Bangladesh · 2026-11-26 14:47:01

আপা, আমি মায়ের কাছে ফিরেছি…!

আপা, আমি মায়ের কাছে ফিরেছি…!
লস অ্যাঞ্জেলেসে তখন রাত প্রায় ১০টা। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল। ফোন এসেছে আকলিমার নম্বর থেকে।
কলটি ধরতেই মুঠোফোনের পর্দায় ভেসে উঠল দুটি মুখ—বাদল ফরাজি ও তাঁর মা শেফালী বেগম।
কয়েক মুহূর্ত আমি কথা বলতে পারছিলাম না। পর্দার ওপাশে মা ও ছেলে পাশাপাশি বসে আছেন।
যে দৃশ্য দেখার জন্য একজন মা বছরের পর বছর অপেক্ষা করেছেন, যে দৃশ্যের জন্য একটি পরিবার কত দরজায় ঘুরেছে, কত মানুষের কাছে গেছে, কতবার আশায় বুক বেঁধেছে—সেই দৃশ্য অবশেষে সত্যি হয়েছে।
বাদল আমাকে দেখেই বললেন, ‘আপা, আমি এসেছি, ঘরে ফিরেছি। কিন্তু কষ্ট হচ্ছে, আমি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি না। আপনি অনেক দূরে। আপনাকে দেখতে পেলে খুব ভালো লাগত।’
কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল। এত দূর থেকে তাঁর ফিরে আসার খবর শুনছি, অথচ কাছে গিয়ে একবার দেখতে পারছি না।
আমাদের বাদল ভাইবাদল অথবা 'বাদলদের' গল্পযাঁর কারাগার থেকে বেরিয়ে আসার খবরের অপেক্ষায় এত বছর কাটিয়েছি, সেই মানুষটি এখন মায়ের পাশে বসে আমার সঙ্গে কথা বলছেন।
বাদল ও তাঁর বোন আকলিমা একসঙ্গে বলে উঠলেন, ‘আপা, আপনি তো আমাদের পরিবারের একজন। আমাদের বড় বোন। কবে দেশে আসবেন? ঢাকায় এলে আমাদের সঙ্গে দেখা করবেন।’
এরপর কথা বললেন মা শেফালী বেগম। ছেলের মুখের দিকে তাকিয়ে তাঁর কণ্ঠে তখনো আবেগের ঢেউ। বললেন, ‘মা গো, আমি শেষ পর্যন্ত আমার ছেলেকে দেখতে পেলাম। তোমার জন্য আমি নামাজে অনেক দোয়া করি মা।’
আমি জানতে চাইলাম, এখন কি তাঁর ভালো লাগছে? তিনি বললেন, ‘আমার আর কিছু চাওয়ার নেই।’
একজন মায়ের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! কিন্তু এই আনন্দের মধ্যেও একটি অসম্পূর্ণতা রয়ে গেছে। বাদল বাড়ি ফিরেছেন ঠিকই, তবে স্থায়ীভাবে মুক্ত হয়ে নয়।
চার সপ্তাহের প্যারোলে তিনি পরিবারের কাছে থাকার সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময় শেষে স্থায়ী মুক্তির সিদ্ধান্ত না এলে তাঁকে আবার কারাগারে ফিরতে হবে।
ভিডিও কলটি শেষ হওয়ার পরও অনেকক্ষণ ফোনের পর্দার দিকে তাকিয়ে ছিলাম। মনে হচ্ছিল, এই একটি ফোনকলের পেছনে কত বছর, কত কান্না, কত ফোন, কত অপেক্ষা জমে আছে।
২০১৬ সাল থেকে বাদল ফরাজিকে নিয়ে আমার সাংবাদিকতার যে পথচলা, তার প্রতিটি বাঁক যেন ওই কয়েক মিনিটের কথোপকথনে ফিরে এল।
বাদল ফরাজিকে দেখতে মাঝরাতেও তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কেএকটি নাম, দুটি মানুষ
বাদল ফরাজির গল্পের শুরু ২০০৮ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৮। বাগেরহাটের মোংলার তরুণ বাদল ভারতে গিয়েছিলেন পর্যটক হিসেবে, তাজমহল দেখার ইচ্ছা নিয়ে। কিন্তু সেই ভ্রমণ তাঁর জীবনের গতিপথ বদলে দেয়।
এর দুই মাসেরও বেশি আগে, ২০০৮ সালের ৬ মে, দিল্লির অমর কলোনিতে খুন হন ৭১ বছর বয়সী এক নারী—নির্মলা মদন।
পুলিশ খুঁজছিল তাঁর বাসার গৃহকর্মী বাদল সিংকে। এর মধ্যে ১৩ জুলাই ভারতে প্রবেশ করেন বাংলাদেশের তরুণ বাদল ফরাজি।
