Bangladesh · 2026-11-27 09:00:00

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা
মঙ্গল গ্রহে আটকে পড়েছেন এক নভোচারী। নাম মার্ক ওয়াটনি। সেখান থেকে ফেরার কোনো উপায় নেই। বাধ্য হয়ে মঙ্গল গ্রহে আলু চাষ শুরু করলেন। আলু বড় হলো, সেই আলু খেয়ে তাঁর জীবন বাঁচল। যারা এখনো দ্য মার্শিয়ান মুভি দেখেননি, তাঁদের কাছে মার্ক ওয়াটনি নামটি নতুন মনে হতে পারে। ভাবতে পারেন, মানুষ আবার কবে মঙ্গলে গেল!
আসলে এটা মুভির কাহিনি। মহাকাশ নিয়ে কোনো খবরে ভিনগ্রহের মাটিতে চাষাবাদের প্রসঙ্গ এলেই এই উদাহরণটা যেন বড্ড একঘেয়ে হয়ে গেছে। তবুও, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক আবিষ্কারের পর সেই দৃশ্যটা আবারও চোখের সামনে ভেসে উঠছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, চাঁদের মাটির কৃত্রিম নমুনার সঙ্গে সামান্য জৈব সার মেশালে সেখানে দিব্যি আলু ফলানো সম্ভব। শুধু তা-ই নয়, চাঁদের মাটিতে জন্মানো সেই আলু পৃথিবীর আলুর মতোই পুষ্টিকর এবং খাওয়ার জন্য পুরোপুরি নিরাপদ!
চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসাযুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, চাঁদের মাটির কৃত্রিম নমুনার সঙ্গে সামান্য জৈব সার মেশালে সেখানে দিব্যি আলু ফলানো সম্ভব।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস প্রোগ্রামের আওতায় মানুষকে আবার চাঁদে পাঠাবে। এবারের লক্ষ্য সেখানে স্থায়ীভাবে ঘাঁটি গাড়া। চাঁদের দক্ষিণ মেরুর এইটকেন বেসিন অঞ্চলে নাসা একটি স্থায়ী বেস তৈরির পরিকল্পনা করছে, যাতে প্রতি বছর নিয়মিত মিশন চালানো যায়। চীন এবং রাশিয়াও এই দশকের শেষ নাগাদ একই অঞ্চলে তাদের ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন গড়ার ছক কষছে।
কিন্তু পৃথিবী থেকে এত দূরে গিয়ে দিনের পর দিন টিকে থাকতে হলে খাবার আসবে কোথা থেকে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তো কয়েক ঘণ্টার নোটিশেই রকেটে করে খাবার পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু চাঁদে কোনো কিছু পাঠাতে অন্তত তিন দিন সময় লাগে, আর খরচটাও আকাশছোঁয়া। তাই চাঁদে টিকে থাকতে হলে ‘ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন’ বা স্থানীয় সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। মানে, চাঁদের ধুলোবালি দিয়েই থ্রি-ডি প্রিন্টিং করে বানাতে হবে ঘরবাড়ি, আর সেই মাটিতেই ফলাতে হবে নিজেদের খাবার।
চাঁদের মাটিতে বাড়তে পারে উদ্ভিদচাঁদে কোনো কিছু পাঠাতে অন্তত তিন দিন সময় লাগে, আর খরচটাও আকাশছোঁয়া। তাই চাঁদে টিকে থাকতে হলে ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন বা স্থানীয় সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই।চাঁদের মাটিতে কেন আলুই সেরা খাবার
মহাকাশ স্টেশনে এখন মাটি ছাড়াই হাইড্রোপনিক্স পদ্ধতিতে শাকসবজি ফলানো হয়। কিন্তু চাঁদের বিশাল ঘাঁটিতে সবার পেট ভরাতে হলে সরাসরি চাঁদের মাটি ব্যবহার করা জরুরি। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইমেরিক গোয়েরের নেতৃত্বে একদল গবেষক নাসার জনসন স্পেস সেন্টারের সহায়তায় চাঁদের মাটির কৃত্রিম নমুনা নিয়ে মাঠে নামেন। তারা এই মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মেশান। ফলাফল দেখে বিজ্ঞানীরাও অবাক! যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম আলু উৎপাদনকারী অঙ্গরাজ্য ওরেগনের কৃষকরা মাঠে যে মানের আলু ফলান, ল্যাবরেটরিতে চাঁদের নকল মাটিতে ঠিক একই মানের স্বাস্থ্যকর আলু ফলেছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, দুনিয়ায় এত ফসল থাকতে বিজ্ঞানীরা আলুর পেছনেই কেন পড়লেন? প্রথমত, বাঙালির প্রিয় এই সবজিটি বর্গমিটার প্রতি অন্য যেকোনো ফসলের চেয়ে বেশি ক্যালরি উৎপাদন করে। খোসাসহ মাঝারি আকারের একটি ১৪৮ গ্রামের আলু থেকে প্রায় ১১০ ক্যালরি, ২৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ গ্রাম প্রোটিন এবং ২ গ্রাম ফাইবার পাওয়া যায়। এর সঙ্গে ফ্যাট, গ্লুটেন বা কোলেস্টেরলের কোনো বালাই নেই। দীর্ঘ মহাকাশ মিশনে নভোচারীদের পেট ভরানোর জন্য এর চেয়ে আদর্শ খাবার আর কী হতে পারে!
