Bangladesh · 2026-11-27 07:00:00

মানবজাতির প্রাচীন গুহাচিত্রগুলো মুছে যাচ্ছে, কারণ জানালেন প্রত্নতাত্ত্বিকেরা

মানবজাতির প্রাচীন গুহাচিত্রগুলো মুছে যাচ্ছে, কারণ জানালেন প্রত্নতাত্ত্বিকেরা
জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা চারপাশে নানাভাবেই টের পাচ্ছি। সমুদ্রের পানি বেড়ে যাওয়া, বন্যা, হিমবাহ গলে যাওয়া, সমুদ্রের পানির অম্লতা বাড়া কিংবা খরার মতো ঘটনা দেখলেই বোঝা যায়। এমনকি ইন্দোনেশিয়ার প্রাচীন কিছু গুহায়ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে।
বিজ্ঞানীদের মতে, এর পেছনে কাজ করছে ‘হ্যালোক্লাস্টি’ নামের একধরনের ভৌত প্রক্রিয়া। তাপমাত্রা বেড়ে যাওয়া, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা, আর্দ্রতার বদল আর বর্ষায় গুহায় পানি জমার মতো বিষয়গুলো এ প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলছে।
চুনাপাথরের মধ্যে থাকা ছিদ্র আর ক্ষয়ে যাওয়া জায়গা দিয়ে লবণ মেশানো পানি গুহার ভেতরে ঢুকে পড়ে। পানি শুকিয়ে গেলে বা আবহাওয়া বদলালে সেখানে লবণের স্ফটিক তৈরি হয়। তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামায় এসব স্ফটিক কখনো ছোট হয়, কখনো বড় হয়। আর তাতেই পাথরের ভেতরে প্রবল চাপ তৈরি হয়ে পাথর ফেটে যায়, খণ্ড খণ্ড হয়ে খসে পড়ে এবং দুর্বল হয়ে যায়।
এখানেই সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ, ইন্দোনেশিয়ার এসব গুহার গায়েই লুকিয়ে আছে মানুষের তৈরি সবচেয়ে পুরোনো কয়েকটি শিল্পকর্ম। যদিও ফ্রান্সের শভে গুহা বা স্পেনের আলতামিরা গুহা এমন শিল্পকর্মের জন্য সবচেয়ে পরিচিত। তবু ইন্দোনেশিয়ার গুহাচিত্রগুলো ইউরোপের বিখ্যাত ছবিগুলোর চেয়ে হাজার হাজার বছরের পুরোনো। এমনকি সেখানে পাওয়া একটি হাতের ছাপকেই এখন পর্যন্ত জানা বিশ্বের সবচেয়ে পুরোনো গুহাচিত্র বলে ধরা হয়।
ধারণা করা হয়, গুহার ভেতরে আরও পুরোনো অনেক ছবি হয়তো এখনো লুকিয়ে আছে। কিন্তু পাথর খসে পড়ায় সেগুলো চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই ছবিগুলো পুরোপুরি মুছে যাওয়ার আগেই সেগুলো খুঁজে বের করা আর বাঁচিয়ে রাখতে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন প্রত্নতাত্ত্বিকেরা।
বিশ্বের গভীরতম গুহা কোনটি৫০ হাজার বছরের পুরোনো শিল্প
ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির প্রত্নতাত্ত্বিক শিনাত্রিয়া আধিত্যতামা সেই প্রত্নতাত্ত্বিকদেরই একজন। তিনি জানিয়েছেন, তাঁরা এখনো এমন সব গুহাচিত্র বা শিলাচিত্র পাচ্ছেন, যা প্রাচীন মানুষের সংস্কৃতি ও শিল্পচর্চা নিয়ে আমাদের পুরোনো ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। অথচ সেসব শিল্পকর্ম ভালোভাবে নথিবদ্ধ করা বা বোঝার আগেই অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বাসরান বুরহান কয়েকটি গুরুত্বপূর্ণ শিলাচিত্র খোঁজার অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তাঁর তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার চতুর্থ বড় দ্বীপ সুলাওয়েসিতে পাঁচ শতাধিক জায়গায় এমন শিলাচিত্র রয়েছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনজন মানুষ আর একটি বুনো শূকর। এটিকে এখন পর্যন্ত জানা বিশ্বের প্রাচীনতম গল্প বলার মতো শিল্পকর্ম (ন্যারেটিভ আর্ট) বলে ধরা হয়, যার বয়স অন্তত ৫১ হাজার ২০০ বছর। এ ছাড়া সেখানে অন্তত ৪৫ হাজার ৫০০ বছর পুরোনো একটি স্থানীয় বুনো শূকরের ছবি এবং অন্তত ৪৩ হাজার ৯০০ বছর পুরোনো একটি শিকারের দৃশ্যও আছে।