নামের মিলের সূত্র ধরে তাঁকে আটক করা হয়। পরিবারের দাবি, ভুল পরিচয়ের কারণে তাঁকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়েছিল।
একজন বাদল সিং, আরেকজন বাদল ফরাজি। একজনকে খুঁজছিল পুলিশ, অন্যজন এসেছিলেন পর্যটক হিসেবে। নামের এই মিলই শেষ পর্যন্ত এক তরুণের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনে।
২০১৫ সালে দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৬ সালে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। বাদল ও তাঁর পরিবারের দাবি ছিল, তিনি নির্দোষ।
কিন্তু আদালতের রায়, কারাগারের দেয়াল আর দুই দেশের আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে যায় তাঁর জীবনের পরবর্তী অধ্যায়।
যে বয়সে একজন তরুণের পড়াশোনা, কাজ, সংসার কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই বাদলের ঠিকানা হয়ে যায় কারাগার।
বাদল ফরাজি সর্বশেষ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন২০১৬ থেকে শুরু আমার পথচলা
বাদল ফরাজির ঘটনা নিয়ে ২০১৬ সাল থেকে লিখতে শুরু করি। তখন থেকেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি হয়।
একসময় বাদলকে নিয়ে আমার লেখা প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। প্রথম আলোর জন্য এ বিষয়ে ৩০টিরও বেশি প্রতিবেদন লিখেছি।
প্রতিটি প্রতিবেদন করার সময় নতুন কোনো তথ্যের পাশাপাশি সামনে এসেছে একই পরিবারের দীর্ঘ অপেক্ষা, অসহায়তা আর লড়াই।
বাদলের মা শেফালী বেগম ও বোন আকলিমা প্রায়ই ফোন করতেন। কখনো দিনে পাঁচ-সাতবারও।
তাঁদের ফোনের বিষয়বস্তু প্রায় একই—বাদলের কোনো খবর আছে কি না, তাঁর মুক্তির বিষয়ে কিছু জানা গেছে কি না, কার সঙ্গে কথা বলা যায়, কোথায় গেলে সাহায্য পাওয়া যেতে পারে।
প্রথম দিকে মনে হতো, তাঁরা হয়তো নতুন কোনো তথ্য জানার আশায় ফোন করছেন। পরে বুঝেছি, শুধু তথ্যের জন্য নয়, কথা বলার জন্যও ফোন করতেন। দীর্ঘ অপেক্ষার মধ্যে তাঁদের কথা বলার মানুষ খুব বেশি ছিল না।
‘তেলাপোকা’র প্রতিরোধ ভারতে কেন এত আলোড়ন তুললভারতে হিন্দুত্ববাদীরা যেভাবে খ্রিষ্টানদের কোণঠাসা করছেআমার কাছে তাঁরা তাঁদের দুশ্চিন্তা, কান্না, আশার কথা খুলে বলতেন।
শেফালী বেগমের কণ্ঠে ছেলের জন্য আকুতি থাকত।
আকলিমা কথা বলতেন কিছুটা দৃঢ়ভাবে। ভাইকে ফিরিয়ে আনার জন্য তিনি একের পর এক জায়গায় যোগাযোগ করেছেন।
কারাগারে গেছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, মানবাধিকারকর্মীদের কাছে গেছেন, বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। কোথাও সাড়া পেয়েছেন, কোথাও পাননি। কিন্তু চেষ্টা থামাননি।
পরিবারটির আর্থিক অবস্থাও ভালো ছিল না। বাদলের সঙ্গে দেখা করতে যাওয়া, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন জায়গায় ছোটাছুটি—সবকিছুর জন্য অর্থের প্রয়োজন হতো।
সামর্থ্য অনুযায়ী কখনো তাঁদের পাশে দাঁড়িয়েছি। তবে এই পরিবারের লড়াই কখনো আমার একার সহায়তায় এগোয়নি।
