Bangladesh · 2026-11-26 18:12:48

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় করা একটি মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে। তবে মামলার এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে, সেই মো. মাহবুবের দাবি, তিনি কোনো মামলা করেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় ডেকে নিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে সেই কাগজে এজাহার তৈরি করে মামলা করা হয়েছে।
ওই ঘটনায় মো. মাহবুব আদালতে একটি হলফনামায় (অ্যাফিডেভিট) দাখিল করেছেন। এতে তিনি বলেছেন, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা সম্পর্কে জানেন না, তাঁর সামনে এমন ঘটনাও ঘটেনি। এ ঘটনায় তিনি কোনো মামলাও করেননি।
মো. মাহবুব রানীশংকৈল পৌর যুবদলের সহসভাপতি। তাঁর বাড়ি রানীশংকৈল পৌরসভার দক্ষিণ বাঁশবাড়ী এলাকায়। তিনি কৃষিকাজ করেন।
২০ নভেম্বর রাত পৌনে একটার দিকে রানীশংকৈল থানায় মামলাটি করা হয়। এজাহারে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতার উদ্দেশ্যে রাস্তায় টায়ার জ্বালান। এ সময় বাদী ঘটনাটি দেখে তাঁদের বাধা দিলে তাঁকে মারতে আসেন তাঁরা। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তিনি দৌড়ে পালিয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রানীশংকৈল উপজেলা কমিটির সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব, রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব বসাক, নিষিদ্ধ ছাত্রলীগের পৌর কমিটির সাবেক সভাপতি মো. তামিম, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সভাপতি সোহেল রানা, বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্ম্মন, রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারিসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে।
এজাহার পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ আসামির নামের পাশে তাঁদের দলীয় পদবি উল্লেখ করা হয়নি। ১৫ জনের ক্ষেত্রে শুধু নাম দেওয়া হয়েছে। তাঁদের ঠিকানা কিংবা বাবার নামও উল্লেখ করা হয়নি। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
২২ নভেম্বর আদালতে অ্যাফিডেভিট করেন মামলার বাদী মো. মাহবুব। সেখানে তিনি উল্লেখ করেন, মামলায় উল্লেখ করা ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁর সামনে এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি। ২০ নভেম্বর রানীশংকৈলের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা উল্লেখ করে তিনি কোনো মামলা করেননি।এলাকাবাসীর ভাষ্য
এজাহারে ঘটনার স্থান হিসেবে রানীশংকৈল থেকে কাতিহার যাওয়ার পথে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার পশ্চিমের রাস্তার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় দেখানো হয়েছে ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা।
তবে ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সেদিন সন্ধ্যায় সেখানে বিপুলসংখ্যক মানুষের জমায়েত ও ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা তাঁদের চোখে পড়েনি।
নাম প্রকাশ না করার শর্তে ৬৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘এত মানুষ এক জায়গায় জড়ো হয়ে আগুন জ্বালাল, ককটেল বিস্ফোরণ ঘটাল আর আমরা কিছুই জানলাম না—এটা কীভাবে হয়?’
