কেনেডির নারীদের মধ্যে আর কারা ছিলেন
এফবিআইয়ের ফাইল, সিনেটের তদন্ত, দেহরক্ষীদের স্মৃতি আর কয়েকজন নারীর বয়ান পাশাপাশি রাখলে জন এফ কেনেডির জীবনের এমন একটা অধ্যায় উঠে আসে, যা তাঁর ঝকঝকে ভাবমূর্তির সঙ্গে মেলে না। কিছু ঘটনা প্রমাণিত, কিছু শুধুই দাবি। তাঁর ব্যক্তিজীবনের এই দিক নিয়ে এ লেখা।
১৯৬২ সালের ১৯ মে রাত। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডির ৪৫তম জন্মদিনের অনুষ্ঠানে। মঞ্চে একে একে উঠছেন জ্যাক বেনি, এলা ফিটজেরাল্ড, মারিয়া কালাস, হেনরি ফন্ডা। তারপর হঠাৎ নিভে গেল সব আলো। অন্ধকারে একটা স্পটলাইট গিয়ে পড়ল মেরিলিন মনরোর ওপর, হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী। গায়ে ত্বকের রঙের আঁটসাঁট পোশাক। সেই রাতে লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফার বিল রে পরে বলেছেন, মনরো গান ধরার আগে গোটা হল যেন দম বন্ধ করে ছিল।
মনরো গাইলেন ‘হ্যাপি বার্থডে, মিস্টার প্রেসিডেন্ট’, ফিসফিসে, প্রায় আদুরে গলায়। গান শেষ হলে মঞ্চে উঠে কেনেডি হেসে বললেন, এমন মিষ্টি ও নির্মল জন্মদিনের গান শোনার পর তিনি রাজনীতি থেকে অবসর নিতে পারেন। টাইম ম্যাগাজিন কথাটা ছেপেছিল। রাতের শেষে ম্যানহাটানে প্রযোজক আর্থার ক্রিমের বাড়িতে আফটার-পার্টি বসল।
হোয়াইট হাউসের ফটোগ্রাফার সিসিল স্টাউটন সেখানে একটা ছবি তুললেন, মনরো দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট আর তাঁর ভাই অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডির মাঝখানে। টাইমের ২০১৮ সালের এক প্রতিবেদন অনুযায়ী, মনরো ও কেনেডির একসঙ্গে তোলা একমাত্র পরিচিত ছবি এটাই। তিন মাসও গেল না, ৫ আগস্ট ঘুমের ওষুধের অতিরিক্ত মাত্রায় মারা গেলেন মনরো। বয়স ছিল মাত্র ৩৬।
তরুণ প্রেসিডেন্ট, রূপসী স্ত্রী আর শিল্প-সংস্কৃতির আসর—জন এফ কেনেডির শাসনকালকে আমেরিকা চেনে ‘ক্যামেলট’ নামে। কিন্তু এফবিআইয়ের ফাইল, সিনেটের তদন্ত, দেহরক্ষীদের স্মৃতি আর কয়েকজন নারীর বয়ান পাশাপাশি রাখলে সেই ঝকঝকে ভাবমূর্তির আড়ালে এমন এক জীবনের দেখা মেলে, যা ফাঁস হলে প্রেসিডেন্টের গদি টলে যেতে পারত।সেই গান আর সেই ছবি দুজনকে নিয়ে গুজবে ঘি ঢেলেছিল। কিন্তু এ গল্প শুধু মনরোর নয়। কেনেডির শাসনকালকে আমেরিকা চেনে ‘ক্যামেলট’ নামে। ইংল্যান্ডের কিংবদন্তি রাজা আর্থারের রাজধানীর নাম ছিল ক্যামেলট। গল্পে সেখানে ন্যায়, বীরত্ব আর আদর্শের এক সোনালি সভা বসত। কেনেডির হোয়াইট হাউসকেও মানুষ দেখেছে সেই আলোয়, তরুণ প্রেসিডেন্ট, রূপসী স্ত্রী, শিল্প-সংস্কৃতির আসর, নতুন দিনের স্বপ্ন।
কিন্তু পরের কয়েক দশকে সামনে এসেছে এফবিআইয়ের ফাইল, সিনেটের তদন্ত, গোয়েন্দা সংস্থার দলিল, দেহরক্ষীদের বয়ান আর কয়েকজন নারীর স্মৃতিকথা। সব মিলিয়ে বোঝা যায়, ওই সোনালি দরবারের আড়ালে ছিল আরেকটা জীবন, যা ফাঁস হলে প্রেসিডেন্টের গদি টলে যেতে পারত।
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট চলাকালে দেশটিতে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণাপত্রে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, ২৩ অক্টোবর ১৯৬২পরিচ্ছন্ন ভাবমূর্তি তখন নতুন ট্রেন্ড
১৯৬০ সালের নভেম্বরে কেনেডি রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বয়স মাত্র ৪৩। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট, আবার প্রথম ক্যাথলিক। প্রায় সাত কোটি ভোটের মধ্যে জয়ের ব্যবধান ছিল ১ লাখ ২০ হাজারের কম।