চাঁদের ভবিষ্যৎযুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম আলু উৎপাদনকারী অঙ্গরাজ্য ওরেগনের কৃষকরা মাঠে যে মানের আলু ফলান, ল্যাবরেটরিতে চাঁদের নকল মাটিতে ঠিক একই মানের স্বাস্থ্যকর আলু ফলেছে।চাঁদের সব জায়গার মাটি কিন্তু এক রকম নয়। তাই গবেষকরা চাঁদের সমতল এবং উঁচু পার্বত্য অঞ্চলের পাঁচ ধরনের নকল মাটি ব্যবহার করেন। তুলনা করার জন্য বিশ্বের সর্বোচ্চ আলু উৎপাদনকারী অঞ্চল ওরেগনের হার্মিস্টনের মাটিও রাখা হয়েছিল।
পরীক্ষায় দেখা গেল, যে নমুনায় ৩০ শতাংশ কেঁচো সার মেশানো হয়েছিল, সেখানে আলু গাছগুলো পৃথিবীর মাটির মতোই লকলকিয়ে বেড়ে উঠেছে। অন্যদিকে, কোনো সার ছাড়া শুধু চাঁদের মাটিতে লাগানো গাছগুলো অপুষ্টিতে ভুগেছে এবং তাদের শিকড়ও ঠিকমতো গজায়নি। আর ৫ থেকে ১৫ শতাংশ সার মেশানো মাটিতে গাছগুলো বেড়েছে আংশিকভাবে। অধ্যাপক গোয়েরের মতে, জৈব সার পেলে আলু চাঁদের মাটিতে তার পুরো জীবনচক্র নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে।
চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলোগবেষক দলের পোস্টডক্টরাল গবেষক ডেভিড হ্যান্ডি জানান, মাটির সঙ্গে মেশানো ওই জৈব সার চাঁদের মাটির ভারী ধাতুগুলোকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে।চাঁদের আলু খেলে কি পেট খারাপ হবে
চাঁদের মাটির সবচেয়ে বড় সমস্যা হলো এর অতি সূক্ষ্ম ধূলিকণা এবং উচ্চমাত্রার ভারী ধাতু। গাছের জন্য যা বিষের সমান। তাই বিজ্ঞানীদের দুশ্চিন্তা ছিল, চাঁদের মাটিতে জন্মানো আলুতে হয়তো প্রাকৃতিক বিষ বা গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা বেড়ে যাবে। আলু সবুজ হয়ে গেলে সাধারণত এই বিষ তৈরি হয়। কিন্তু পরীক্ষা করে দেখা গেল, আলুর পুষ্টিগুণ একদম অটুট আছে এবং বিষাক্ত উপাদানের মাত্রা মোটেও বাড়েনি!
এর পেছনের রহস্যটি কী? গবেষক দলের পোস্টডক্টরাল গবেষক ডেভিড হ্যান্ডি জানান, মাটির সঙ্গে মেশানো ওই জৈব সার চাঁদের মাটির ভারী ধাতুগুলোকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। ফলে সেই ক্ষতিকর ধাতুগুলো আলুর শিকড়ের ক্ষতি করতে পারে না কিংবা আলুর ভেতরেও ঢুকতে পারে না। অর্থাৎ, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় ব্যাগে করে কিছু কেঁচো আর কম্পোস্ট সার নিয়ে গেলেই কেল্লাফতে! চাঁদের মাটির সঙ্গে সেগুলো মিশিয়ে তারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন উর্বর ফসলের ক্ষেত।
এনপিজি মাইক্রোগ্রাভিটি জার্নালে এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীরা এখানেই থেমে নেই; চাঁদের মাটিতে কোন জাতের আলু সবচেয়ে ভালো ফলে, তা খুঁজে বের করতে ১০টি আলাদা জাতের আলু নিয়ে তারা আরেকটি গবেষণা চালিয়েছেন। সেই ফলাফলও খুব শিগগিরই সামনে আসবে। হয়তো আগামী দশকে চাঁদের দক্ষিণ মেরুতে বসে নভোচারীরা ধোঁয়া ওঠা কফির সঙ্গে চাঁদের মাটিতে ফলানো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবেন!
লেখক: ফ্রন্টেন্ড ডেভলপার, সফটভেঞ্চ
সূত্র: ইউনিভার্স টুডে
চাঁদের গন্ধ রহস্য

Source - www.bigganchinta.com ↗