Bangladesh · 2026-11-26 11:45:36

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল
হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পরও এই প্রশ্নের উত্তর মেলেনি। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ।
তাহসিফ বাসা থেকে বের হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা তাঁর সঙ্গে ছিলেন, নদীর পাড়ে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
মামলার তদন্ত সংস্থা নৌ পুলিশ বলেছে, তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম হত্যা মামলাটি করেছেন। সেই মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) ও পূর্বপরিচিত এক তরুণী এখন কারাগারে। তবে তাহসিফের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্ত সংস্থা।
মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা তিনটি দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হচ্ছে। হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব সম্ভাবনাই বিবেচনায় রয়েছে। সব প্রশ্নের জবাব পাওয়ার পর তদন্তের ফল সংবাদ সম্মেলন করে জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।
চারটি জায়গায় কী ঘটেছিল, খুঁজছে পুলিশ
তদন্তসংশ্লিষ্ট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, তাহসিফের মৃত্যুর আগে তাঁর চলাচলের ধারাবাহিকতা অনুসন্ধান করা হচ্ছে। এ ক্ষেত্রে চারটি জায়গা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেগুলো হলো তাঁর উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার ও তুরাগ নদের পাড়ের টঙ্গী মাজার রোড বস্তি এলাকা।
—মো. রেজাউল করিম, নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি)তাহসিফের মৃত্যুর ঘটনা তিনটি দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হচ্ছে। হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব সম্ভাবনাই বিবেচনায় রয়েছে। সব প্রশ্নের জবাব পাওয়ার পর তদন্তের ফল সংবাদ সম্মেলন করে জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।তদন্তকারীরা এসব জায়গায় কী ঘটেছিল, কারা ছিলেন ও তাঁদের বক্তব্যের সঙ্গে অন্য তথ্য-প্রমাণের মিল আছে কি না, তা যাচাই করছেন। দৃশ্যমান এ চারটি জায়গার বাইরে অন্য কোনো ঘটনা বা যোগসূত্র ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নিখোঁজ হওয়ার আগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে তাঁর বাসার নিচে দীপ নামে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’-এর সঙ্গে দেখা যায়তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মৃত্যুর আগে ও পরে তাহসিফের চলাচল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে পাওয়া তথ্যের মধ্যে কোনো অসংগতি আছে কি না, তা মিলিয়ে দেখা হচ্ছে। কোনো একটি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে চান না তাঁরা।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বক্তব্যে উঠে আসা তথ্যের সঙ্গে অন্যান্য তথ্য-প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। কারও বক্তব্যে একাধিক বিষয় উঠে এলে সেগুলোর সত্যতা যাচাই করতে হচ্ছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট একটি পর্যায়ে পৌঁছাতে যেসব তথ্য প্রয়োজন, সেগুলোর কিছু এখনো অসম্পূর্ণ। বেশ কিছু সংবেদনশীল বিষয় নিয়েও কাজ চলছে। এসব তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি
তাহসিফের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
—এ কে এম এনায়েতুল করিম, তাহসিফের বাবাছেলের মৃত্যুর পর তিনি ও তাহসিফের মা সুস্থ নেই। তাঁর ধারণা, ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারাগারে থাকা দীপ ও তরুণী এ ঘটনায় জড়িত কি না, তা তিনি জানেন না। তদন্তের কোনো ফলও তাঁকে জানানো হয়নি।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন প্রথম আলোকে বলেন, তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
তবে তাহসিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই চিকিৎসক।
তাহসিফ সাউরিমামলার তদন্ত তদারক কর্মকর্তা নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, তাহসিফের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো তাঁদের হাতে আসেনি।
মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ মনে করছে নৌ পুলিশ। তবে শুধু এই প্রতিবেদনের ওপর নির্ভর করে তদন্ত শেষ করতে চান না তদন্তকারীরা। ঘটনার আগে ও পরের পরিস্থিতি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য-প্রমাণও সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রটি আরও জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা-ও জানা প্রয়োজন। কিছু তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে। সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্যগণমাধ্যমের বক্তব্যও যাচাই করছে নৌ পুলিশ
তাহসিফের মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যও অনুসরণ করছে নৌ পুলিশ।
তদন্তের সঙ্গে যুক্ত নৌ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তদন্তের কাজে লাগতে পারে, এমন তথ্য পাওয়া যাচ্ছে। ফেসবুকে বিভিন্ন ব্যক্তির দেওয়া সাক্ষাৎকার এবং টেলিভিশনের টক শোতে দেওয়া বক্তব্যও অনুসরণ করা হচ্ছে।