টেলিভিশনে অনুষ্ঠিত চারটি বিতর্কে কেনেডির শান্ত, আকর্ষণীয় উপস্থিতি অনেক পর্যবেক্ষকের মতে ফল নির্ধারণে ভূমিকা রেখেছিল। টেলিভিশন তখন সদ্য ঘরে ঘরে ঢুকছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি হয়ে উঠছে রাজনীতির নতুন ট্রেন্ড।
১৯৬২ সালের ১৯ মে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আদুরে গলায় মেরিলিন মনরোর গাওয়া ‘হ্যাপি বার্থডে, মিস্টার প্রেসিডেন্ট’ এবং আফটার-পার্টিতে তোলা একমাত্র পরিচিত ছবিটি দুজনকে ঘিরে গুজবে ঘি ঢেলেছিল। জীবনীকার ও জেএফকে ফাইলের তথ্যে সম্পর্কের আভাস মিললেও, পরোক্ষ সূত্রের এই গল্পে ঢুকে পড়েছিল জাল দলিলের বিতর্কও।সময়টা স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার)। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন দুপক্ষই পারমাণবিক অস্ত্রে সজ্জিত। তাই সরাসরি লড়াই নেই, কিন্তু ভয় আছে সারাক্ষণ। কেনেডির তিন বছরে দুনিয়া বারবার কেঁপেছে।
১৯৬১ সালের এপ্রিলে প্রায় দেড় হাজার কিউবান নির্বাসিত গোয়েন্দা সংস্থা সিআইএর পরিকল্পনায় ফিদেল কাস্ত্রোর সরকার ফেলতে কিউবার বে অব পিগসে নামেন, আর পরিকল্পনা ব্যর্থ হয়। আগস্টে পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর তুলে দেয়। ১৯৬২ সালের অক্টোবরে কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র বসানো নিয়ে ১৩ দিনের সংকট অনেকের মতে পারমাণবিক যুদ্ধের সবচেয়ে কাছাকাছি মুহূর্ত।
টেক্সাসের ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নামছেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি। এ ঘটনার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে গুলিতে নিহত হন কেনেডি। ২২ নভেম্বর ১৯৬৩যে মানুষের একটা সিদ্ধান্তে এমন যুদ্ধ বেধে যেতে পারে, তাঁর শয্যাসঙ্গী কারা, সেটা তাই কেবল গুজবের বিষয় ছিল না, ছিল নিরাপত্তার প্রশ্নও। আর তাঁর নিজের শরীরও ছিল এক গোপন অধ্যায়। জনসমক্ষে কেনেডি তরতাজা, চনমনে। কিন্তু ২০০২ সালে ঐতিহাসিক রবার্ট ডালেক কেনেডির চিকিৎসা-নথি দেখার অনুমতি পান, যা কয়েক দশক ধরে পরিবারের তিন ঘনিষ্ঠ সহযোগীর কমিটি কাউকে দেখতে দেয়নি।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী নথিতে দেখা যায়, প্রেসিডেন্ট থাকাকালেও তিনি দিনে আটটি পর্যন্ত ওষুধ খেতেন, যার মধ্যে ছিল ব্যথানাশক, উদ্বেগ কমানোর আর ঘুমের ওষুধ। তাঁর ছিল অ্যাডিসন্স ডিজিজ, অ্যাড্রিনাল গ্রন্থির অকার্যকারিতা, একসময় যে রোগ ধরা পড়ার অর্থ প্রায় মৃত্যু অবধারিত ধরা হতো।
১৯৬০ সালের মনোনয়নের লড়াইয়ে লিন্ডন জনসনের শিবির কথাটা ছড়ালে কেনেডির শিবির অস্বীকার করে। ডালেকের মত, সব জানাজানি হলে কেনেডির নির্বাচিত হওয়ার সুযোগই নষ্ট হতো। তরুণ, সুস্থ, সফল প্রেসিডেন্টের ছবি বাঁচিয়ে রাখা ছিল রীতিমতো কৌশল। ব্যক্তিগত জীবনের বাকি অংশও চলেছে ওই নিয়ন্ত্রণের ভেতর দিয়েই।
কেনেডি হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এলহুভারের গোপন নথি আর এক ডেনিশ সাংবাদিক
এ কাহিনির এক নেপথ্য চরিত্র জে এডগার হুভার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান ছিলেন ১৯২৪ সাল থেকে ১৯৭২ সালে মৃত্যু পর্যন্ত, প্রায় অর্ধশতক। প্রেসিডেন্টরা আসতেন-যেতেন, হুভার থেকে যেতেন। তাঁর খ্যাতি, অনেকের কাছে কুখ্যাতি, ফাইল জমানোয়। রাজনীতিক, সাংবাদিক, শিল্পী, কারও ব্যক্তিগত জীবনই তাঁর নজর এড়াত না।
