Bangladesh · 2026-11-27 12:04:08

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ, ডিলার পলাতক

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ, ডিলার পলাতক
হবিগঞ্জ শহরে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে এই চাল এবং পরিবহনে ব্যবহৃত তিনটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইজিবাইকের তিন চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাসের আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি ইজিবাইক থেকে ৫৮ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়; একই সঙ্গে যে তিনটি ইজিবাইকে চাল পাচার করা হচ্ছিল, সেগুলোর তিন চালককে আটক করা হয়।
আটক তিন চালক জিজ্ঞাসাবাদে জানান, দুর্লভপুর এলাকার সরকারি চালের ডিলার হালিম মিয়া এই চাল শহরের একটি গুদামে নিয়ে যেতে বলেছিলেন। অভিযানের খবর পেয়ে ডিলার হালিম মিয়া এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানায় পুলিশ। তাঁকে ধরার চেষ্টা চলছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘দুর্লভপুর এলাকার ডিলার হালিম মিয়া সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারের উদ্দেশ্যে শহরে নিয়ে আসার চেষ্টা করছিলেন। গোপন সংবাদ পেয়ে আমাদের একটি দল তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে ইজিবাইকভর্তি চালসহ তিন চালককে আটক করেছে।’
ওসি জানান, আটক তিন চালক এবং পলাতক ডিলার হালিম মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সরকারি চাল চুরির এই সিন্ডিকেটের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Source - www.prothomalo.com ↗