Bangladesh · 2026-11-26 17:37:20

পদ্মার ২৪ কেজির পাঙাশ ৬৬ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২৪ কেজির পাঙাশ ৬৬ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৬৬ হাজার টাকা বিক্রি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জার্মানিপ্রবাসী টুটুল কুন্ডু নামের এক বাসিন্দা ওই মাছ কিনে নিয়েছেন। একই দিন ওই জার্মানিপ্রবাসী ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল ও ৮ কেজি ওজনের একটি আইড় মাছও কিনেছেন। তিনটি মাছের দাম পড়েছে ১ লাখ ৫ হাজার ৬৪০ টাকা।
আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছ থেকে মাছ তিনটি কেনেন জার্মানিপ্রবাসী টুটুল। এর আগে পাঙাশটি স্থানীয় জেলে ছাত্তার হালদারের কাছ থেকে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনেছিলেন শাহজাহান। পাঙাশটি গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় জেলেদের কারেন্ট জালে ধরা পড়ে।

২৪ কেজি ওজনের পাঙাশ ৬৬ হাজার টাকায় এবং ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ১৪ হাজার ৪০ টাকায় বিক্রি করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায়স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোররাতে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়ার জেলে ছাত্তার হালদার। কলাবাগান এলাকায় কারেন্ট জাল পেতে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। একপর্যায়ে জালে বড় মাছ আটকা পড়ার বিষয়টি বুঝতে পারেন। পরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় আকারের একটি পাঙাশ দেখতে পান। মাছটি পাওয়ার পর বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। পরে শাহজাহানের আড়তে নিয়ে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় ২৪ কেজি।
শাহজাহান শেখ দরদাম করে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় পাঙাশটি কিনে নেন। পরে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে জার্মানিপ্রবাসী টুটুল মাছটি কেনার আগ্রহ দেখান। শেষ পর্যন্ত কেজিপ্রতি ৫০ টাকা লাভে ৬৬ হাজার টাকায় মাছটি তাঁর কাছে বিক্রি করেন শাহজাহান।
২৪ কেজি ওজনের পাঙাশ মাছ হাতে ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায়শাহজাহান শেখ বলেন, ছাত্তার হালদার তাঁর আত্মীয়। এত বড় পাঙাশ মাছ জালে ধরা পড়ার পর তিনি তাঁকে খবর দেন। সকালে মাছটি তাঁর আড়তে নিয়ে আসেন। পরে দরদাম করে কিনে নেন। এরপর জার্মানিপ্রবাসী ওই ক্রেতার সঙ্গে যোগাযোগ হলে তিনি মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন।
শাহজাহান শেখ আরও বলেন, একই দিন দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়ত থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৫২০ টাকায় কেনেন তিনি। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ১৪ হাজার ৪০ টাকায় মাছটি ওই প্রবাসীর কাছে বিক্রি করেন।
এ ছাড়া যমুনা নদীতে জেলে বাচ্চু হালদারের হাজারি বড়শিতে ধরা পড়া প্রায় ৮ কেজি ওজনের একটি আইড় মাছ ৩ হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কেনেন শাহজাহান। পরে কেজিপ্রতি ২০০ টাকা লাভে ২৫ হাজার ৬০০ টাকায় সেটিও ওই প্রবাসীর কাছে বিক্রি করেন। মাছ তিনটি সকালে ক্রেতার দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।

Source - www.prothomalo.com ↗