আকলিমার নিজের চেষ্টা, মানবাধিকারকর্মীদের উদ্যোগ, আইনজীবীদের আইনি লড়াই এবং সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরার সম্মিলিত প্রচেষ্টাই তাঁদের আশার জায়গা তৈরি করেছে।
এই দীর্ঘ সময়ে একটি বিষয় আমাকে বারবার নাড়া দিয়েছে—একটি পরিবারের জীবনে কারাগারের সাজা শুধু একজন মানুষের ওপর পড়ে না।
তার প্রভাব ছড়িয়ে পড়ে পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে। প্রতিটি দিন, প্রতিটি উৎসব, প্রতিটি অসুস্থতা, প্রতিটি পারিবারিক সিদ্ধান্তে সেই সাজা উপস্থিত থাকে।
কারাগারের ভেতরে দেখা হওয়ার পর বাদল কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, ‘সবাই বলে আমি নির্দোষ। তাহলে আমি এখনো জেলে কেন?’ প্রশ্নটির উত্তর আমার কাছে ছিল না। একজন সাংবাদিক হিসেবে ঘটনা, নথি, বক্তব্য ও আইনি প্রক্রিয়ার তথ্য তুলে ধরতে পারি। কিন্তু একজন বন্দীর সামনে দাঁড়িয়ে তাঁর জীবনের আটকে থাকা সময়ের ব্যাখ্যা দেওয়া যায় না।কারাগারে দেখা, চোখের পানি
২০১৯ সালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাদলের সঙ্গে দেখা করার অনুমতি পাই। দীর্ঘদিন ধরে যাঁর খবর লিখেছি, যাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি, তাঁকে সামনাসামনি দেখার সুযোগ হলো সেদিন।
কারাগারের ভেতরে দেখা হওয়ার পর বাদল কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, ‘সবাই বলে আমি নির্দোষ। তাহলে আমি এখনো জেলে কেন?’
প্রশ্নটির উত্তর আমার কাছে ছিল না। একজন সাংবাদিক হিসেবে ঘটনা, নথি, বক্তব্য ও আইনি প্রক্রিয়ার তথ্য তুলে ধরতে পারি।
কিন্তু একজন বন্দীর সামনে দাঁড়িয়ে তাঁর জীবনের আটকে থাকা সময়ের ব্যাখ্যা দেওয়া যায় না।
বাদলের সঙ্গে দেখা করার পর তাঁর একটি ছবি তুলে রেখেছিলাম। ছবিটি তাঁর মাকে দেখাব বলে।
শেফালী বেগম ছেলের খবর জানতে চাইতেন, তাঁর মুখ দেখতে চাইতেন। কারাগারের ভেতর থেকে ছেলের একটি ছবি তাঁর কাছে পৌঁছে দেওয়াও তখন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল।
বাদলের বাবা ছেলের ফেরার অপেক্ষা করতে করতে মারা গেছেন। মা বৃদ্ধ হয়েছেন, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন।
বোন আকলিমার জীবনের বড় একটি অংশ কেটেছে ভাইকে মুক্ত করার চেষ্টায়।
ভারতে ভোটার তালিকা ঠিক করার নামে আসলে যা হচ্ছেভারতে বাস করা এখন কেন এমন অস্বস্তিরকারাগারেও থেমে থাকেনি পড়াশোনা
ভারতের কারাগারে থেকেও বাদল পড়াশোনা চালিয়ে গেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করেছেন, স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
বিভিন্ন বিষয়ে আটটি ডিপ্লোমা কোর্সও করেছেন। শিখেছেন ইংরেজি ও হিন্দি ভাষা।
এই তথ্যগুলো যখন সামনে আসে, তখন মনে হয়েছিল, দীর্ঘ কারাবাসের মধ্যেও বাদল নিজের ভেতরের মানুষটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন।
তাঁর সামনে স্বাভাবিক জীবনের পথ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শেখার চেষ্টা বন্ধ করেননি।
কারাগারের ভেতরে তাঁর সঙ্গে পরিচয় হয় মানবাধিকারকর্মী রাহুল কাপুরের। বন্দীদের কাউন্সেলিং করতে গিয়ে বাদলের ঘটনা জানতে পারেন তিনি।