মৃত্যুর আগে হুভারের গোপন ‘অফিশিয়াল অ্যান্ড কনফিডেনশিয়াল ফাইল’ আলাদা করে সংরক্ষণ করা হয়, যার ক্যাটালগে ইঙ্গা আরভাদ নামটাও আছে। আরভাদ ছিলেন কেনেডির জীবনে প্রথম নারী, যাঁর কারণে এফবিআইয়ের ফাইলে তরুণ কেনেডির নাম উঠেছিল।
গায়ক ফ্র্যাঙ্ক সিনাত্রার মাধ্যমে কেনেডির সঙ্গে পরিচিত জুডিথ এক্সনার একই সময়ে ঘনিষ্ঠ ছিলেন শিকাগোর মাফিয়া নেতা স্যাম জিয়ানকানা ও জন রোসেলির সঙ্গে—যাঁদের সঙ্গে সিআইএ তখন কাস্ত্রো-হত্যার পরিকল্পনা নিয়ে আলাপ চালাচ্ছিল। স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে প্রেসিডেন্টের শয্যাসঙ্গী কারা, সেটা তাই কেবল গুজবের বিষয় ছিল না, হয়ে উঠেছিল নিরাপত্তার প্রশ্নও।সময়টা ১৯৪২। যুক্তরাষ্ট্র সদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমেছে। কেনেডি তখন নৌবাহিনীর তরুণ কর্মকর্তা, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নও দেখেননি। ইঙ্গা আরভাদ ছিলেন ডেনমার্কে জন্ম নেওয়া সাংবাদিক।
১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ইঙ্গা হিটলারের অতিথি ছিলেন। আর সেই অতীত তাঁকে এফবিআইয়ের চোখে সন্দেহভাজন নাৎসি গুপ্তচর বানিয়ে দেয়। একটি বইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের অনুমোদনে তাঁর ফোনে আড়ি পাতা হয়। জানা যায়, ১৯৪২ সালের মার্চে আড়ি পাতা ফোনালাপে আরভাদ ও কেনেডির কথোপকথনও ধরা পড়েছিল।
এফবিআই ভল্টে থাকা স্মারকে লেখা আছে, ফেব্রুয়ারিতে আরভাদ চার্লসটনের একটি হোটেলে কেনেডির সঙ্গে বেশ কয়েকটি সপ্তাহান্ত কাটিয়েছেন। তদন্ত শেষ হয় ১৯৪৫ সালে। অবশ্য নাশকতা বা গুপ্তচরবৃত্তির কোনো প্রমাণ মেলেনি।
যাচাই করা সত্য তাই এটুকুই—তাঁদের মধ্যে সম্পর্ক ছিল, এফবিআই তা জানত। আর গুপ্তচরবৃত্তির অভিযোগ টেকেনি। কিন্তু পরের দুই দশক এ ছকটাই বারবার ফিরে আসবে। কেনেডির ব্যক্তিগত সম্পর্ক গিয়ে ঠেকবে রাষ্ট্রীয় নজরদারি আর নিরাপত্তার প্রশ্নে।
হোয়াইট হাউসে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ওয়াশিংটন ডিসি, ১৯৬২ সালসিনাত্রার বন্ধু, মাফিয়ার প্রেমিকা
১৯৬০ সালের ফেব্রুয়ারি। লাস ভেগাসে গায়ক ফ্র্যাঙ্ক সিনাত্রা তখনকার সিনেটর কেনেডির সঙ্গে পরিচয় করিয়ে দেন জুডিথ ক্যাম্পবেলের, পরে যিনি জুডিথ এক্সনার নামে পরিচিত হন। তখন তাঁর বয়স ২৫-এর কাছাকাছি, বিবাহবিচ্ছেদ হয়েছে।
টাইমের ১৯৭৫ সালের প্রতিবেদন অনুযায়ী, কেনেডির সঙ্গে পরিচয়ের এক মাস পর সিনাত্রা সেই নারী জুডিথকে শিকাগোর মাফিয়া লিডার স্যাম জিয়ানকানার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জিয়ানকানা পরে তাঁকে পরিচয় করান জন রোসেলির সঙ্গে।
এই দুজন পরে সিআইএর ফিদেল কাস্ত্রো-হত্যা পরিকল্পনার আলোচনায় জড়িয়ে পড়েন। শুনতে অবিশ্বাস্য, কিন্তু সিআইএ তখন সত্যিই কাস্ত্রোকে সরাতে মাফিয়া নেতাদের সঙ্গে আলাপ চালাচ্ছিল। ফলে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক নারী এমন দুজনেরও ঘনিষ্ঠ, যাঁদের সঙ্গে খোদ সরকার গোপনে হাত মেলাতে চেয়েছে। বিপদের গন্ধটা এখানেই।
জুডিথের নিজের হিসাবে তিনি হোয়াইট হাউসে কেনেডির সঙ্গে ২০ বারের বেশি দেখা করেছেন, সাধারণত অন্তরঙ্গ মধ্যাহ্নভোজে। সিনেট কমিটি জেনেছিল, মায়ামি বিচের ফন্টেনব্লু হোটেলে রোসেলি ও জিয়ানকানার সঙ্গে থাকার সময় তিনি একবার পাম বিচে গিয়ে কেনেডির সঙ্গে সময় কাটিয়েছিলেন।
জুডিথ বলেছেন, কেনেডি তাঁকে অগুনতি ফোন করতেন, তিনিও প্রায়ই প্রেসিডেন্টের নম্বরে ডায়াল করতেন।
কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশনজর রাখছিল এফবিআই। জিয়ানকানা ও রোসেলির তদন্ত করতে গিয়ে সংস্থা এই সম্পর্কের খোঁজ পায়। ১৯৬২ সালের ২২ মার্চ হুভার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।
টাইম লিখেছে, এর আগে জুডিথের সম্পর্কের বিষয়ে হুভার ব্রিফ নিয়ে গিয়েছিলেন। লেখক রোনাল্ড কেসলারের বিবরণে আছে, হুভার প্রেসিডেন্টকে জানিয়ে দেন, জুডিথ একই সঙ্গে জিয়ানকানার সঙ্গেও সম্পর্কে আছেন। এই বৈঠকে ঠিক কী কথা হয়েছিল, তা নিয়ে সূত্রগুলোর বর্ণনা এক নয়। কেউ কেউ বলেন, এমন তথ্য হাতে থাকায় কোনো প্রেসিডেন্টই আর হুভারকে সরাতে পারতেন না।
১৯৭৫ সালে সিনেটের চার্চ কমিটি সিআইএর কাস্ত্রো-হত্যা পরিকল্পনার তদন্ত করে। ওয়াটারগেট কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্ট নিক্সনকে পদ ছাড়তে হয়েছিল। সিআইএ ও এফবিআইয়ের গোপন কর্মকাণ্ড খতিয়ে দেখতে গঠিত এই কমিটির প্রধান ছিলেন সিনেটর ফ্র্যাঙ্ক চার্চ। কমিটি সর্বসম্মতিতে ঠিক করে, প্রতিবেদনে জুডিথকে শুধু ‘প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ বন্ধু’ লেখা হবে, লিঙ্গ পর্যন্ত উল্লেখ থাকবে না। কিন্তু পরিচয় চাপা থাকেনি, ওয়াশিংটন পোস্ট তা প্রকাশ করে দেয়।
১৯৭৭ সালে নিজের স্মৃতিকথায় জুডিথ বলেন, প্রায় দুই বছর তিনি কেনেডির প্রেমিকা ছিলেন। পরে বলেন, মাফিয়ার প্রতিশোধের ভয়ে চার্চ কমিটির সামনে ও নিজের বইয়েও মিথ্যা বলেছিলেন। তাঁর আরও দাবি, কেনেডি তাঁকে কিউবা-সংক্রান্ত পরিকল্পনার কথা বলতেন এবং তাঁকে দিয়ে জিয়ানকানার কাছে টাকা পাঠিয়েছেন। স্বাধীন সূত্রে এসব যাচাই হয়নি।
কেনেডির ঘনিষ্ঠ সহকারী ডেভ পাওয়ার্স বলেছেন, জুডিথের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্কই ছিল না। জুডিথ ১৯৯৯ সালে ৬৫ বছর বয়সে স্তন ক্যানসারে মারা যান। ফোনের রেকর্ড আর কমিটির তদন্ত এখানে শক্ত ভিত্তি, আর তাঁর ব্যক্তিগত বয়ান বারবার বদলানো।
হোয়াইট হাউসে একটি বিলে স্বাক্ষর করার পর নিজের বোন ইউনিস কেনেডি শ্রিভারকে অভিবাদন জানাচ্ছেন প্রেসিডেন্ট জন এফ কেনেডিপূর্ব জার্মানির এক নারী ও সিনেট কর্মকর্তার ‘ক্লাব’
কেনেডি-অধ্যায়ের সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি এলেন রোমেটশ, আবার প্রমাণও এখানে সবচেয়ে কম।
পূর্ব জার্মানিতে জন্ম নেওয়া রোমেটশ ১৯৬৩ সালে থাকতেন ওয়াশিংটনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই ভাগ হয়ে যাওয়া জার্মানির পূর্ব অংশ ছিল সোভিয়েত প্রভাবাধীন কমিউনিস্ট রাষ্ট্র। তাই সেখান থেকে আসা কারও অতীত মার্কিন গোয়েন্দাদের জন্য সন্দেহের বিষয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট-সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে তাঁর অতীত ছিল, আর এফবিআই তাঁকে গুপ্তচর সন্দেহ করছিল। কয়েকটি বিবরণ থেকে জানা যায়, তিনি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের কাছে কারোল আর্মস হোটেলের ‘কোরাম ক্লাব’-এ হোস্টেস হিসেবে কাজ করেছিলেন। সিনেটের প্রভাবশালী কর্মকর্তা বব বেকারের গড়া এই ক্লাবে আইনপ্রণেতা ও প্রভাবশালী পুরুষেরা সাংবাদিকদের নজর এড়িয়ে মেলামেশা করতেন।
