রাজধানীর কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, কমলাপুর পানির ট্যাংকের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। রাত ১২টা থেকে ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত রোমান প্রধান মাদারীপুরের কালকিনি থানার চর জগমোহন গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
রাজধানীর কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

তিনি রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এসআই এরশাদ হোসেন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
The post রাজধানীর কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