Bangladesh · 2026-11-26 08:58:36

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১
মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরের কেন্দ্রস্থলের উত্তরে ওয়াররাক এলাকায় রিং রোডের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আগুনের বিশাল শিখা আর কালো ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গাড়িও আগুনে পুড়েছে।
কীভাবে এ ভয়াবহ আগুন লেগেছে, সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি। তবে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়ির ওপর পেট্রল ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় সরকারি কৌঁসুলি তদন্ত শুরু করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি ট্যাংকারটি একটি বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের। ওই মহাসড়ক ধরে যাওয়ার সময় সেটির সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারান। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম আল-আহরাম।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ওই সময় ট্যাংকারটি মহাসড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায়। এ ঘটনায় আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহত ব্যক্তিদের দ্রুত উদ্ধারে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় দেশটির স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসায় তদারকির ছবিও প্রকাশ করেছে।
মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে যানবাহন ও সড়কের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের প্রাণ গেছে। আগের বছরের তুলনায় সংখ্যাটি কয়েক শ বেশি।

Source - www.prothomalo.com ↗