ঘটনাস্থল থেকে পুলিশ দুই ব্যক্তির উপস্থিতিতে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বলে মামলায় বলা হয়েছে। তাদের একজন পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, ‘সেদিন আমি সেখানে যাইনি। পুলিশ না জানিয়েই আমার নাম দিয়ে দিয়েছে। রানীশংকৈলে এমন ঘটনা ঘটেনি। মামলাটি নিয়ে আমরা আসলেই বিব্রত।’
বাদীর অ্যাফিডেভিটে যা বলা হয়েছে
মামলার পর পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক ও ছাত্রলীগের কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
এরপর ২২ নভেম্বর আদালতে অ্যাফিডেভিট করেন মামলার বাদী মো. মাহবুব। সেখানে তিনি উল্লেখ করেন, ২১ নভেম্বর রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে মুঠোফোনে থানায় ডেকে নেন। থানায় যাওয়ার পর ওসি তাঁকে বলেন, দলীয় প্রয়োজনে তাঁর একটি স্বাক্ষর প্রয়োজন। পরে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
মাহবুবের দাবি, পরে তিনি জানতে পারেন, তাঁর স্বাক্ষর করা ওই সাদা কাগজে এজাহার তৈরি করে ১১২ জনের নাম উল্লেখ এবং ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মামলাটি তাঁর করা নয়, অ্যাফিডেভিটে উল্লেখ করে মাহবুব আরও ঘোষণা করেন, মামলায় উল্লেখ করা ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁর সামনে এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি। ২০ নভেম্বর রানীশংকৈলের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা উল্লেখ করে তিনি কোনো মামলা করেননি। মামলার আসামিদের বিরুদ্ধেও তাঁর কোনো অভিযোগ নেই। আসামিরা তদন্তে অব্যাহতি পেলে, খালাস কিংবা জামিন পেলে তাঁর কোনো আপত্তি থাকবে না।
মো. মাহবুব, মামলার বাদী মামলাটা নিয়ে আমি বিব্রত। মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। যা বলার অ্যাফিডেভিটে বলে দিয়েছি।কারাগারে থাকা ব্যক্তিও আসামির তালিকায়
মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে রানীশংকৈলে থাকেন না। তাঁদের কেউ কেউ কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তামিম হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘প্রায় তিন বছর ধরে আমি রানীশংকৈলের বাইরে অবস্থান করছি। মামলায় আমার নাম থাকার বিষয়টি ফোনে জানতে পেরেছি। বাইরে অবস্থান করে এমন একটি মামলার আসামি হওয়ার কথা শুনে বিস্মিত হয়েছি।’
৯ নভেম্বর রাজধানীর আদাবর এলাকা থেকে পেট্রলবোমা, গানপাউডারসহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ও রাশেদ কবিরকে গ্রেপ্তার করে এসআরবি-২। রানীশংকৈল থানায় করা এ মামলায় রাশেদ কবিরের নামও রয়েছে।
‘যা বলার অ্যাফিডেভিটে বলে দিয়েছি’
এজাহারে বাদী হিসেবে উল্লেখ করা মো. মাহবুব মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে ঘটনার বর্ণনা দেন।
মামলার বিষয়ে জানতে চাইলে মাহবুব বলেন, ‘মামলাটা নিয়ে আমি বিব্রত। মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। যা বলার অ্যাফিডেভিটে বলে দিয়েছি।’ এরপর তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁওমামলাটি বাদী জেনে-শুনেই করেছেন। তিনি তো নিরক্ষর নন যে কেউ সাদা কাগজে স্বাক্ষর করতে বলল, আর তিনি দিয়ে দিলেন। তিনি হয়তো কারও চাপে এখন এসব কথা বলছেন। অ্যাফিডেভিট করলেই মামলা শেষ হয়ে যায়, এমনটি ভাবার সুযোগ নেই।পুলিশের বক্তব্য
মামলার বাদীর এমন অভিযোগের বিষয়ে জানতে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে বাদীর অনেক কিছু করার অধিকার আছে। বাদী নিজেই আসামি চিহ্নিত করে মামলা করেছেন, নাকি কারও চাপে অ্যাফিডেভিট করেছেন, তা বলা কঠিন। তারপরও বিষয়টি তদন্ত করে দেখছি।’
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘মামলাটি বাদী জেনে-শুনেই করেছেন। তিনি তো নিরক্ষর নন যে কেউ সাদা কাগজে স্বাক্ষর করতে বলল, আর তিনি দিয়ে দিলেন। তিনি হয়তো কারও চাপে এখন এসব কথা বলছেন। অ্যাফিডেভিট করলেই মামলা শেষ হয়ে যায়, এমনটি ভাবার সুযোগ নেই। মামলাটি চলবে কি না, সেটি আদালতের সিদ্ধান্ত।’

Source - www.prothomalo.com ↗