Bangladesh · 2026-11-26 22:01:15

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা। তিনি মৃত মফজল আহমদ চৌধুরী ও লুৎফুন্নেসার ছেলে। বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে ট্রেইলারের চাপায় গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে দুর্ঘটনার বিষয়ে বিএম কনটেইনার ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত নন। তবে ডিপোতে একটি দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।

Source - www.bd24live.com ↗