পরে বাদলের মুক্তির দাবিতে ‘জাস্টিস ফর বাদল’ নামে প্রচার ও স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন মানবাধিকারকর্মী, সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছাতে থাকে।
ভারত থেকে বাংলাদেশে ফিরেও মুক্তি নয়
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় বাদলকে তিহার কারাগার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পরিবারের প্রত্যাশা ছিল, দেশে ফিরলেই হয়তো তাঁর মুক্তির পথ খুলবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁকে রাখা হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারে।
ভারতে আদালতের রায়ে দণ্ডিত একজন বন্দীকে বাংলাদেশে ফিরিয়ে আনার পর তাঁর মুক্তির প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
একদিকে ভারতীয় আদালতের সাজা, অন্যদিকে বাংলাদেশের কারাবিধি ও প্রশাসনিক প্রক্রিয়া—সব মিলিয়ে বাদলের মুক্তির বিষয়টি দুই দেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
২০২২ সালের ২০ জুলাই বাদলের সাজাভোগের ১৪ বছর পূর্ণ হওয়ার বিষয়টি সামনে আসে। ওই বছরের ৩০ জুলাই প্রথম আলোতে আমার প্রতিবেদন প্রকাশিত হয়—‘কারাভোগ শেষ, তবু মুক্তি নেই বাদল ফরাজির’।
তখনো পরিবারের আশা ছিল, সাজাভোগের মেয়াদ পূর্ণ হওয়ায় এবার হয়তো বাদল মুক্তি পাবেন।
দীর্ঘ অপেক্ষার শেষে বাদল ফরাজি বাড়ি ফিরলে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কেকিন্তু সাজাভোগের মেয়াদ পূর্ণ হওয়া আর কারাগার থেকে মুক্তি পাওয়া এক বিষয় ছিল না।
ভারতীয় আইনে আগাম মুক্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন ছিল।
দিল্লির কারাবিধি অনুযায়ী, নির্দিষ্ট সময় কারাভোগ করলেই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কেউ স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পান না; সাজা পর্যালোচনা বোর্ডের সুপারিশসহ প্রাসঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লির সাজা পর্যালোচনা বোর্ড বাদলের আগাম মুক্তির আবেদন নাকচ করে দেয়।
বোর্ডের নথিতে তাঁর কারাভোগ ও রেয়াতসহ সাজা গণনার হিসাব উল্লেখ করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় তাঁর আগাম মুক্তির সুপারিশ করা হয়নি। ফলে পরিবারের সামনে আবারও অনিশ্চয়তা।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাদলের মুক্তির বিষয়ে তথ্য চেয়েছিল এবং সাজা মওকুফের বিষয়েও সুপারিশ করেছিল।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘ছেলেটি নির্দোষ জানার পরও আমরা কিছু করতে পারিনি, কারণ, ভারতের আদালতে সাজা হয়েছে।
যেহেতু তাদের আদালতে সাজা হয়েছে, তাদের আইন মেনেই বাদলকে মুক্তি দেওয়া হবে।
তবে তাঁর মুক্তির প্রক্রিয়া যাতে ত্বরিত হয়, আমরা সেই ব্যবস্থা নেব।’ কিন্তু সময় গড়িয়েছে। মুক্তির অপেক্ষা শেষ হয়নি।
মায়ের অপেক্ষা, বোনের লড়াই
বাদল ফরাজির কারাবাস শুধু তাঁর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বাংলাদেশ ও ভারত—দুই দেশেই ঘটনাটি আলোচিত হয়েছে।
প্রথম আলো তাঁকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁর মুক্তির দাবিতে দুই দেশেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
