Bangladesh · 2026-11-26 09:15:00

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল
মেগাফোনে কথাটা আবারও ভেসে এল গ্যালারি থেকে। ‘আলু... আলু...’। কখনো ‘মোটা আলু’, কখনো ‘পচা আলু’। সঙ্গে আরও কিছু কটূক্তি। টরন্টোয় তখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে। ‘শব্দবোমা’গুলোর লক্ষ্য ফিল্ডিংয়ে থাকা ইনজামাম-উল-হক। আগের দিনও একই শব্দ ভেসে এসেছিল। একই দর্শক। আজও থামার নাম নেই।
ইনজামাম অনেকক্ষণ পাত্তা না দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এবার আর পারলেন না। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইশারা করলেন দ্বাদশ খেলোয়াড়কে। একটু পরই দেখা গেল, সেই খেলোয়াড় হাতে একটি ব্যাট নিয়ে এগিয়ে আসছেন। ড্রেসিংরুমে থাকা ভারতীয় ক্রিকেটারদের তখন মনে প্রশ্ন—ফিল্ডিংয়ের সময় ইনজামামের ব্যাট লাগবে কেন?
কয়েক মুহূর্ত পরই প্রশ্নের উত্তর মিলল। ব্যাট হাতে গ্যালারির দিকে ছুটছেন ইনজামাম। লক্ষ্য সেই মেগাফোনধারী দর্শক। একজন আন্তর্জাতিক ক্রিকেটার ব্যাট হাতে দর্শক পেটাতে গ্যালারিতে ঢুকে পড়েছেন—টরন্টোর মাঠে এমন দৃশ্য কেউ ভাবেননি। এরপর যা ঘটেছিল, তা ভারত-পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে আছে।
১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর। কানাডার টরন্টো ক্রিকেট, স্কেটিং অ্যান্ড কার্লিং ক্লাবে চলছিল সাহারা কাপের দ্বিতীয় ওয়ানডে। উত্তর আমেরিকায় বসবাসকারী ভারতীয় ও পাকিস্তানি দর্শকদের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছিল পাঁচ ম্যাচের এই সিরিজ। আগের দিন প্রথম ম্যাচে ভারত জিতেছিল ২০ রানে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের অবস্থা আরও খারাপ। মাত্র ১১৬ রানে অলআউট পাকিস্তান।
রান তাড়া করতে নেমে ভারত ৪৫ রান তুলে ফেলে ১ উইকেট হারিয়েই। ঘটনাটা এর পরের পানি পানের বিরতির সময়ের। আগের দিন থেকে যিনি গ্যালারি থেকে উল্টাপাল্টা বকছিলেন, তাঁর নাম শিব কুমার থিন্দ। ভারতীয় নাগরিক, কানাডাপ্রবাসী।
থিন্দ কখনো বলছিলেন, ‘ও মোটে, সিধা খাড়া হো’ (এই মোটা, সোজা হয়ে দাঁড়াও), কখনো আবার ‘মোটা আলু’, ‘সড়া আলু’। পাকিস্তানের অন্য ক্রিকেটারদেরও অবশ্য ছাড় দেওয়া হচ্ছিল না। এমনকি ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিয়ে, স্ত্রী নিয়েও কটূক্তি ভেসে আসছিল।
কিন্তু ইনজামামকে নিয়ে বিদ্রূপটা যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। এমনিতে শান্তশিষ্ট মানুষ তিনি। কিন্তু জগতের অতি নরম মানুষটিরও কখনো কখনো ধৈর্যের বাঁধ ভাঙে। পানি পানের বিরতির সময় দ্বাদশ খেলোয়াড়কে ব্যাট আনতে বললেন ইনজামাম। এরপর ফিল্ডিংয়ের জন্য চলে যান স্লিপ থেকে বাউন্ডারির দিকে। থার্ড ম্যান অঞ্চলে গিয়ে ব্যাটটি হাতে নেন ইনজামাম। তারপরই ছুট দেন গ্যালারির দিকে।
নিরাপত্তাকর্মীরা ইনজামামকে মাঠ থেকে সরিয়ে নেনভারতের ড্রেসিংরুমে থাকা বিনোদ কাম্বলি পরে ঘটনাটি স্মরণ করেছেন এভাবে, ‘হঠাৎ দেখি, ইনজি ব্যাটের জন্য ইশারা করছে। দ্বাদশ খেলোয়াড় ব্যাট নিয়ে আমাদের ড্রেসিংরুমের পাশ দিয়ে তাঁর কাছে যাচ্ছে। বলাবলি করছিলাম, ব্যাটের কী কাজ? এরপর পুরো ঘটনাটি ঘটে গেল। যা দেখেছিলাম, তা ছিল সত্যিই বিস্ময়কর।’