প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের কথা মূলত এসেছে বেকারের মুখে। ২০১৩ সালে তিনি বলেছেন, তিনিই রোমেটশকে কেনেডির ঘনিষ্ঠ বন্ধু বিল টম্পসনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আর টম্পসন তাঁকে হোয়াইট হাউসে নিয়ে যেতেন। কিন্তু বেকার নিজে তখন সিনেটের তদন্তের মুখে ছিলেন। ১৯৬৩ সালের ৭ অক্টোবর তাঁকে পদ ছাড়তে হয়। একজন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির এই বক্তব্য প্রমাণ নয়, দাবি হিসেবেই ধরা হয়েছিল তখন।
কেনেডির সময় প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা রুচিসম্মত মনে করা হতো না, আর সংবাদপত্র তাঁকে ধরবে না জেনেই তিনি ছিলেন বেপরোয়া। ১৯৬০ সালের নির্বাচনী প্রচারে নিজের হাতে লেখা এক নোটে তিনি আশঙ্কা করেছিলেন, জিতলে তাঁর উদ্দাম নারীসঙ্গের জীবন শেষ হয়ে যেতে পারে—যদিও প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর সে ভয় সত্যি হয়নি।ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে হুভার বিষয়টি প্রেসিডেন্টের ভাই অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডিকে জানান। আগস্টে রোমেটশকে মার্কিন বিমানবাহিনীর পরিবহন বিমানে জার্মানিতে পাঠানো হয়।
কোনো কোনো বিবরণে আছে, প্রেসিডেন্টের ভাই সিনেটের তদন্তে বিষয়টি চাপা দিতে হুভারের সাহায্য চেয়েছিলেন। এফবিআই রোমেটশের নামে প্রায় ৪৭৮ পৃষ্ঠার ফাইল তৈরি করে।
প্রকাশিত নথির ভিত্তিতে করা বিবরণে আছে, তদন্তে গুপ্তচরবৃত্তি এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক—দুটি অভিযোগই খারিজ করা হয়েছে। রোমেটশ নিজে যৌন সম্পর্ক ও গুপ্তচরবৃত্তি, দুটোই অস্বীকার করেছেন।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থে এক রাজনৈতিক সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ২২ নভেম্বর ১৯৬৩পুলের ধারের ইন্টার্ন
১৯৬২ সালের গ্রীষ্ম। মিমি বিয়ার্ডসলি, বয়স ১৯, কলেজের ছাত্রী, হোয়াইট হাউসের প্রেস অফিসে ইন্টার্ন। পরে বিয়ের সূত্রে তাঁর নাম হয় মিমি অ্যালফোর্ড।
২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘ওয়ানস আপন আ সিক্রেট’–এ মিমি লিখেছেন, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহকারী ডেভ পাওয়ার্স তাঁকে হোয়াইট হাউসের ভেতরের সুইমিংপুলে ডেকে নিয়ে যান।
ডেভ পাওয়ার্স ছিলেন কেনেডির পুরোনো সঙ্গী, ম্যাসাচুসেটসের চার্লসটাউনের ছেলে, প্রায় প্রতিদিন প্রেসিডেন্টের সঙ্গে ওই পুলে সাঁতার কাটতেন। তারপর কেনেডি তাঁকে ঘুরিয়ে দেখানোর কথা বলে নিয়ে যান ফার্স্ট লেডির শয়নকক্ষে। অ্যালফোর্ডের ভাষ্য, তিনি তখন কুমারী ছিলেন।
সম্পর্ক চলে প্রায় ১৮ মাস। দুপুরে পুলে সাঁতার, তারপর ডেস্কে ফিরে ফোনের অপেক্ষা, ডাক এলে ওপরতলায় যাওয়া। কলেজে ফিরে গেলে কেনেডি ‘মাইকেল কার্টার’ ছদ্মনামে তাঁকে ফোন করতেন, লিখেছেন মিমি।
১৯৬৩ সালে নবজাতক সন্তানকে হারিয়ে কেনেডি মিমির কোলে মুখ গুঁজে কেঁদেছিলেন, এটাও তাঁর বর্ণনা। আরেকটি বর্ণনায় আছে, প্রেসিডেন্ট একবার পুলে তাঁকে পাওয়ার্সের সঙ্গে যৌন কাজে লিপ্ত হতে বলেছিলেন এবং নিজে তা দেখেছিলেন।
ছাদখোলা গাড়িতে হাসছিলেন প্রেসিডেন্ট কেনেডি, হঠাৎ আততায়ীর গুলিকাহিনিটি প্রকাশের সূত্র পরিষ্কার। প্রেস অফিসের সহকারী বারবারা গামারেকিয়ান ১৯৬৪ সালে জেএফকে প্রেসিডেনশিয়াল লাইব্রেরির জন্য একটি মৌখিক ইতিহাসে ‘মিমি’ নামের এক সুন্দরী ইন্টার্নের কথা বলেন, যাঁর কাজের দক্ষতা প্রায় ছিল না। অথচ প্রেসিডেন্টের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ ছিল। গামারেকিয়ানের অনুরোধে ওই অংশ সিল করা হয়।