তাঁকে ঘিরে লেখা হয়েছে উপন্যাসও। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির নাম ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ’, লেখক রাহিতুল ইসলাম।
বাংলাদেশে বাদলের মুক্তির দাবিতে কাজ করেছে প্রচেষ্টা ফাউন্ডেশন। কয়েকজন সাংবাদিক ও আইনজীবীও এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।
ভারতে মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে তাঁর মুক্তির দাবিতে কাজ করেছেন।
সর্বশেষ ২০২৬ সালের ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে মানববন্ধন হয়।
যে কারণে ভারতে মাওবাদী বিদ্রোহ নিভন্তপ্রায়ভারতে এমপি–এমএলএ কেনাবেচা ও দল ভাঙার রহস্য কীসেখানে তাঁর মুক্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।
বাদলের বোন আকলিমা ও পরিবারের সদস্যরা তখনো অপেক্ষায় ছিলেন—কবে ভাইকে স্থায়ীভাবে ঘরে ফিরিয়ে নিতে পারবেন।
তাঁদের চাওয়া ছিল একটাই, বাদল যেন আর কারাগারে ফিরে যেতে বাধ্য না হন।
বাদলকে দেশে ফিরিয়ে আনার পরও যখন মুক্তি মিলল না, তখন শেফালী বেগম ও আকলিমার অপেক্ষা আরও দীর্ঘ হয়। মায়ের বয়স বাড়ছিল। শরীর ভেঙে পড়ছিল।
ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তাঁকে নিজের কাছে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না।
বাবা মারা গেছেন ছেলের মুখ দেখার অপেক্ষায়। এই মৃত্যু আকলিমার কথায় বারবার ফিরে এসেছে। ভাইকে ফিরিয়ে আনার লড়াইয়ে তিনি যেন পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন।
আইজি প্রিজনের সঙ্গে দেখা
গত জুলাইয়ে ঢাকায় গিয়ে বাদলের বিষয়ে জানতে আমি দেখা করি তৎকালীন কারা মহাপরিদর্শক, সদ্য সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের সঙ্গে।
বাদলের মুক্তি নিয়ে জানতে চাইলে তিনি আমাকে বলেছিলেন, বাদলকে যদি ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা না হতো, তাহলে এত দিনে তাঁর মুক্তি হয়ে যেত।
তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতীয় আইনে বাদলের সাজাভোগের মেয়াদ পূর্ণ হয়েছিল। কিন্তু মুক্তির জন্য প্রয়োজনীয় ভারতীয় অনুমোদন বা ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে বারবার চিঠি দেওয়া হয়েছিল।
কথাগুলো শুনে আবারও বুঝতে পারি, বাদলের মুক্তির বিষয়টি কেবল বাংলাদেশের কারা কর্তৃপক্ষের হাতে ছিল না।
দুই দেশের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে ছিল তাঁর ভবিষ্যৎ। এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি গেছে, আবেদন হয়েছে, মতামত চাওয়া হয়েছে। কিন্তু একটি পরিবার যে প্রতিটি দিন গুনছে, সেই অপেক্ষার কোনো প্রশাসনিক সময়সীমা নেই।
এই সাক্ষাতের পরও বাদলের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল। আকলিমা জানালেন, তাঁরা ভারতের আইনজীবীদের সহায়তাও নিয়েছেন। দিল্লি হাইকোর্টে বাদলের পক্ষে আইনজীবীরা আবেদন করেন।
তাঁদের মধ্যে ছিলেন সারথক মাগ্গন, বৈভব ভরদ্বাজ ও রণজিৎ কুমার সাহু। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর আদালত সংশ্লিষ্ট দেশের প্রযোজ্য আইন অনুসারে প্যারোলের বিষয়টি বিবেচনার নির্দেশ দেন।
