পুড়িয়ে দেওয়া সব থানা পুনরায় চালু করাসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, রেল যোগাযোগ, উন্নয়ন বরাদ্দ, মামলা প্রত্যাহার ও সরকারি সেবা চালুর বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
দলটির দাবির মধ্যে রয়েছে, গোপালগঞ্জ থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, বন্ধ থাকা থানাগুলো পূর্ণাঙ্গভাবে চালু এবং স্বাভাবিক রেল যোগাযোগ পুনঃস্থাপন। এ ছাড়া জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে।
আট দফা দাবির মধ্যে গণমাধ্যমে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত কিছু প্রতিবেদন প্রত্যাহার ও সংশোধনী প্রকাশের দাবিও রয়েছে।
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথিতে তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের তথ্য রয়েছে। এ ছাড়া দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় কয়েক শ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে একটি হাসপাতালও। এতে হাসপাতালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।
আট দফা দাবিতে যা বলা হয়েছে
বিবৃতিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আটটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—
১. জেলার স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ থেকে অবিলম্বে সব বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।
২. বন্ধ থাকা সব থানা পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।
৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক করতে হবে। ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে যাত্রীসেবা চালু করতে হবে।
৫. জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা বন্ধ বা বাতিল করা যাবে না। কোনো ধরনের বৈষম্য ছাড়াই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
৬. রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রত্যাহার করতে হবে। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।
৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার কার্যালয় খুলে দিয়ে জমির দলিল নিবন্ধনসহ স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে।
৮. গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রত্যাহার করে যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ জেলার মানুষও দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে জেলার মানুষকে বঞ্চিত করার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য বা হয়রানির শিকার করাও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
Source - www.bd24live.com ↗