বাংলাদেশের প্রাইম ব্যাংক যুক্তরাজ্যের লয়েডস এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান এনিজিওর সঙ্গে একাধিক আন্তসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। এসব লেনদেনের কাগজপত্র প্রস্তুত করে লয়েডসের কাছে ডিজিটাল উপায়ে পাঠাতে প্রাইম ব্যাংকের এক ঘণ্টার কম সময় লেগেছে। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ৪৮ ঘণ্টায়। এতে কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেড। যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পাইকারি পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে। এ লেনদেনে ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে লয়েডস কালেকটিং ব্যাংক হিসেবে কাজ করেছে।
প্রতিটি চালানের কাগজপত্র এনিজিওর ট্রেস: অরিজিনাল পদ্ধতিতে ডিজিটাল উপায়ে তৈরি ও হস্তান্তর করা হয়েছে। ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন। একই পদ্ধতিতে লয়েডস এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট তৈরি করে মূল কালেকশন ডকুমেন্টের সঙ্গে আমদানিকারকের কাছে পাঠিয়েছে।
যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দিন বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যের ডিজিটাল লেনদেন একটি করে সম্পন্ন হতো। এবার একসঙ্গে একাধিক কালেকশন সম্পন্ন হওয়ায় ডিজিটাল বাণিজ্যকে নিয়মিত কার্যক্রমে রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ নিয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সল রহমান বলেন, একসঙ্গে একাধিক লেনদেনের কাগজপত্র এক ঘণ্টার কম সময়ে প্রস্তুত করা এবং পুরো প্রক্রিয়া ৪৮ ঘণ্টায় শেষ করার মাধ্যমে প্রমাণিত হয়, আন্তসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রস্তুত।
ফয়সল রহমান আরও বলেন, লয়েডস ও এনিজিওর সঙ্গে মিলে প্রাইম ব্যাংক পরীক্ষামূলক কার্যক্রমকে নিয়মিত ব্যবহারের উপযোগী চ্যানেলে রূপ দিয়েছে।
লয়েডসের ট্র্যানজেকশন ব্যাংকিং প্রোডাক্টস বিভাগের এমডি সুরাথ সেনগুপ্ত বলেন, একাধিক কালেকশন ডিজিটালভাবে সম্পন্ন হওয়ায় প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্যকে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার করা সম্ভব। এতে প্রচলিত প্রক্রিয়ার জটিলতা, কাগজপত্র ও প্রতিবন্ধকতা কমবে।
The post যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