এরপর দুই দেশের মধ্যে দাপ্তরিক যোগাযোগ এগোয়। ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়।
১১ অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটি স্মারকলিপি জারি হয়। ২৫ অক্টোবর বাদলের প্যারোলের জন্য আবেদন করেন আকলিমা।
সংশ্লিষ্ট দপ্তরের মতামত ও প্রক্রিয়া শেষে ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
অবশেষে মায়ের কাছে ফেরা
২০২৬ সালের ২৪ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদলকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাঁকে বাগেরহাটের মোংলায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
১৮ বছর পর বাদল ফিরলেন মায়ের কাছে। যে তরুণ তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন, তিনি ফিরে এলেন জীবনের দীর্ঘ একটি অধ্যায় কারাগারে কাটিয়ে।
কিন্তু এই ফেরা পূর্ণ মুক্তি নয়।
চার সপ্তাহের প্যারোল শেষে স্থায়ী মুক্তির সিদ্ধান্ত না হলে তাঁকে আবার কারাগারে ফিরতে হবে। তাই মা-ছেলের পুনর্মিলনের আনন্দের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
এ কারণেই ভিডিও কলের সময় শেফালী বেগমের ‘আমার আর কিছু চাওয়ার নেই’ কথাটির ভেতরে আমি শুধু আনন্দ শুনিনি; শুনেছি দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এক মুহূর্তের স্বস্তি।
একজন মা ছেলেকে পাশে পেয়েছেন। কিন্তু কত দিন পাশে পাবেন, সেই নিশ্চয়তা এখনো নেই।
১০ বছরের সাংবাদিকতা, এক পরিবারের অপেক্ষা
২০১৬ সালে বাদল ফরাজিকে নিয়ে যখন লিখতে শুরু করি, তখন জানতাম না এই একটি ঘটনা আমার সাংবাদিকতার জীবনে এত দীর্ঘ সময় ধরে থাকবে। একে একে বছর পেরিয়েছে—এখন ২০২৬।
এই সময়ের মধ্যে কতবার শেফালী বেগমের ফোন এসেছে, কতবার আকলিমা নতুন কোনো খবরের আশায় যোগাযোগ করেছেন, কতবার তাঁদের বলতে হয়েছে—এখনো কিছু নিশ্চিত হয়নি।
কতবার বাদলের মুক্তির খবরের অপেক্ষায় থেকেছি আমিও।
একজন সাংবাদিকের কাজ খবর সংগ্রহ করা, তথ্য যাচাই করা, মানুষের কথা তুলে ধরা।
কিন্তু কোনো কোনো ঘটনা শুধু প্রতিবেদন লিখে শেষ হয় না। মানুষের জীবনের সঙ্গে, পরিবারের দুঃখের সঙ্গে, অপেক্ষার সঙ্গে একধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। বাদল ফরাজির ঘটনা আমার কাছে তেমনই।
আমি তাঁর আইনজীবী নই, মুক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আমার নেই। আমি শুধু তাঁর পরিবারের কথা শুনেছি, তাঁদের লড়াইয়ের খবর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
কখনো কারাগারে গিয়ে বাদলের চোখের পানি দেখেছি, কখনো মায়ের কণ্ঠে ছেলের জন্য আকুতি শুনেছি, কখনো বোনের ক্লান্তিহীন চেষ্টা দেখেছি।
আর আন্তর্জাতিক সাংবাদিকদের কাছ থেকেও শুনেছি, এই ঘটনার আরও গভীর অনুসন্ধান প্রয়োজন।
বাদলকে নিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো পড়েছিলেন পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন সাংবাদিক এবং আন্তর্জাতিক সাংবাদিকতা সংস্থা অ্যালফ্রেড ফ্রেন্ডলি প্রেস পার্টনার্সের প্রেসিডেন্ট র‍্যান্ডি স্মিথ।
তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আমি। প্রতিবেদনগুলো পড়ে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তা আমাকে নতুন করে ভাবিয়েছে।
তিনি বলেছিলেন, বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্যও জানা জরুরি। তিনি জানতে চেয়েছিলেন, নিহত নারী নির্মলা মদন কে ছিলেন, তাঁর জীবন ও হত্যাকাণ্ডের পেছনের প্রেক্ষাপট কী ছিল এবং একজনকে দায়ী করার প্রয়োজনীয়তা কীভাবে নির্ধারিত হয়েছিল।
তিনি প্রশ্ন তুলেছিলেন, এসব বিষয় অনুসন্ধান না করে ঘটনাটিকে পুরোপুরি বোঝা সম্ভব কি না।
কিন্তু যে হত্যাকাণ্ডের ঘটনায় বাদল দণ্ডিত হয়েছিলেন, সেই মামলার তদন্ত, সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আরও গভীর অনুসন্ধানের প্রয়োজন থেকেই যায়।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, চার সপ্তাহের প্যারোলের পর বাদলের ভবিষ্যৎ কী হবে? তিনি কি স্থায়ীভাবে মুক্তি পাবেন? তাঁর বিরুদ্ধে হওয়া বিচার ও দণ্ডের প্রশ্নগুলো কি নতুন করে পর্যালোচনার সুযোগ পাবে?
দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ ও প্রশাসনিক জটিলতার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন।
তাঁর মন্তব্য ছিল, ‘আই বিভিল দ্য স্টোরি ইজ ওনলি হাফ টোল্ড’। অর্থাৎ তাঁর মনে হয়েছে, গল্পটির মাত্র অর্ধেকই বলা হয়েছে।
তিনি মনে করেছিলেন, এই ঘটনায় গুরুতর কিছু অসংগতি রয়েছে এবং আরও গভীর অনুসন্ধান প্রয়োজন। র‍্যান্ডি স্মিথ আমার কাজের প্রশংসা করেছিলেন।
র‍্যান্ডি স্মিথের পর্যবেক্ষণ আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ, বাদলের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে প্রতিবেদন হয়েছে, মানববন্ধন হয়েছে, আইনি ও কূটনৈতিক যোগাযোগের খবর এসেছে।
কিন্তু যে হত্যাকাণ্ডের ঘটনায় বাদল দণ্ডিত হয়েছিলেন, সেই মামলার তদন্ত, সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আরও গভীর অনুসন্ধানের প্রয়োজন থেকেই যায়।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, চার সপ্তাহের প্যারোলের পর বাদলের ভবিষ্যৎ কী হবে? তিনি কি স্থায়ীভাবে মুক্তি পাবেন? তাঁর বিরুদ্ধে হওয়া বিচার ও দণ্ডের প্রশ্নগুলো কি নতুন করে পর্যালোচনার সুযোগ পাবে?
আর যে ১৮টি বছর তিনি হারিয়েছেন, তার দায় ও জবাবদিহি নিয়ে কি কখনো পূর্ণাঙ্গ আলোচনা হবে?
ভিডিও কলে শেফালী বেগমের মুখে শুনেছিলাম, ‘আমার আর কিছু চাওয়ার নেই।’ একজন মায়ের কাছে হয়তো এই মুহূর্তে ছেলের ফিরে আসাই সব। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয়, এই গল্পের শেষ এখানেই নয়।
একটি নামের মিলের অভিযোগে একজন মানুষের জীবনের ১৮ বছর কীভাবে কেটে গেল, একটি পরিবার কেন এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করল, আর বিচার ও প্রশাসনিক প্রক্রিয়ার কোন কোন জায়গায় প্রশ্ন রয়ে গেল—সেসব অনুসন্ধান করাও জরুরি।
কারণ, বাদল মায়ের কাছে ফিরেছেন। কিন্তু তাঁর জীবনের হারিয়ে যাওয়া ১৮ বছর আর ফিরে আসবে না।
রোজিনা ইসলাম প্রথম আলোর ক্যালিফোর্নিয়া প্রতিনিধি।

Source - www.prothomalo.com ↗