Bangladesh · 2026-11-26 22:43:26

রিট শুনানি–নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ

রিট শুনানি–নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ইতিমধ্যে পদত্যাগ করা সাবেক এই বিচারপতিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাঁর ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দুই আইনজীবীকে আপাতত পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যদের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত পর্যায়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ নিয়ে ২০২০ সালে চাকরিপ্রত্যাশীরা রিট করেন। শুনানি নিয়ে তৎকালীন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেন। রায়ে লিখিত ও মৌখিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে যোগ্য হলে রিট আবেদনকারীদের নিয়োগ দিতে বলা হয়। এ ছাড়া প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্পর্কিত আরও কয়েকটি রিট হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন সময় রায় হয়। ২০২৩ সালের ৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে। অন্যগুলোর ক্ষেত্রে পৃথক লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে।
প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ওই আপিল ও লিভ টু আপিল শুনানিতে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে সংশ্লিষ্ট রিট আবেদনগুলো শুনানির ক্ষেত্রে কিছু অনিয়ম ও অসংগতির বিষয় আদালতের নজরে আনে সরকারপক্ষ। আদালত সংশ্লিষ্ট নথিপত্র তলব করেন। সংশ্লিষ্ট শাখা সেগুলো আদালতের সামনে উপস্থাপন করে। ১৯টি রিট আবেদনের নথিপত্র পর্যালোচনা করে আদালত গুরুতর ধরনের কিছু অসংগতি ও অনিয়ম দেখতে পান। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি আপিল বিভাগে বিস্তারিত প্রতিবেদন দাখিল করে।
আগের ধারাবাহিকতায় আজ আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, তদন্তের জন্য ১৯টি রিট আবেদন কমিটির কাছে পাঠানো হয়। এর মধ্যে ৯টি মামলায় গুরুতর অসংগতি ও অনিয়ম শনাক্ত করা হয়েছে। এসব মামলায় শুনানি পরিচালনাকারী আইনজীবী ছিলেন মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন।
আদেশে আপিল বিভাগ বলেছেন, আমাদের কাছে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে হয়েছে সংশ্লিষ্ট বেঞ্চ (হাইকোর্ট বিভাগের) যেভাবে পক্ষ (রিট আবেদনে) যুক্ত করার আবেদনগুলো গ্রহণ ও মঞ্জুর করেছেন, যার মাধ্যমে একাধিক আবেদনকারীকে সহ-রিট আবেদনকারী হিসেবে যুক্ত করা হয়।
আদেশে বলা হয়, ২০২৩ সালের রিট আবেদনের (রিট নম্বর–১৫৯১৫) শুনানি ২০২৪ সালের ২৮ এপ্রিল শেষ হয়। শুনানি শেষ হওয়ার পর ২০২৪ সালের ৩০ এপ্রিল আদেশের মাধ্যমে আরও ৫৭৪ জন আবেদনকারীকে সহ-রিট আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়া হয়। ২০২৪ সালের ৬ মে রায় ঘোষণা করা হয়। নথিপত্র থেকে দেখা যায়, ৩০ এপ্রিল যুক্ত হওয়া সহ-রিট আবেদনকারীদের নাম রিটের মামলার শিরোনামে অন্তর্ভুক্ত হয়নি। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁদের নাম অন্তর্ভুক্ত করার কথা। তা না করেই পরবর্তী তারিখে রায় ঘোষণা করা হয়।
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট বেঞ্চের শুনানি পরিচালনা ও রুল নিষ্পত্তির পদ্ধতি ছিল দুঃখজনক ও অনভিপ্রেত। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় একই ধরনের ঘটনা ঘটেছে।
আপিল বিভাগ দুই আইনজীবীর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বাংলাদেশ বার কাউন্সিলকে বলেছেন। এ বিষয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুই আইনজীবীকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট বেঞ্চের সভাপতিত্বকারী বিচারপতি নাইমা হায়দার, যিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তাঁকে উল্লিখিত প্রশ্নে তাঁর ব্যাখ্যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো। অবিলম্বে এই আদেশের অনুলিপি ও তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারপতির কাছে পাঠাতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হলো। পরবর্তী আদেশের জন্য বিষয়টি আগামী ৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় আসবে বলে উল্লেখ করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক। উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন। আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী গাজী কামরুল ইসলাম প্রমুখ।

Source - www.prothomalo.com ↗