Bangladesh · 2026-11-26 12:43:44

রামগড়ে অসহায় মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে বিজিবির মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

রামগড়ে অসহায় মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে বিজিবির মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালনা করে আসছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামগড়ে অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

​রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় রামগড় জোন সদরে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রামগড় উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

​এছাড়াও স্থানীয় বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক অনুদান, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা ও খাদ্য সামগ্রী, গরীব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, 'সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়া বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।'

​বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পাহাড়-সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