যশোরের দড়াটানা সেতুর নিচে নদজুড়ে কচুরিপানা। ফাঁকে ফাঁকে যতটুকু পানি দেখা যায়, তার রং কালো। মানুষের চোখে দৃশ্যটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে এই দৃশ্য দেখে অস্বস্তি হলো শেখ সাদিয়া মনোয়ারা ঊষার। মনে হলো, কিছু একটা করা দরকার। ৫ নভেম্বর ফেসবুকে ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগের কথা জানিয়ে সবার পরামর্শ চাইলেন তিনি। সেই আহ্বান থেকেই শুরু হলো যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদ পরিষ্কারের অভিযান।