সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সময়ে রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুতিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুতি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে কেউ আহত হননি বলেও জানান তিনি।
সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হুতিদের হামলা

এরপর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আল জাজিরার প্রতিবেদক নাবিল আল-ইউসুফি। পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক এলাকায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতিরা। ওই হামলায় অন্তত ১১ জন আহত হন।
সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। দুই পক্ষের হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হচ্ছে।
হুতিসংশ্লিষ্ট ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের দাবি, এর আগে দেশটির হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার দিনের শুরুতে হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি জানান, দেশটিতে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটে পড়তে পারে। সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় বন্দরের পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন ফ্রন্টে হুতিদের লড়াই চলছে। সরকারি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার হুতিদের লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক মাহা আলী জানান, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। তাইজ শহরের পশ্চিমে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সরকারি বাহিনী।
তিনি বলেন, গত প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিক ও ব্যাপক বিমান হামলা চলছে। এসব হামলায় তাইজের কেন্দ্রীয় অংশের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ পর্বতমালা জাবাল সাবের এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুসকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুতিরা।
অন্যদিকে হুতিদের দাবি, বুধবার সানা ও ইয়েমেনের ১০টি গভর্নরেটের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা
Source - www.bd24live.com ↗