Bangladesh · 2026-11-26 19:02:44

যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি

যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি
যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে গম আমদানিতে ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে। এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এই দরবৃদ্ধির কারণে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। প্রয়োজনে এর সঙ্গে আরও ১০ শতাংশ বা ৪৪ হাজার টন গম কেনার সুযোগও রাখা হয়েছে। সব মিলিয়ে গম আমদানির পরিমাণ ৪ লাখ ৮৪ হাজার টন পর্যন্ত হতে পারে। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা তা নিশ্চিত করে জানাতে পারেননি। এ গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড।
প্রতিবারই দর বেড়েছে

গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয় টনপ্রতি ৩০২ দশমিক ৭৫ ডলারে। এরপর দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয় ৩১২ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ প্রতিবারই যুক্তরাষ্ট্র থেকে গম কেনার দর বেড়েছে।
এবারের দর আগের তিন দফার তুলনায় বেশি। গত ডিসেম্বরে কেনা গমের দরের তুলনায় এবার টনপ্রতি ৩৫ দশমিক ৫০ ডলার বেশি দিতে হচ্ছে। আর গত বছরের জুলাইয়ের প্রথম দফার তুলনায় দাম বেড়েছে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) নভেম্বর ২০২৬-এর ‘গ্রেইন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড’ প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের গমের রপ্তানিমূল্য টনপ্রতি ৪৮ ডলার কমে ২৯১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া কানাডার গমের দাম প্রতি টনে ২৮ ডলার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৫ ডলার, আর্জেন্টিনার ১৬ ডলার, রাশিয়ার ১০ ডলার এবং অস্ট্রেলিয়ার ৮ ডলার করে কমেছে।
খাদ্য অধিদপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, বাংলাদেশের ক্রয়মূল্যের ইউএসডিএর দামের সরাসরি তুলনা করা যাবে না। কারণ, ইউএসডিএর তথ্যে জাহাজভাড়া ও বিমা অন্তর্ভুক্ত নয়। এর বাইরেও খরচ রয়েছে।
বাড়তি ব্যয় প্রায় ১৯৫ কোটি টাকা

গতবারের সর্বশেষ দর ৩১২ দশমিক ২৫ ডলার ধরে হিসাব করলে এবার ৪ লাখ ৪০ হাজার টন গম কিনতে অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৫৬২ লাখ ডলার। এবারের ক্রয় প্রস্তাবে উল্লেখ করা টাকার অঙ্কের ভিত্তিতে ডলারের বিনিময় হার ধরলে এর পরিমাণ প্রায় ১৯৫ কোটি টাকা।
খাদ্য মন্ত্রণালয় এর আগে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির দাম নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জানিয়েছিল, গম কেনায় অনিয়ম বা অতিরিক্ত দাম দেওয়ার ঘটনা ঘটেনি। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহ নিশ্চিত করতে গম আমদানি প্রয়োজন। তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে গম কেনা হচ্ছে কি না, সেটা দেখার বিষয়। প্রতিটি ক্রয় প্রস্তাবের দর নির্ধারণের ভিত্তি ও চুক্তির শর্ত এ জন্য প্রকাশ করা জরুরি।

Source - www.prothomalo.com ↗