Bangladesh · 2026-11-26 16:33:21

আকবরশাহ্ থানা পুলিশের উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

আকবরশাহ্ থানা পুলিশের উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনে আকবরশাহ্ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে যাওয়ার বিষয়ে বেশ কিছু সাধারণ ডায়েরি (জিডি) এবং লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলোর ভিত্তিতে থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এই অভিযানেই ছিনতাই হওয়া ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় আকবরশাহ্ থানার এএসআই/মিঠুন চন্দ্র ঘোষ।

আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, এস পি রুহুল আমিন লাভলু, আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজের হোছাইন, এ এবং এএসআই মিঠুনের উপস্থিতিতে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। ফোন ফিরে পাওয়া এক মালিক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "মোবাইলটি হারানোর পর ভেবেছিলাম আর কোনোদিন ফিরে পাব না। কিন্তু আকবরশাহ থানা পুলিশ দ্রুততম সময়ে সেটি উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছে। পুলিশের এমন জনবান্ধব পদক্ষেপে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।"

অপর এক ভুক্তভোগী বলেন, "ফোনটিতে আমার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও অফিসের তথ্য ছিল। জিডি করার পর পুলিশ যেভাবে আন্তরিকতার সাথে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সিএমপি ও আকবরশাহ্ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সিএমপির এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