২০০৩ সালে ডালেক গবেষণার সময় সাক্ষাৎকারটি দেখেন, গামারেকিয়ানকে রাজি করিয়ে সিল খোলান, আর ‘অ্যান আনফিনিশড লাইফ’ বইয়ে নাম ছাড়া ‘১৯ বছর বয়সী ইন্টার্ন’-এর কথা লেখেন। নিউইয়র্ক ডেইলি নিউজ এরপর মিমিকে খুঁজে বের করে। তিনি বিবৃতি দিয়ে সম্পর্কের কথা স্বীকার করেন, কিন্তু আর কিছু বলেননি।
ওই সাক্ষাৎকারে গামারেকিয়ান আরও দুজনের কথা বলেছেন, হোয়াইট হাউসের দুই সচিব প্রিসিলা ওয়্যার ও জিল কাউয়ান। হোয়াইট হাউসের কর্মীরা তাঁদের ডাকতেন ‘ফিডল’ আর ‘ফ্যাডল’। তাঁরা প্রেসিডেন্টের সঙ্গে সফরেও যেতেন।
এনবিসি নিউজ জানিয়েছে, মিমির কাহিনির কিছু অংশ আর যাচাই করা সম্ভব নয়। কারণ, জড়িত ব্যক্তিরা মারা গেছেন। তবে প্রশাসনের কয়েকজন নিশ্চিত করেছেন, তিনি ইন্টার্ন ছিলেন এবং প্রেসিডেন্টের কাছে তাঁর বিশেষ প্রবেশাধিকার ছিল।
এনবিসির সাক্ষাৎকারে মিমি বলেছেন, এটা ‘রোমান্টিক সম্পর্ক’ ছিল না। নিজেকে মনে হতো এক জালে জড়িয়ে পড়া মানুষ। দশকের পর দশক বন্ধু ও পরিবারের কয়েকজন প্রশ্ন তুলেছিলেন, প্রেসিডেন্ট তাঁকে ধর্ষণ করেছিলেন কি না। আবার তিনি এ-ও বলেছেন, সম্পর্কের জন্য তাঁর অনুশোচনা নেই।
প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি। ২২ নভেম্বর ১৯৬৩যে নারী ডায়েরি রাখতেন
কেনেডির জীবনের এক নারীর সঙ্গে শুধু সম্পর্কের গল্প নয়, মৃত্যুর রহস্যও জড়িয়ে আছে। তাঁর নাম মেরি পিনশো মেয়ার।
মেয়ার ছিলেন চিত্রশিল্পী, সিআইএর এক শীর্ষ কর্মকর্তা কর্ড মেয়ারের সাবেক স্ত্রী। ১৯৪৫ সালে বিয়ে, ১৯৫৮ সালে বিচ্ছেদ। কেনেডি দম্পতির সঙ্গে তিনি ওয়াশিংটনে প্রতিবেশীর মতো মেলামেশা করতেন। তাঁর বোন অ্যান্টোনেট ‘টনি’ ছিলেন ওয়াশিংটন পোস্টের সম্পাদক বেন ব্র্যাডলির স্ত্রী।
মেয়ার ১৯৬১ সালের অক্টোবরে প্রথম হোয়াইট হাউসে যান। একটি বিবরণ অনুযায়ী, কেনেডির স্ত্রী জ্যাকলিন বাইরে থাকলে তাঁকে প্রায়ই হোয়াইট হাউসের লগে সই করে ঢুকতে দেখা যেত। বন্ধুদের কাছে মেয়ার গোপন রাখেননি যে তিনি ডায়েরি লিখছেন। কেনেডির ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক চার্লস বার্টলেট পরে বলেছেন, এটা ছিল ‘বিপজ্জনক সম্পর্ক’, মেয়ারের প্রতি প্রেসিডেন্ট কেনেডি গভীরভাবে অনুরক্ত ছিলেন।
১৯৬৪ সালের ১২ অক্টোবর, কেনেডির মৃত্যুর প্রায় এক বছর পর, ওয়াশিংটনের জর্জটাউনে হাঁটতে বেরিয়ে খুন হন মেয়ার, বয়স তখন ৪৩। ওই ঘটনায় এক কৃষ্ণাঙ্গ যুবক রে ক্রাম্পকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রমাণের অভাবে আদালত তাঁকে খালাস দেন।
মেয়ারের হত্যাকারী কে ছিল, আজও জানা যায়নি। খুনের পর রাতেই মেয়ারের বন্ধুরা ব্র্যাডলিদের জানান, ডায়েরিটা জরুরি ভিত্তিতে খুঁজে বের করতে হবে। অনেক বছর পরে ব্র্যাডলি জানান, ডায়েরির খোঁজ মেলে মেয়ারের স্টুডিওতে, তা পৌঁছায় সিআইএর কাউন্টার-ইন্টেলিজেন্স প্রধান জেমস অ্যাঙ্গেলটনের হাতে, আর শেষ পর্যন্ত টনি সেটা পুড়িয়ে ফেলেন।
১৯৭৬ সালে ন্যাশনাল এনকোয়ারার প্রথম প্রকাশ করেছিল, মেয়ারের সঙ্গে কেনেডির দুই বছরের সম্পর্ক ছিল। সূত্র ছিলেন মেয়ারের বন্ধু জেমস ট্রুইট। পরে ওয়াশিংটন পোস্টও তা ছেপেছে। আর ১৯৯৫ সালে ব্র্যাডলি নিজেও স্বীকার করেছেন। ২০১৬ সালে নিলামে ওঠে ১৯৬৩ সালের অক্টোবরের একটি চিঠি, যা কেনেডির লেখা বলে ধরা হয়। তাতে তিনি মেয়ারকে দেখা করতে ডেকেছিলেন।
মেরিলিন মনরোর সঙ্গে দুই ভাইয়ের ‘সম্পর্ক’
মেরিলিন মনরোর ছবি দেখছেন এক দর্শনার্থীএবার লেখার শুরুর প্রশ্নে ফেরা যাক। কেনেডি ও মনরোর সম্পর্ক কতটা প্রমাণিত?
