যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ও ব্যঙ্গাত্মক বার্তায় ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক। এসব বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত ইনকিলাব চত্বরে দেখা যায় এমনই একটি বিশাল বিলবোর্ড। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডটিতে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।
শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা আরেকটি বিশাল বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখা যায়। তাঁদের সবার মুখ রক্তাক্ত ও পোশাক ছেঁড়া অবস্থায় দেখানো হয়েছে। পেছনে রয়েছে জীর্ণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা।
‘ট্রাম্পকে হত্যা করব’, তেহরানের বিশাল বিলবোর্ডে সরাসরি হুমকি!

এ ছাড়া তেহরানের অন্য একটি বিলবোর্ডে নেতানিয়াহুর মুখচ্ছবিতে লাল রঙ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের ক্ষোভ ও প্রতিশোধের বার্তা তুলে ধরা হচ্ছে।
বিলবোর্ডগুলো ঠিক কবে এবং কারা স্থাপন করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী পোস্টার, দেয়ালচিত্র ও বিলবোর্ড দেখা যাচ্ছে। এসব প্রদর্শনীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করার পাশাপাশি যুদ্ধের প্রতিশোধ নেওয়ার বার্তাও তুলে ধরা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী প্রচার-প্রচারণা আরও জোরালো হয়েছে।
সূত্র - এএফপি
Source - www.bd24live.com ↗