বিস্ময়করই। ব্যাট হাতে গ্যালারির সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছিলেন ইনজামাম। চোখেমুখ আর শরীরের ভাষা বলে দিচ্ছিল, একটা কিছু ঘটিয়ে ফেলবেন। আশপাশ থেকে দৌড়ে যান নিরাপত্তাকর্মীরা, ছুটে যান কিছু দর্শকও। শেষ পর্যন্ত ইনজামামকে আটকে ফেলা হয়। এক প্রত্যক্ষদর্শী দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, আর কিছুক্ষণ সময় পেলে ইনজামাম ওই দর্শকের মাথাই ফাটিয়ে দিতেন।
ইনজামাম তখন এতটাই রাগে ফুঁসছিলেন, পুলিশ তাঁকে মাঠে ফিরিয়ে আনার পরও গায়ের ঝটকায় সবাইকে ফেলে আবার গ্যালারিতে যাওয়ার চেষ্টা করলেন। পারেননি। তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় প্যাভিলিয়নে। এদিকে গ্যালারিতে তখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শকদের কেউ কেউ মাঠে এটা–ওটা ছুড়তে শুরু করলেন।
নিরাপত্তাকর্মী ও পুলিশ এসে থামানোর চেষ্টা করলেন। একপর্যায়ে দুই দলের অধিনায়কও মাঠে এসে দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানান। এ–ই করে করে খেলা বন্ধ থাকে ৪০ মিনিট। পরে ম্যাচ শুরু হলে ভারত জেতে ৭ উইকেটে।
ম্যাচের ফল অবশ্য সেদিন গৌণ। আলোচনার কেন্দ্রে ইনজামামের ব্যাট হাতে গ্যালারিতে তেড়ে যাওয়া।
কেন অমন করেছিলেন শান্ত ও স্থির স্বভাবের বলে পরিচিত এই ক্রিকেটার? ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরে বলেছিলেন, ‘আমি একজন খেলোয়াড়, আমি একজন মানুষও। কেউ আমার দেশ, ধর্ম ও পরিবারের সদস্যদের নিয়ে অপমানজনক কথা বললে কতক্ষণ তা সহ্য করতে পারি?’
ইনজামামের দাবি, তিনি মারামারি করতে গ্যালারিতে যাননি। ওই দর্শক কেন তাঁকে গালাগাল করছেন, সেটি জানতে চেয়েছিলেন। কিন্তু উল্টো ওই ব্যক্তি মেগাফোন দিয়ে তাঁর ওপর আঘাত করেন। ইনজামাম বলেছিলেন, পরে তিনি যা করেছেন, তা আত্মরক্ষার জন্য। নিজের আচরণ নিয়ে অবশ্য অনুশোচনাও ছিল তাঁর। বলেছিলেন, একজন ক্রীড়াবিদের এমন কিছু করা উচিত নয়, যা তিনি করেছেন।
ঘটনার আরেকটি দিক সামনে আসে ২৩ বছর পর। ২০২০ সালে ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি’ পডকাস্টে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস জানান, ইনজামামের ক্ষোভের কারণ শুধু ‘আলু’ বলে খ্যাপানো ছিল না। গ্যালারি থেকে আজহারউদ্দিনের স্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। ওয়াকারের ধারণা, আজহারের প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা থেকেই ইনজামাম বিষয়টি মেনে নিতে পারেননি।
তবে কারণ যেটাই হোক না কেন, এমন একটা কাণ্ডের মাশুল ঠিকই দিতে হয়েছে ইনজামামকে। ম্যাচ রেফারি জ্যাকি হেনড্রিকস তাঁকে পরের দুই ওয়ানডে থেকে নিষিদ্ধ করেন। কানাডার পুলিশ আটকও করে ইনজামামকে, সঙ্গে থিন্দকেও। ইনজামামকে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয়। দুজনেরই শরীরে সামান্য আঘাত লেগেছিল। পরে তাঁরা পরস্পরের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিলে মামলার নিষ্পত্তি হয়।
ইনজামাম পরে স্বীকার করেছেন, একজন খেলোয়াড় হিসেবে তাঁর ওই আচরণ করা উচিত হয়নি। নিজেও বুঝেছেন, ক্রিকেট মাঠে তাঁর কাজ প্রতিপক্ষকে ব্যাট হাতে জবাব দেওয়া, ব্যাট হাতে গ্যালারিতে ছুটে গিয়ে দর্শককে জবাব দেওয়া নয়।
ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

Source - www.prothomalo.com ↗