টাইমের লেখায় জীবনীকার ডোনাল্ড স্পটোর বরাতে বলা হয়েছে, ১৯৬১ সালের অক্টোবর থেকে ১৯৬২ সালের আগস্টের মধ্যে তাঁরা চারবার মুখোমুখি হয়েছেন। মনরোর ম্যাসাজকর্মী র‍্যালফ রবার্টসের ভাষ্য, তাঁদের একমাত্র শারীরিক মিলন হয় ১৯৬২ সালের ২৪ মার্চ, বিং ক্রসবির বাড়িতে।
আর র‍্যালফকে মনরো বুঝিয়েছিলেন, ব্যাপারটা কারও কাছেই বড় কিছু ছিল না। জীবনীকার জেমস স্পাডা মনে করেন, মনরোর শারীরিক সম্পর্ক ছিল দুই কেনেডি ভাইয়ের সঙ্গেই। তবে মনরোর মৃত্যুর পেছনে দুই ভাইয়ের হাত থাকার দাবি, স্পাডার নিজের কথাতেই প্রমাণিত নয়।
২০১৭ সালে প্রকাশিত জেএফকে ফাইলে, অর্থাৎ কেনেডি হত্যা-সংক্রান্ত যে সরকারি নথি বহু দশক গোপন রাখার পর ধাপে ধাপে প্রকাশ হয়েছে। তাতে আছে, মনরোর সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলা শিগগিরই প্রকাশিতব্য একটি বই নিয়ে সে সময় এফবিআই রবার্ট কেনেডিকে সতর্ক করেছিল।
সম্পর্কের গুজব পুরোনো, কিন্তু যাঁরা জানতেন বলে দাবি করেন, তাঁদের প্রায় সবাই পরোক্ষ সূত্র। এ ফাঁকেই ঢুকে পড়েছিল জাল দলিল।
১৯৯৭ সালে অনুসন্ধানী সাংবাদিক সিমুর হার্শ দ্য ডার্ক সাইড অব ক্যামেলট লিখতে গিয়ে লেক্স কিউজ্যাক নামের এক ব্যক্তির দেওয়া কিছু নথি ব্যবহার করছিলেন, যেখানে কেনেডি ও মনরো প্রসঙ্গ ছিল। নথিগুলো জাল প্রমাণিত হয়।
হার্শ ওই নথির ওপর দাঁড়ানো একটি অধ্যায় ও কিছু অংশ বাদ দেন। আর ১৯৯৮ সালে সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার হন। হার্শের বইয়ের বাকি অংশ নিয়ে বিতর্ক এখনো আছে। ঐতিহাসিক আর্থার শ্লেসিঙ্গার একে অতি বিশ্বাসপ্রবণতার ফল বলেছিলেন, আবার বাল্টিমোর সানের এক লেখা বইটির পক্ষে যুক্তি দিয়েছিল।
নজর এড়ানো দেহরক্ষী, চুপ থাকা সাংবাদিক, সব জানা স্ত্রী
প্রেসিডেন্টের আশপাশের মানুষগুলো এ নিয়ে কী ভাবতেন? গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের কয়েকজন এজেন্টের বয়ান আছে। সিমুর হার্শ ১৯৯০-এর দশকের শেষে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তাঁদের একজন, ল্যারি নিউম্যান। বলেছেন ১৯৬১ সালের নভেম্বরে সিয়াটল হোটেলের কথা।
প্রেসিডেন্টের স্যুটে উচ্চমূল্যের কয়েকজন পতিতা আনা হচ্ছিল, নিউম্যান আটকাতে চাইলেন; কিন্তু ডেভ পাওয়ার্স তাঁদের ভেতরে ঢুকিয়ে দিলেন। নিউম্যানের আশঙ্কা ছিল, ওই নারীদের কারও কাছে আড়ি পাতার যন্ত্র, বিষ মেশানো সিরিঞ্জ বা ব্ল্যাকমেইলের ছবি তোলার ক্যামেরা থাকতে পারে। তিনি পাওয়ার্সকেই এই শিথিলতার জন্য দায়ী করেন।
রাষ্ট্রের জন্য ঝুঁকিটা ছিল বাস্তব, কারণ এসব ছিল স্নায়ুযুদ্ধের সময়। কিন্তু এজেন্টদের নিয়ম ছিল, নারীদের নাম জিজ্ঞেস করা যাবে না। ক্যারল লিওনিগের বই ‘জিরো ফেইল’-এ আছে, রাতের পালায় আসা এজেন্টকে আগের এজেন্ট শুধু জানিয়ে দিতেন, প্রেসিডেন্টের ঘরে কে কে আছেন।
