Bangladesh · 2026-11-26 18:27:00

সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’

সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘শুভদা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
‘শুভদা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজীবনের প্রথম দিকের রচনা। উপন্যাসটি তাঁর মৃত্যুর পর ১৯৩৮ সালের জুন মাসে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রথম বই আকারে প্রকাশিত হয়। এতে তৎকালীন গ্রামবাংলার সমাজজীবন, দারিদ্র্য, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য এবং নারীর অসহায়ত্ব অত্যন্ত বাস্তব ও মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে।
পাঠচক্রের শুরুতে বন্ধু কৃত্য ছেত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি পাঠ করেন। এরপর ‘শুভদা’ উপন্যাসের পর্যালোচনা ও চরিত্র বিশ্লেষণ করেন বন্ধু শুভ তালুকদার। তিনি বলেন, ‘একজন দরিদ্র পরিবারের গৃহবধূ হিসেবে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শুভদার জীবনসংগ্রাম, স্বামীর দায়িত্বহীনতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সংসার টিকিয়ে রাখার তার নিরন্তর চেষ্টা মূল আবেগ তৈরি করেছে। তার স্বামী হারাণচন্দ্র সংসারের প্রতি দায়িত্বহীন এবং নেশা ও অসৎ সঙ্গের প্রতি আসক্ত। তার এই আচরণের কারণে স্ত্রী-সন্তানদের জীবনে নেমে আসে দুঃখ-দুর্দশা।
‘উপন্যাসে শুভদার দুই কন্যা ললনা ও ছলনার জীবনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পারিবারিক দারিদ্র্য, সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের জীবনকে প্রভাবিত করেছে। অন্যদিকে, শুভদার অসুস্থ ছেলে মাধবের জীবনসংগ্রামও গল্পের করুণ আবহকে আরও গভীর করেছে। এ ছাড়া উপন্যাসে রাসমণি, মালতী, জয়াবতী ও অন্যান্য চরিত্রের মাধ্যমে তৎকালীন সমাজের পারিবারিক সম্পর্ক, সামাজিক রীতিনীতি এবং নারীজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।’
উপন্যাসটির পর্যালোচনায় বিশেষভাবে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—মানুষের প্রকৃত পরিচয় কি তার সামাজিক অবস্থানে, নাকি তার মানবিকতায়? শুভদা, সদানন্দ ও কাত্যায়নীর চরিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে এই প্রশ্নের গভীরতা উপলব্ধি করা যায়। বন্ধুরা বলেন, ‘শরৎচন্দ্র এই উপন্যাসে শুধু একটি দরিদ্র পরিবারের গল্প বলেননি; বরং দারিদ্র্য কীভাবে মানুষের স্বপ্ন, সম্পর্ক ও স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে, তা অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, সামাজিক কুসংস্কার এবং মানুষের নৈতিক অবক্ষয়ের চিত্রও প্রকাশ করেছেন।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, সমরজিৎ হালদার, গায়ত্রী বর্মণ, অম্লান রায়, মিথিলা, আহসান আহমেদ, নয়ন হাজরা, উর্মি পাল, অলোক, বৃষ্টি, লৈরিকসহ অনেকে।

Source - www.bondhushava.com ↗