—নাশাত জাবীন, সহকারী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজতাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।ওই কর্মকর্তা বলেন, টক শোতে অংশ নেওয়া কয়েকজনের বক্তব্য শুনে মনে হয়েছে, তাঁদের কাছে ঘটনার বিষয়ে কোনো সূত্র বা তথ্য থাকতে পারে। তাঁদের কারও কারও সঙ্গে যোগাযোগও করা হয়েছে। তবে তাঁরা সাড়া দেননি। তদন্তের স্বার্থে এসব তথ্য ও বক্তব্য যাচাই করা হচ্ছে।
তাহসিফ সাউরি নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ঢাকা মহানগর আদালত, ৩১ অক্টোবরতাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরাযেদিন নিখোঁজ হন তাহসিফ
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে তাঁদের বাসার নিচ থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। এরপর পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও তাঁদের সঙ্গে ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ওই বারে তাহসিফের সঙ্গে তরুণীর মনোমালিন্য হয়। ঘণ্টাখানেক পর বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। এরপর তাহসিফ ও দীপ টঙ্গী মাজার রোড বস্তি এলাকায় যান।
জিজ্ঞাসাবাদে দীপ পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি করেন, সেখানে পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাঁরা দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি পিলারের কাছে গিয়ে লুকান।
দীপের দাবি, পরে ওই দুই পুলিশ সদস্য এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তাহসিফের সঙ্গে এসেছেন বলার পর পুলিশ সদস্যরা আর কথা না বাড়িয়ে তাঁকে চলে যেতে বলেন। এরপর তাহসিফের সঙ্গে তাঁর আর দেখা হয়নি বলে দাবি করেন দীপ।
তবে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’
এর চার মিনিট পর, রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে জানান, তাঁর ফিরতে দেরি হবে। পরে রাত আড়াইটার দিকে দীপ বাসায় ফেরেন।
নৌ পুলিশ ওই রাতের ঘটনার তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় ঘোরাঘুরির কিছু ভিডিওও বিভিন্ন ব্যক্তি নৌ পুলিশকে দিয়েছেন। এসব ভিডিও এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল ছিল। তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দীপকে নিয়ে তুরাগ নদ-সংলগ্ন রাজবাড়ি ঘাট ও টঙ্গীর মাজার বস্তি এলাকা পরিদর্শন করেন পিবিআইয়ের কর্মকর্তারাপরদিন নদে মিলল মরদেহ
ঘটনার পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসছে।
প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮)।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমেমরদেহ উদ্ধারের দুদিন পর ৩০ অক্টোবর রাতে তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।
মামলাটির তদন্তের দায়িত্ব পায় নৌ পুলিশ। এর আগে ঘটনার ছায়া তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপকে হেফাজতে নেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, দীপ ও বারে তাঁদের সঙ্গে যোগ দেওয়া তরুণীকে আটক করে নৌ পুলিশ। পরে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা এখন কারাগারে আছেন।
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারতিন সম্ভাবনা সামনে রেখে তদন্ত
তাহসিফের বাবা এনায়েতুল করিমের করা হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, তাহসিফকে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে তদন্তসংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, হত্যাকাণ্ডের পক্ষে বা বিপক্ষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো সব তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—এ তিনটি সম্ভাবনার মধ্যে কোনটি সত্য, তা নির্ধারণে আরও সাক্ষ্য, তথ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে।
তদন্তকারীরা বলছেন, মৃত্যুর আগে তাহসিফের চলাচল, বিভিন্ন স্থানে তাঁর অবস্থান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে পাওয়া তথ্যের মধ্যে কোনো অসংগতি আছে কি না, তা মিলিয়ে দেখা হচ্ছে। সব তথ্য-প্রমাণ যাচাই করেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে।
তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিমবারবার মায়ের ফোন পেয়ে তাহসিফ জানিয়েছিলেন ‘ফিরছি’, পরদিন তুরাগে ভাসছিল লাশসিআইডি বা পিবিআইয়ে তদন্ত চান বাবা
তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম প্রথম আলোকে বলেন, ছেলের মৃত্যুর পর তিনি ও তাহসিফের মা সুস্থ নেই। তাঁর ধারণা, ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারাগারে থাকা দীপ ও তরুণী এই ঘটনায় জড়িত কি না, তা তিনি জানেন না। তদন্তের কোনো ফলও তাঁকে জানানো হয়নি।
এনায়েতুল করিম বলেন, হত্যা মামলাটির তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা পিবিআইয়ের কাছে দেওয়া হলে ভালো হতো। এ ঘটনায় কারা জড়িত, তদন্তকারীরা তা বের করবেন বলে তিনি আশা করছেন।
আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না : তাহসিফের বাবা

Source - www.prothomalo.com ↗