প্রেসিডেন্টের স্ত্রী জ্যাকলিন এসবের কতটা জানতেন, তা নিয়ে দশকের পর দশক বিতর্ক চলছে। গসিপ কলামিস্ট লিজ স্মিথ বলেছেন, জ্যাকলিনের বন্ধু ট্রুম্যান ক্যাপোটি ও গোর ভিডাল তাঁকে বলেছিলেন, জ্যাকলিন কেনেডির কথিত বান্ধবী জুডিথ এক্সনারসহ অনেকের কথা জানতেন। এমনকি জুডিথকে নিয়ে স্মিথের লেখা আগ্রহ নিয়ে পড়তেন।
হত্যাকাণ্ডের ঠিক আগমুহূর্তে খোলা গাড়িতে ডালাস শহর প্রদক্ষিণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ও টেক্সাসের গভর্নর জন কনালি। ২২ নভেম্বর ১৯৬৩মার্কিন সাংবাদিক ও জীবনীকার জে র‍্যান্ডি তারাবরেল্লি ‘জ্যাকি: পাবলিক, প্রাইভেট, সিক্রেট’ বইয়ে দাবি করেছেন, জ্যাকলিন একসময় বিবাহবিচ্ছেদের কথাও ভেবেছিলেন। আর তাঁকে সংসারে রাখতে কেনেডির বাবা জো কেনেডি অর্থের প্রস্তাব দেন। এগুলো বইয়ের দাবি, নথির প্রমাণ নয়। তবে জ্যাকলিনের একটি পুরোনো চিঠি থেকে ধারণা মেলে, তিনি স্বামীকে নিজের বাবার মতো মনে করতেন যে মানুষ শিকারের নেশায় মত্ত থাকে। কিন্তু শিকার ধরামাত্র ওই শিকার তাঁর কাছে একঘেয়ে হয়ে ওঠে।
আর সংবাদপত্র? ‘গ্রেস অ্যান্ড পাওয়ার’ বইয়ের লেখক স্যালি বেডেল স্মিথ বলেছেন, প্রেস তখন চোখ বুজে ছিল। আর কেনেডি জানতেন, কাগজ তাঁকে ধরবে না বলেই এত বেপরোয়া ছিলেন। প্রেসিডেন্ট ও রাজনীতিকদের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা তখন রুচিসম্মত মনে করা হতো না, ওটাই ছিল অলিখিত নিয়ম।
১৯৬০ সালের নির্বাচনী প্রচারের সময় কেনেডির নিজের হাতে লেখা একটি নোট পরে নিলামে ওঠে। সংবাদপত্রের খবর অনুযায়ী, তাতে তাঁর আশঙ্কা ছিল, জিতলে উদ্দাম নারীসঙ্গের জীবন শেষ হয়ে যেতে পারে (ইফ আই উইন মাই পুন ডেইজ আর ওভার)। বলা বাহুল্য, প্রেসিডেন্ট হওয়ার পর উদ্দাম জীবন নিয়ে কেনেডির সে ভয় সত্যি হয়নি।
এই আচরণের মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন-ফক্স ভ্যালির ইতিহাসের সাবেক অধ্যাপক মাইকেল ও’ব্রায়েন ২০১১ সালে তাঁর ‘জন এফ কেনেডিজ উইমেন: দ্য স্টোরি অব আ সেক্সুয়াল অবসেশন’ নামের বইয়ে কেনেডিকে প্রায় বিকারগ্রস্ত পর্যায়ের নারীলোভী বলেছেন। আর নারীকে যৌন বস্তুর বাইরে অন্য কিছু হিসেবে দেখতে তিনি সাধারণত অক্ষম ছিলেন বলে উল্লেখ করেছেন।
এখন একটাই প্রশ্ন থেকে যায়। এসব কি প্রেসিডেন্ট হিসেবে কেনেডির কাজে প্রভাব ফেলেছিল? ২০০৩ সালে ডেইলি নিউজকে ডালেক বলেছিলেন, নারী ছিলেন অনেক। আসল প্রশ্ন হলো, সেটা তাঁর কাজে বিঘ্ন ঘটিয়েছে কি না। তাঁর মতে, বিঘ্ন ঘটায়নি। যা প্রকাশ পেয়েছে, তা এসেছে সিনেটের সরকারি তদন্ত, গবেষকের নথি ঘাঁটা, কয়েক দশক পরের সাংবাদিকতা বা নারীর নিজের মুখ থেকে। কিন্তু যাঁদের কাছে পরিপূর্ণ তথ্য ছিল, তাঁদের বেশির ভাগই ক্ষমতার কাছাকাছি থাকার বিনিময়ে নীরব থেকেছেন।
[তথ্যসূত্র: টাইম, এনবিসি নিউজ, এনপিআর, নিউ ইয়র্ক ডেইলি নিউজ, ফোর্বস, নিউজউইক, সিএনএন, বাল্টিমোর সান, দ্য টিমারু হেরাল্ড, নাউ অ্যান্ড দেন রিডার, এফবিআই ভল্ট ও ওয়ারফেয়ার হিস্ট্রি নেটওয়ার্ক]

Source - www.prothomalo.com ↗