আদিম এই শিল্পীরা কীভাবে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন, তা নিয়ে এখনো তর্কবিতর্ক আছে। একদল মনে করে, সুনামি বা সমুদ্রের স্রোতে ভেসে তাঁরা হয়তো দুর্ঘটনাবশত সুলাওয়েসিতে পৌঁছেছিলেন। কিন্তু আধিত্যতামার মতে, তাঁরা কোনো উদ্দেশ্য নিয়ে সচেতনভাবেই সেখানে গিয়েছিলেন। তাঁর কথায়, সে সময় সেখানে বেশ উন্নত ও জটিল সমাজব্যবস্থা গড়ে উঠেছিল। এর প্রমাণ হিসেবে তিনি গুহাচিত্রগুলোর কথাই বলেন। কারণ, কেবল বেঁচে থাকার তাগিদের বাইরে গিয়ে মানুষ যখন শিল্প তৈরি করে, তখন বোঝা যায়, তাদের জীবনযাত্রা ও ভাবনার জগৎ বেশ সমৃদ্ধ ছিল।
আগে বিজ্ঞানীরা শিলাচিত্রের বয়স বের করতে তার ওপর জমে থাকা খনিজের স্তর পরীক্ষা করতেন। ছবির একদম গায়ে লেগে থাকা স্তর থেকে ছবির সবচেয়ে কম বা ন্যূনতম বয়স কত হতে পারে, তা হিসাব করা হতো। গবেষকেরা ছুরি বা যন্ত্র দিয়ে সেই খনিজ স্তর চেঁছে নিতেন, কিন্তু তখন পুরোনো ও নতুন নানা স্তর একসঙ্গে মিশে যেত। ফলে হিসাবের সময় বিভিন্ন স্তরের গড় বয়স বের হতো, আর ছবির আসল বয়সের চেয়ে সেটিকে অনেক কম পুরোনো মনে হতো। ২০২১ সালে এ সমস্যা দূর করার একটি উপায় আসে। অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির গবেষক রেনো জোয়ানেস-বোয়াউর নেতৃত্বে একটি দল লেজার প্রযুক্তির নতুন কৌশল বের করে। এর সাহায্যে আলাদা করে সবচেয়ে পুরোনো স্তরটি শনাক্ত করা যায়, ফলে শিলাচিত্রের ন্যূনতম বয়স অনেক বেশি নির্ভুলভাবে জানা সম্ভব হয়।
বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার জালের খোঁজ পাওয়া গেছেইন্দোনেশিয়ার লিয়াং মেটান্ডুনো গুহায় আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে পুরোনো গুহাচিত্র৬৭ হাজার বছরের পুরোনো হাতের ছাপ
নতুন লেজার পদ্ধতিতে ২০২৬ সালের জানুয়ারিতে জোয়ানেস-বোয়াউয়ের দল জানায়, সুলাওয়েসির মুনা দ্বীপে পাওয়া একটি হাতের ছাপের বয়স অন্তত ৬৭ হাজার ৮০০ বছর। যাচাই করতে তাঁদের পরীক্ষাটি কয়েকবার চালাতে হয়েছিল।
এই অসম্পূর্ণ হাতের ছাপই এখন পর্যন্ত জানা বিশ্বের সবচেয়ে পুরোনো শিলাচিত্র, যা স্পেনের নিয়ানডারথালদের ৬৪ হাজার ৮০০ বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ইউরোপের কিছু প্রত্নতাত্ত্বিক সংশয় প্রকাশ করলেও স্পষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে জোয়ানেস-বোয়াউ জানান, এটি মানব বিবর্তনকে নতুনভাবে দেখতে বাধ্য করে।
এ প্রাচীন শিল্পকর্ম সেকালের মানুষের জীবনযাত্রার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত আদিম মানুষের চলাচলের পথ বুঝতেও সাহায্য করে। ঘোষণার পর সরকার মুনা দ্বীপের গুহাটি বাঁচাতে ও জাতীয়ভাবে সংরক্ষিত স্থান করতে উদ্যোগ নেয়।
দ্রুত ক্ষয়ে যাওয়া গুহা ও সংরক্ষণের চ্যালেঞ্জ
২০২৫ সালে ইন্দোনেশিয়া দক্ষিণ সুলাওয়েসির মারোস-পাংকেপ চুনাপাথর এলাকাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য করার প্রস্তাব দেয়। সেখানে শত শত গুহার অনেকটিতে শিলাচিত্র রয়েছে, কিন্তু আধিত্যতামার মতে, কিছু গুহায় ক্ষয় খুব দ্রুত ঘটছে। পাঁচ মাসের কম সময়ে হাতের তালুর সমান পাথর খসে পড়ার প্রমাণ মিলেছে।
ক্ষয় ঠেকাতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বড় পদক্ষেপ দরকার। গুহার তাপমাত্রা, আর্দ্রতা, ক্ষুদ্র জলবায়ু ও লবণের সক্রিয়তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি, পাশাপাশি কৃষি ও পানি ব্যবস্থাপনার প্রভাবও খতিয়ে দেখতে হবে।
তবে আধিত্যতামা সতর্ক করেন যে বৈশ্বিক তাপমাত্রা ও বৃষ্টির পরিবর্তনে জলবায়ু পরিবর্তনের চাপ থেকেই যাবে। তাই জোয়ানেস-বোয়াউয়ের মতে, ক্ষয় কমানোর চেষ্টার পাশাপাশি ছবিগুলো ভালোভাবে নথিবদ্ধ করে রাখা জরুরি।
সূত্র: অ্যালুমিনিয়াম ও সিএনএন
মহাকাশচারীদের আশ্রয় হতে পারে চাঁদে খুঁজে পাওয়া নতুন গুহা১০ লাখ বছরের পুরোনো এল মোয়া এগশেল গুহা থেকে কী জানা গেল

Source - www.kishoralo.com ↗