Bangladesh · 2026-11-27 10:31:21

প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা

প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের সময় জেলার সাম্প্রতিক হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম জানাবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনায় বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের ঢাকারোডসংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং দলটির রোকন ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

জামায়াতের রাজনীতি ও শাজাহান আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি ভিডিওতে শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাট থেকে চাঁদা আদায়ের অভিযোগ শুনেছেন। তবে জামায়াতে ইসলামী আদর্শ নিয়ে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, দলটি মিথ্যা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা মানুষকে ঠকানোর রাজনীতি করে না।

আমির হামজা আরও বলেন, জামায়াতকে হেয় করতে দীর্ঘদিন ধরে নানা ধরনের বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হচ্ছে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ব্যর্থ আখ্যা দিয়ে আমির হামজা বলেন, প্রশাসনের হাতে যেন কিছুই নেই। জনগণের করের টাকায় কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে এসব বিষয় জানাবেন বলেও উল্লেখ করেন।

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার কোনো জায়গাই এখন নিরাপদ নয়। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান কোনো কিছুই নিরাপদ থাকবে না।

সংবাদ সম্মেলনে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ সময় তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান শাজাহান আলী।

এদিকে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তার সফর ঘিরে কুষ্টিয়ায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন, সেগুলোকেও স্বাগত জানান তিনি।

তবে আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করে আমির হামজা বলেন, সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির চলার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ও বাস্তবতার মধ্যে মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

Source - www.bd24live.com ↗